ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে || ২০ মিনিটে ৬৩০ কোটি ডলার উধাও

বাঙালী প্রতিবেদনঃ শুক্রবার সকালে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, এসোসিয়েটেড প্রেস, রয়টার্স একযোগে জানালো, এই সময়ের ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে হ্যাকাররা ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে। এই বিপুল অর্থ সবই ক্রিপ্টোকারেন্সির গ্রাহকদের। খবরে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটা বৃহত্তর চুরি। ক্রিপ্টোকারেন্সিসহ অন্য ডিজিটাল এসেটস কোম্পানি জানায়, এই ঘটনার পরপরই প্রায় ৩ বিলিয়ন ডলার ফ্রোজেন করা হয়েছে। রয়টার্স বলছে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা বলে দাবি করেছেন বিশ্লেষকেরা। এ ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করা হচ্ছে। চুরির খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে বিটকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দাম কমে গেছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর গভীর রাতে মাত্র ২০ মিনিটের মধ্যে চুরির বড় অংশ সম্পন্ন হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইনঅ্যানালাইসিস। প্রতিষ্ঠান দুটির দাবি, হামলার ধরন উত্তর কোরিয়ার আগের সাইবার হামলাগুলোর সঙ্গে মিলে যায়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাইন্যান্স জানিয়েছে, গ্রাহকদের অর্থ নিরাপদ রয়েছে। চুরি হওয়া অর্থের পুরো ক্ষতি প্রতিষ্ঠানটি বহন করবে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে অর্থ উত্তোলন বন্ধ রাখা হয়েছে। আগামী ৪৫ ঘণ্টার মধ্যে এ সেবা চালু করার আশা করছে তারা।

এখন পর্যন্ত প্রায় ৩০০ কোটি ডলারের চুরি হওয়া সম্পদ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার প্রায় ১৫৭ কোটি ডলার এবং সার্কেল ৮০ কোটি ডলারের বেশি সম্পদ জব্দ করেছে। ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল ও ক্রিপ্টো প্রতিষ্ঠান রিপলও অর্থ জব্দ করেছে।

বাইন্যান্সের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক করার মাধ্যমে হামলার সূত্রপাত হয়। ওই কম্পিউটার ব্যবহার করে হ্যাকাররা বাইন্যান্সের একটি সিস্টেমে প্রবেশ করে অননুমোদিতভাবে অর্থ সরিয়ে নেয়।

বাইন্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেং বলেছেন, গ্রাহকদের অর্থ নিরাপদ এবং সব ধরনের ক্ষতি প্রতিষ্ঠান বহন করবে। তবে হামলার জন্য এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি বাইন্যান্স।

এদিকে এ ঘটনার প্রভাব পড়েছে ক্রিপ্টোবাজারে। বিটকয়েনের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৭৬ হাজার ৩৬৮ ডলারে নেমে যায়। ইথারের দামও ৩ শতাংশের বেশি কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ২ হাজার ১৭৮ ডলারে পৌঁছায়। বাইন্যান্সের নিজস্ব টোকেন বিএনবির দাম ২৪ ঘণ্টায় ৫ শতাংশ কমে ৭০৯ ডলার ৭০ সেন্টে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা কেন্দ্রীয়ভাবে পরিচালিত ক্রিপ্টো এক্সচেঞ্জে রাখা সম্পদের নিরাপত্তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াবে। হংকংভিত্তিক হ্যাশকি গ্রুপের গবেষক টিম সান বলেন, এ ধরনের ঘটনা বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ কমিয়ে দিতে পারে।

বাইন্যান্সের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির নিবন্ধিত ব্যবহারকারী ৩৩ কোটি ৫০ লাখ। তাদের হেফাজতে থাকা সম্পদের পরিমাণ প্রায় ১৬ হাজার ২৮০ কোটি ডলার। গতবছর প্রায় ১৫০টি সাইবার হামলায় ২৯০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল বলে জানিয়েছিল টিআরএম ল্যাবস।

Related Posts