২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের কথা নাকচ করলেন না ওকাসিও

বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার রাজনীতির মঞ্চ কাঁপানো তরুণী কুইন্স ব্রংক্স থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রশ্ন নাকচ করলেন না। বর্তমানে যে সম্ভাব্য চারজন ডেমোক্রেট প্রার্থিতার কথা ভাবছেন বলে ডেমোক্রেটিক নীতিনির্ধারকরা মনে করছেন, সম্প্রতি এক জরিপে, তাদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন এওসি। অন্য তিন সম্ভাব্য প্রার্থীর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজেজ, তৃতীয় এরিজোনার সিনেটর মার্ক কেলি এবং চতুর্থ অবস্থানে আছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম।

প্রকাশিত খবরে বলা হয়েছে, আলেকজাান্দ্রিয়া ওকাসিও যদি ২০২৮ সালে জয়ী হয় তাহলে কয়েকটি রেকর্ড হবে। যেমন তিনি হবেন প্রথম নারী প্রেসিডেন্ট, তিনি হবেন সবচেয়ে কনিষ্ঠ প্রেসিডেন্ট এবং প্রথম ডেমোক্রেটিক সোশালিস্ট প্রেসিডেন্ট। বর্তমানে তার বয়স ৩৬ বছর।

কলাম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবং সাবেক ডেমোক্রেটিক স্ট্রাটেজিস্ট বেসিল স্মিক্ল বলেন, আগামী নভেম্বরের মধ্যবতীর্ নির্বাচনের ওপর নির্ভর করবে ২০২৮ সালের নির্বাচনের ফলাফল। ডেমোক্রেটিক কনসালট্যান্ট ট্রিপ ইয়াং এওসি প্রশংসা করে বলেন, তিনি খুব দক্ষ ফান্ডরেইজার।

উল্লেখ্য, গত সপ্তাহে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ মিশিগান থেকে প্রার্থিতা দেয়া প্রগ্রেসিভ সিনেট ক্যান্ডিডেট আব্দুল এল. সাঈদের প্রচারণায় যোগ দিয়ে জানান, তিনি আব্দুলের বিজয় নিয়ে অত্যন্ত আশাবাদী। আব্দুল এন. সাঈদ নির্বাচিত হলে, তিনি হবেন ইউএস সিনেটে প্রথম কোনো মুসলিম সিনেটর।

Related Posts