নবযুগ সম্পাদক শাহাবউদ্দিন সাগর পেলেন প্রেসিডেন্সিয়াল সার্ভিস এওয়ার্ড
নিউইয়র্ক (ইউএনএ)ঃ যুক্তরাষ্ট্রে কমিউনিটি সেবায় অবদান রাখার জন্য প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার এওয়ার্ড পেয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক নবযুগ সম্পাদক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহাব উদ্দিন সাগর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল এওয়ার্ড প্রদানের ক্ষমতাপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন হ্যান্ডস অব হোপ কমিউনিটি আউটরিচ গত ২৫ জুলাই, রবিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তাঁর হাতে এই এওয়ার্ড তুলে দেন সংস্থার অন্যতম প্রধান চ্যাপ্লেন কিম থমাস।
‘ন্যাশনাল সার্ভিস অনার’ হলো স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি প্রদানের একটি কর্মসূচি, যা সাময়িকভাবে স্থগিত থাকা ‘প্রেসিডেন্টস ভলান্টিয়ার সার্ভিস অ্যাওয়ার্ড’ (পিভিএসএ)—এর বিকল্প হিসেবে চালু করা হয়েছে। ১২ মাস সময়কালে সম্পন্ন করা যাচাইকৃত সমাজসেবামূলক কাজের ভিত্তিতে এটি ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীকে সম্মাননা প্রদান করে।
শনিবার ব্রুকলীনের একটি চার্চের ব্যাঙ্কুয়েট হলে এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহাব উদ্দিন সাগর ছাড়াও আরো ১১ জনকে ন্যাশনাল সার্ভিস অনার এওয়ার্ড তুলে দেয়া হয়। এওয়ার্ড দেয়ার পাশাপাশি হস্তান্তর করা হয় ইউএস কংগ্রেসউইম্যান ইভেট ডি. ক্লার্কের প্রশংসাপত্র, নিউইয়র্ক স্টেট সিনেটর রেক্সোনি জে. পারসাডের প্রক্লেমেশন ও নিউইয়র্ক সিটি কাউন্সিলউয়োম্যান মার্সিডিস নার্সিসের সাইটেশন।
অনুষ্ঠান উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। ১২ জন এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে শাহাব উদ্দিন সাগরই একমাত্র বাংলাদেশী, যিনি এবার কমিউনিটি সার্ভিসের জন্য সম্মানজনক এই এওয়ার্ড পেলেন। এওয়ার্ড পাওয়ার পর বক্তব্যে সাংবাদিক শাহাব উদ্দিন সাগর বলেন, ‘হ্যান্ডস অব হোপ কমিউনিটি আউটরিচ’ এর ন্যাশনাল সার্ভিস অর্নার গোল্ড এওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি সত্যিই গর্বিত, সম্মানিত বোধ করছি। এই সম্মানের জন্য আমি আন্তরিকভাবে সংগঠন, পরিকল্পনা কমিটি এবং চ্যাপ্লেন কিম থমাসকে আন্তরিক ধন্যবাদ জানাই।
