আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৮২
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
প্রফেসর মাওদুদুর রহমান
বস্টনের সাফোক ইউনিভার্সিটির একাউন্টিংএর প্রফেসর ইমেরিটাস ড. মাওদুদুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম. এবং এম.কম. করে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্কুল অব বিজনেস থেকে এমবিএ করেন। এরপর বৃটেনের ম্যানচেস্টার ইউনিভার্সিটির ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে পিএইচ.ডি. করেন। প্রফেসর রহমান ২০১৩ সালে রিসার্চ পেপার্স, হিউম্যান রাইটস কনফ্লিক্ট প্রিভেনশন সেন্টারের এডিটোরিয়াল বোর্ডের সদস্য হন। এছাড়াও ২০১৪ সালে এন্টারপ্রেনারশিপ ও ইনোভেশনের ডিসটিংগুইশড ভিজিটিং প্রফেসর ছিলেন।
প্রফেসর অভিজিৎ বড়–য়া
ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব একাউন্টিংএর প্রফেসর এবং ডক্টরাল ডিরেক্টর ড. অভিজিৎ বড়–য়া। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিংএ বি.কম. এবং এম.কম. করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ব্যাটন রুজের স্টেট ইউনিভার্সিটি অব লুইজিয়ানা থেকে বিজনেস এডমিনিস্ট্রেশনে পিএইচ.ডি করেন। পিএইচ.ডি ডিসার্টেশন ছাড়াও ড. বড়–য়া যেসব বিষয়ে পড়ান তার কয়েকটি হলো একাউন্টিং ফর ডিসিশনস, একাউন্টিং ফর ম্যানেজার্স, একাউন্টিং ফর ইন্টার্নশিপ।
প্রফেসর নিয়াজ লতিফ
ইন্ডিয়ানার পারড্যু ইউনিভার্সিটি নর্থওয়েস্টের কলেজ অব টেকনোলজির প্রফেসর, ডিন ইমেরিটাস এবং কর্মাশিয়ালাইজেশন এন্ড রিসার্চের এসোসিয়েট ভাইস চ্যান্সেলর ড. নিয়াজ লতিফ। তিনি চিটাগাং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে মেকানিকেল ইঞ্জিনিয়ারিংএ বি.এসসি. করেন ১৯৭৭ সালে। ১৯৮৩ সালে সাউথ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংএ এম.এস. করেন। পুনরায় এম.এস. করেন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংএ। ১৯৮৮ সালে পিএইচ.ডি করেন একই বিষয়ে ইউনিভার্সিটি অব মিজৌরি কলাম্বিয়া থেকে।
