রবিবার নিউইয়র্ক সিটি ম্যারাথন

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির পাঁচ বরো ছুঁয়ে এ বছরের ম্যারাথন পঞ্চাশতম। অর্থাৎ ম্যারাথনের সুবর্ণজয়ন্তী। রবিবার ১ নভেম্বর ২৬.২ মাইল দীর্ঘ এই ম্যারাথনে প্রায় ৬০,০০০ নারী—পুরুষ, প্রৌঢ়, হুইলচেয়ারসহ বিভিন্ন বয়সের মানুষ যোগ দেবেন। এর মধ্যে থাকবে পেশাদার দৌড়বিদও। নিউইয়র্ক রোড রানার্স এসোসিয়েশন আয়োজিত টিসিএস (স্পন্সরকারী প্রতিষ্ঠান) নামধারী ম্যারাথন শুরু হবে সকাল আটটায়।

ভেরাজানো—ন্যারোস ব্রিজের অপরদিকে স্ট্যাটেন আইল্যান্ডের ওয়াডসওয়ার্থ থেকে ম্যারাথনের দৌড় শুরু হবে। তারপর ব্রিজ পার হয়ে ব্রুকলিন থেকে পুলাসকি ব্রিজ অতিক্রম করে কুইন্স বরো ব্রিজ হয়ে ম্যানহ্যাটান যাবে। ম্যানহ্যাটানের ফাস্টর্ এভেন্যু ধরে উইলিস ব্রিজ দিয়ে ব্রংক্স ছুঁয়ে আবার ম্যানহ্যাটানে এসে সেন্ট্রাল পার্কে ট্যাভার্ন অন দ্য গ্রিনের কাছে ফিনিশ লাইনে গিয়ে শেষ হবে।

এবারের ম্যারাথনে গত বছরের চ্যাম্পিয়ন কেনিয়ার বেনসন কিপরুটো, মহিলা চ্যাম্পিয়ন কেনিয়ার হেলেন অবিরি যোগ দেবেন। এ বছরের ম্যারাথনও সরাসরি সম্প্রচার করবে এবিসি সেভেন। এছাড়াও স্পোর্টস চ্যানেল ইএসপিএন ও ইএসপিএন—২ সরাসরি সম্প্রচার করবে।

ম্যারাথন উপলক্ষে ভেরাজানো—ন্যারোস ব্রিজ অ—জরুরী গাড়ির জন্য রবিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে আপার লেভেলে যাওয়া ও আসা দুই ডিরেকশনেই গাড়ি চলাচল বন্ধ থাকবে শনিবার রাত ১১টা থেকে। এছাড়াও যেসব পথ দিয়ে ম্যারাথনাররা দৌড়াবেন পাঁচ বরোর সেই পথগুলোতেও গাড়ি চলাচল বন্ধ থাকবে।

Related Posts