নাভার উদ্যোগে আলোর উৎসব দিওয়ালি উদযাপন

বাঙালী প্রতিবেদনঃ নিউ আমেরিকান ভোটার্স এসোসিয়েশন সংক্ষেপে নাভা আলোর উৎসব দিওয়ালি উদযাপন করল গত সোমবার। ফ্লাশিংএর হিন্দু টেম্পলের কম্যুনিটি হলে এই উদযাপনে উপস্থিত থেকে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে আলোর উৎসবের উদ্বোধন করেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু, এসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন, কাউন্সিলসদস্য লিন্ডা লি, স্যান্ড্রা উং এবং বেশ কয়েকজন জুডিয়িাল প্রার্থী যারা ৩ নভেম্বরের নির্বাচনে ব্যালটে থাকছেন। তবে প্রদীপ প্রজ্জ্বলনের আগেই নির্বাচনী প্রচারণার কাজে চলে যান এসেম্বলিম্যান এডওয়ার্ড ব্রনস্টাইন।

শুরুতেই সকলকে স্বাগত জানালেন নাভার বিগত সভাপতি ড. দিলীপ নাথ। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন থায়ানি জেয়াকুমারান। সকলকে আরেক দফা স্বাগত জানালেন এক্সিকিউটিভ ডিরেক্টর তাইবা আহমাদ, হরি শুক্লা। ধীরাজ বাচু দিওয়ালির মর্মকথা শোনালেন আর বিবেকানন্দ স্টাডি ও ফিলানথ্রপিক সেন্টারের শিশুকিশোররা শান্তি সংগীত পরিবেশন করল। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের পর নাভার বোর্ড মেম্বারদের পরিচয় করিয়ে দেয়া হল।

বক্তব্য পর্বে সিনেটর জন সি. ল্যু বললেন, পৃথিবীব্যাপি কোটি কোটি মানুষ দিওয়ালি পালন করছে। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে দিওয়ালির জন্য ছুটি পালিত হওয়ার পিছনে নাভার বিরাট অবদান রয়েছে।

এসেম্বলিম্যান ডেভিড উইপ্রিন নাভার কাজে সন্তুষ্টি প্রকাশ করে নাভার সভাপতি দীপা নাথকে বিশেষ সম্মাননা সাইটেশন প্রদান করেন।

সিটি কাউন্সিল সদস্য স্যান্ড্রা উং বলেন, আমি ইমিগ্রান্ট। তাই ইমিগ্রান্টরা যখন নিজের সংস্কৃতিকে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে, আমার ভাল লাগে।

সিিটি কাউন্সিল সদস্য লিন্ডা লি বলেন, আমার প্রথম নির্বাচনের আগে থেকেই নাভার কর্মকান্ড দেখে আসছি। তাদের নির্বাচন কেন্দ্রিক কর্মসূচী অনেক প্রার্থীকে জয়ে সহায়তা করে।

নাভার দিওয়ালি উৎসবে দীপা নাথ ছাড়াও সম্মাননা জানানো হয় হেলথকেয়ার লিডার নাগাথিপান মহালিংগাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড. রাজন থাপালিয়া, চিকিৎসক ও ফিলানথ্রপিস্ট ড. রাজ ভায়ানি এবং বাংলাদেশ বেদান্ত সোসাইটিকে। বেদান্ত সোসাইটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন সভাপতি রিনা সাহা। এই সম্মাননা তুলে দেন সিনেটর ল্যু, এসেম্বলিম্যান উইপ্রিন ও নাভার প্রেসিডেন্ট দীপা নাথ।

দিওয়ালি উৎসবে গ্রুপ নৃত্য পরিবেশন করে রিমঝিম দাস, অনুসূয়া নাথ ও অনিন্দিতা ভট্টাচার্য। এছাড়াও নৃত্য পরিবেশন করে অক্ষত নাগাথিপান, অরুশি দাস ও দেবিকা শু্যপল্টন। তাদের সবাইকে এসেম্বলি ও স্টেটের সাইটেশন প্রদান করা হয়।

বিশেষ বক্তব্যে ড. দিলীপ নাথ সকল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, সকল অন্ধকারের বিরুদ্ধে আলোর, সকল অশুভের বিরুদ্ধে শুভ’র বাণী নিয়ে যে দিওয়ালি আসছে, তার আলো বিশ্বব্যাপি ছড়িয়ে দেয়ার আহবান জানান।

এসেম্বলিম্যান উইপ্রিন বলেন, আমাদের ধর্মেও হানুকাহ আলোর উৎসব হিসাবে পরিচিত। এই আলো সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।

সবশেষে সভাপতি দীপা নাথ এই আলোর উৎসবকে আলোকিত করতে যারা এই আয়োজনে সমবেত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসেন কংগ্রেসম্যান প্রার্থী এবং ্বর্তমান কংগ্রেসম্যান টম সোয়াজি।

Related Posts