৮ আগস্ট নিউইয়র্কে শর্টফিল্ম ফেস্টিভ্যাল
নিউইয়র্কঃ আগামী ৮ আগস্ট শনিবার কুইন্সের দুটি ভেন্যুতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী, বিশেষ সাংস্কৃতিক আয়োজন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জ্যামাইকার কুইন্স পাবলিক লাইব্রেরির (89-11 Merrick Blvd, Jamaica, NY 11432) অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। বিকেলে জ্যামাইকা সেন্টার ফর আর্টস লার্নিং জেক্যালে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেবল আমন্ত্রিত অতিথিদের জন্য।
অলাভজনক সংগঠন নিউইয়র্ক ফিল্ম ফাউন্ডেশন আয়োজিত এই উৎসবের প্রথম আসরে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিশ্বের ৩৮টি দেশ থেকে ২৮২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র জমা পড়েছে। বৈচিত্র্যময় গল্প, নতুন ভাবনা এবং ভিন্নধর্মী নির্মাণশৈলীর এসব চলচ্চিত্র উৎসবটিকে শুরুতেই আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে পাওয়া বিপুল সাড়া উৎসবের প্রতি আন্তর্জাতিক নির্মাতাদের আস্থা ও আগ্রহেরই প্রতিফলন।
এবারের আসরের প্রধান পার্টনার ডায়াসপোরা ইউএসএ। এ ছাড়া অন্যান্য পার্টনারের মধ্যে রয়েছে ফিল্মফ্রিওয়ে, কুইন্স পাবলিক লাইব্রেরি, অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (আসো)। স্পন্সর স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, ট্রুমেড ফার্মা, এবং বিএ এক্সপ্রেস।
উৎসবের চলচ্চিত্রগুলো মূল্যায়ন করেছে বিশ্বখ্যাত আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ও ফাইন আর্ট ফটোগ্রাফার লিয়ার লেভিনের নেতৃত্বে ১০ সদস্যের আন্তর্জাতিক জুরি বোর্ড। সৃজনশীলতা, গল্প বলার দক্ষতা, কারিগরি মান এবং চলচ্চিত্রের সামগ্রিক প্রভাবের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। গত ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে উৎসবের ফলাফল ঘোষণা করা হয়। এবার ১১টি বিভাগে একটি বিশেষ পুরস্কারসহ মোট ১২টি পুরস্কার প্রদান করা হয়েছে।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের মার্ক ই. ক্র্যান্ডাল পরিচালিত Banana Triangle Six। সেরা প্রামাণ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছে যুক্তরাষ্ট্রের সিলভেস্টার পি. লুকাসিয়েভিচ পরিচালিত Back to One - Return to Ground Zero।
এ ছাড়া ফ্রান্সের স্তেফান মার্টিনে পরিচালিত A BRUSHSTROKE (UN COUP DE PINCEAU) সেরা পরিচালক (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) এবং যুক্তরাষ্ট্রের মার্জ ক্লেইনম্যান পরিচালিত Stoop Chat with Aleathea & Ariam সেরা পরিচালক (প্রামাণ্যচিত্র) নির্বাচিত হয়েছে।
অন্যান্য বিজয়ীদের মধ্যে রয়েছে—ব্রাজিলের সান্তিয়াগো হোসে আসেফ পরিচালিত ও I Learned to Cry (সেরা চিত্রগ্রহণ), বাংলাদেশের রাহাতুদ জামান পরিচালিত Maybe, That’s Why… (সেরা সম্পাদনা), চীনের গুওজং লু পরিচালিত Spring in a Bottle (সেরা পরীক্ষামূলক চলচ্চিত্র), তুরস্কের জিন আতাশ পরিচালিত Nemesis (সেরা চিত্রনাট্য), ভারতের অরুণা আর্য গুপ্তা পরিচালিত One Rupee Sky (সেরা সামাজিক প্রভাববিষয়ক চলচ্চিত্র), যুক্তরাষ্ট্রের পলি রবিনোভিটজ পরিচালিত What Love’s Worth (সেরা শিক্ষার্থী নির্মিত চলচ্চিত্র) এবং অ্যাডাম বালজেভিচ পরিচালিত The Red Letter (সেরা অপেশাদার নির্মাতা)।
এবারের ফেস্টিভ্যাল স্পিরিট অ্যাওয়ার্ড পেয়েছে In Your Shoes চলচ্চিত্রটি, যা পরিচালনা করেছেন ঝেংদি লি ও খ্রিস্টিনা অরলেটস্কা।
উৎসবে বিজয়ীদের পাশাপাশি ফাইনালিস্ট, সেমিফাইনালিস্ট, কোয়ার্টারফাইনালিস্ট, মনোনীত এবং অফিসিয়াল সিলেকশনে স্থান পাওয়া নির্মাতাদেরও অভিনন্দন জানিয়েছে আয়োজকরা। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র জমা দিয়ে উৎসবকে সমৃদ্ধ করার জন্য সব নির্মাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
