স্তন ক্যান্সার সচেতনা মাসে || থিংক পিংক আয়োজন

নজরুল কবীরঃ ‘পিংক অক্টোবর’ যা আন্তর্জাতিকভাবে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে স্বীকৃত। এ উপলক্ষে গত ২৪ অক্টোবর, সন্ধ্যায় শুরু হয় স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন ‘থিংক পিংক’ শিরোনামে অনুষ্ঠান এবং অন্যপাশে সকাল ১১টা থেকে ছিল বুটিক বন্ধু মেলা। অনুষ্ঠানটি আয়োজন করে বুটিক বন্ধুমেলার নুসরাত এলিন, জ্যামাইকার কুইন্স এডাল্ট ডেকেয়ার সেন্টারে। 

গোলাপি রং একটি সচেতনতার প্রতীক। এই অনুষ্ঠানটিতে উঠে আসে তিনজন ক্যান্সার জয়ী নারীর দীর্ঘ লড়াইয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতার কঠিনতম গল্প। তাঁরা প্রাথমিক অবস্থায় নিজের কাছে অস্বাভাবিকতা ধরা পড়া থেকে পরীক্ষার নির্ণায়ক পদ্ধতি সমূহ ও চিকিৎসা চলাকালীন নানা অভিজ্ঞতা ও উপলব্ধির কথা বর্ণনা করেন। ভিন্ন ভিন্ন পর্বে তিনজন চিকিৎসকের উপস্থিতিতে সঞ্চালক ও দর্শকদের প্রশ্নউত্তর পর্যায়ে এক বেদনা বিধুর অনুভূতি ও আশার আলো সঞ্চারিত হয়।

স্তন ক্যান্সার বিষয়ে উপসংহারে জানা যায়, ক্যান্সারটি প্রাথমিক অবস্থায় নির্ণীত হলে এর বহুবিধ সফল চিকিৎসা সম্ভব। কিন্তু বাংলাদেশী কমিউনিটির নারীদের নিয়মিত পরীক্ষার অবহেলায় যাতে রোগটি জটিল হয়ে না ওঠে এ বিষয়ে সচেতন হওয়া জরুরি। সচেতনতার বার্তা যেন উপস্থিত অতিথি ছাড়াও দূরে থাকা মানুষদের মধ্যেও ছড়িয়ে দেয়া যায় সেজন্য পুরো আলোচনা ফেইসবুক লাইভ সম্প্রচার করা হয়।

আলোচনার এক পর্যায়ে ক্যান্সার জয়ীতা তাহমিনা রহমান লাইজু একটি লালন গীতি, ভাস্বতী দে বহ্নি আমরা করব জয় গানটি ও ডাঃ পুষ্পিতা রায় কবি শুভ দাশগুপ্তের ‘আমিই সেই মেয়ে’ কবিতাটি আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া সাংস্কৃতিক পর্বে গান করেন শম্পা রহমান ও তাহমিনা শহীদ এবং মানুষ মানবতা বিষয়ক রাজীব ভট্টাচার্যের কয়েকটি সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক পর্ব । বুটিক মেলা চলে রাত ১১টা পর্যন্ত। 

তিনজন ক্যান্সার জয়ীতা হলেন ভাস্বতী দে বহ্নি, তাহমিনা রহমান লাইজু ও হিমি হাবীব। স্তন ক্যান্সার বিষয়ে সাধারণভাবে নিয়মিত পরীক্ষা, ক্যান্সার  আলোচনায় তিনজন চিকিৎসক ছিলেন ডাঃ জিয়াউর রহমান, ডাঃ পুষ্পিতা রায় ও ডাঃ প্রতাপ দাস। উপস্থাপনায় ছিলেন নাট্যশিল্পী শিরীন বকুল, ইংরেজিতে পিংক অক্টোবর বিষয়ক ভূমিকা ও এর উদ্দেশ্য পাঠ করে শোনায় নতুন প্রজন্মের মেয়ে বৃন্তী দে। গ্রন্থনা, শিল্প নির্দেশনা ও সঞ্চালনা করেন নজরুল কবীর। সমগ্র আয়োজনের উদ্যোক্তা ও সমন্বয়ক ছিলেন নুসরাত জাহান এলিন। যৌথভাবে আয়োজক ছিল ইন্টারলিঙ্ক নেট ও বুটিক বন্ধু।

Related Posts