মেডিকেয়ার পার্ট ‘ডি’ থেকে সাবসিডি প্রত্যাহার || ড্রাগ প্রিমিয়াম বাড়ার আশংকা
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার সিনিয়র সিটিজেনদের মেডিকেয়ার ড্রাগ কভারেজ থেকে ট্রাম্প প্রশাসন তাদের দেয়া ভতুর্কি বা সাবসিডি প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিল। বুধবার এই খবরটি দিয়ে ওয়াশিংটন পোস্ট এবং এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে ২০২৭ সাল থেকে মেডিকেয়ার ড্রাগ কভারেজের প্রিমিয়াম বেড়ে যাবে। তবে প্রিমিয়াম কত বাড়বে তার ঘোষণা দেয়া হয়নি। কিংবা এই সাবসিডি প্রত্যাহারের কারণে প্রিমিয়াম বৃদ্ধিতে সকল মেডিকেয়ার বেনিফিশিয়ারিরা অন্তভুর্ক্ত হবে কিনা তাও বলা হয়নি।
উল্লেখ্য মেডিকেয়ার পার্ট ‘ডি’ ড্রাগ কভারেজে সরকার ২০২৬ সালে ৩.৬ বিলিয়ন ডলার দিয়েছে। এই কভারেজের সুবিধা পায় ২ কোটি ৫০ লক্ষ মানুষ।
হেলথ বিষয়ক এডভোকেসি গ্রুপ এই সাবসিডি প্রত্যাহারের খবরে উদ্বেগ প্রকাশ করে বলেছে, এর ফলে যে প্রিমিয়াম বৃদ্ধি পাবে, তা অনেকের জন্য বাড়তি বোঝা হবে।
ওয়াশিংটন পোস্ট বলছে, ইতিমধ্যেই এই সাবসিডি প্রত্যাহারের নোটিস হেলথ ইন্সু্যরেন্স কোম্পানিগুলো পেয়েছে। তারা এর প্রভাব মেডিকেয়ার বেনিফিট গ্রহণকারীদের ওপর কীভাবে এবং কতখানি পড়তে পারে তা খতিয়ে দেখছে। ইন্সু্যরেন্স কোম্পানিগুলো এই রেট বৃদ্ধির হার আগামী সেপ্টেম্বর মাসে ঘোষণা করবে বলে জানিয়েছে।
