এশিয়ান আর্চারিতে তৃতীয় স্বর্ণ জিতল বাংলাদেশ

স্পোর্টস প্রতিবেদনঃ ইরাকে চলমান এশিয়ান আর্চারিতে তৃতীয় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। গতকাল কম্পাউন্ড নারী এককে স্বর্ণ জিতে নেন বন্যা আক্তার। ইরাকের সোলাইমানিয়াতে গতকাল কাজাখস্তানের বারলেভা মিলানার বিপক্ষে ১৪৫—১৪৩ স্কোরে জিতেছেন তিনি। প্রথম সেট ২৮—২৮ পয়েন্টের সমতায় শেষের পর দ্বিতীয় সেটে ২৯—২৮ পয়েন্টে জয় পান বন্যা। পরের দুই সেটও শেষ হয় ২৯—২৯, ২৯—২৯ সমতায়। সব মিলিয়ে ১১৫—১১৪ ব্যবধানে এগিয়ে থেকে স্বর্ণ জিতে নেন তিনি। রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানকে ৬—২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। এদিন মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে কাজাখস্তানকে ৬—০ সেট পয়েন্টে উড়িয়ে ব্রোঞ্জ পান শ্যামলী রায়, সীমা আক্তার সিমু ও সাইমাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। আগের দিন কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০—২২০ স্কোরে হারিয়ে প্রথম স্বর্ণ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।

রিকার্ভ নারী এককের ফাইনালে ইরানের ফাল্লাহ মোবিনার বিপক্ষে ৬—২ সেট পয়েন্টে হেরে রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশের সাইমা সালাহ উদ্দিন। তিনটি করে স্বর্ণ ও রৌপ্য পদক এবং চারটি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতে এ প্রতিযোগিতা শেষ করেছে বাংলাদেশ।

Related Posts