অভিষেক—সূর্যবংশীর ব্যাটে ওলটপালট রেকর্ড বই
স্পোর্টস প্রতিবেদনঃ অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর বিধ্বংসী উদ্বোধনী জুটিতে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি—টোয়েন্টিতেও দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। মঙ্গলবার স্বাগতিকদের গড়া ১৯৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি ৪ উইকেট হারিয়ে কেবল ১৩.২ ওভারেই টপকে গেছে সফরকারীরা। ফলে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের এই সিরিজ নিজেদের করে নিয়েছে দলটি। তবে ম্যাচটির মূল আকর্ষণ ছিল ভারতের দুই তরুণ ওপেনারের রেকর্ড গড়ার মিছিল। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন তারা। অভিষেক ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে খেলেন ৩৮ বলে ১১৩ রানের ইনিংস। আর বৈভব করেন ১৯ বলে ৪৫ রান। তাদের তাণ্ডবে মাত্র ৭.১ ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ১৩৩ রান।
অভিষেক ও সূর্যবংশীর নৈপুণ্যে ভেঙেছে আন্তর্জাতিক টি—টোয়েন্টির ইতিহাসের পুরনো অনেক হিসাবনিকাশ। সেই উল্লেখযোগ্য রেকর্ডগুলো নিচে তুলে ধরা হলো:
১১৮: পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ওভারে ১১৮ রান তুলে আন্তর্জাতিক টি—টোয়েন্টির পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ভারত। ২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে ৫.৪ ওভারে রোমানিয়ার করা ১১৬ রানের কীর্তিকে টপকে গেছে তারা।
৭.৪ ওভার: দ্রুততম ১৫০ রানের নজির
স্বীকৃত টি—টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দলগতভাবে দ্রুততম ১৫০ রান ছোঁয়ার রেকর্ড গড়েছে ভারত— ৭.৪ ওভারে। ২০২৪ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের ৮.২ ওভারে দেড়শ রান স্পর্শ করার নজিরটি ছিল আগের সেরা।
২.২ ওভার: দলগত দ্রুততম ফিফটি
আন্তর্জাতিক টি—টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম দলগত ৫০ রানের (২.২ ওভারে) রেকর্ড ছুঁয়েছে ভারত। এই তালিকায় আরও আছে পাপুয়া নিউগিনি (২০১৯ সালে ভানুয়াতুর বিপক্ষে) ও রোমানিয়া (২০২১ সালে সার্বিয়ার বিপক্ষে)।
২৬ রান: ইনিংসের প্রথম ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় প্রথম ওভারেই ২৬ রান তোলে ভারত। টেস্ট খেলুড়ে বা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি—টোয়েন্টিতে এটিই প্রথম ওভারে সর্বোচ্চ রান সংগ্রহের নজির। এতদিন রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার (২৪ রান, ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।
১১টি সেঞ্চুরি: টি—টোয়েন্টিতে ভারতের সেরা অভিষেক
১১৩ রানের খুনে ইনিংসটি দিয়ে স্বীকৃত টি—টোয়েন্টি ক্যারিয়ারে ১১তম শতক পূর্ণ করেন অভিষেক। ফলে বিরাট কোহলিকে (১০টি সেঞ্চুরি) টপকে এই ফরম্যাটে ভারতের খেলোয়াড়দের মধ্যে শীর্ষে উঠে এসেছেন তিনি। বিশ্ব পরিসরে বিবেচনা করলে, ২২টি সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও ১৩টি সেঞ্চুরি করা পাকিস্তানের বাবর আজমের পরই তার অবস্থান।
আন্তর্জাতিক টি—টোয়েন্টিতে অভিষেকের চারটি সেঞ্চুরি
১১টি টি—টোয়েন্টি সেঞ্চুরির মধ্যে চারটিই আন্তর্জাতিক মঞ্চে হাঁকিয়েছেন অভিষেক। রোহিত শর্মা (পাঁচটি) ও সূর্যকুমার যাদবের (চারটি) পর ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।
৪০ বলের কমে আন্তর্জাতিক টি—টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি অভিষেকের
অভিষেকের চারটি আন্তর্জাতিক টি—টোয়েন্টি সেঞ্চুরির তিনটিই এসেছে ৪০ বলের কমে। বিশ্বের অন্য কোনো ব্যাটারের এমন একাধিক শতকের কোনো নজির নেই। সব ধরনের টি—টোয়েন্টি মিলিয়ে ৪০ বলের নিচে পঞ্চম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি, এটিও বিশ্বরেকর্ড।
আন্তর্জাতিক টি—টোয়েন্টিতে অভিষেকের বিস্ফোরক নয়টি ফিফটি
আন্তর্জাতিক টি—টোয়েন্টিতে ২০ বা তার কম বলে মোট নয়টি ফিফটির নজির গড়েছেন অভিষেক। আর কোনো ব্যাটার এখনও পর্যন্ত ২০ বা তার কম বলে পাঁচটি ফিফটিও করতে পারেননি।
১৩.২ ওভার: ১৯০—এর চেয়ে বেশি রান তাড়ায় দ্রুততম জয়
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৯ রানের বড় লক্ষ্য তাড়া করে মাত্র ১৩.২ ওভারেই ম্যাচ শেষ করে ভারত। আন্তর্জাতিক টি—টোয়েন্টির ইতিহাসে ১৯০—এর বেশি রানের লক্ষ্য তাড়া করে দ্রুততম জয়ের তালিকায় এটি দ্বিতীয় স্থানে। ২০২৪ সালে সাইপ্রাসের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ১৩ ওভারে সফলভাবে তাড়া করে শীর্ষে অবস্থান করছে এস্তোনিয়া।
