বিজয়ের শেষ সিনেমায় রেকর্ড
নানা জটিলতা পেরিয়ে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়গন’। সিনেমাটি মুক্তির আগে থেকেই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। অগ্রিম টিকেট বিক্রিতে নজির সৃষ্টি করেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই বিজয়ের শেষ অভিনীত চলচ্চিত্র হওয়ায় ভক্তদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েকগুণ।
লাইফ সূত্রে জানা গেছে, এইচ বিনোথ পরিচালিত এবং কেভিএন প্রোডাকশনস প্রযোজিত ‘জন নয়গন’ প্রথমে চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা ছিল। তবে সেন্সর বোর্ডের আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। পরে সিনেমাটি ‘এ’ সনদ পেয়ে মুক্তির অনুমতি মেলে। বছরের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটিতে পরিণত হয়েছে ‘জন নয়গন’। বিজয়ের বিদায়ি সিনেমা বক্স অফিসে ঠিক কতটা ইতিহাস গড়ে, সেটিই এখন দেখার অপেক্ষা।
তামিল তারকা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের বিদায়ী ছবি ‘জন নায়াগন’ মুক্তির প্রথম সপ্তাহ শেষ করেছে বিশ্বব্যাপী ২৫৫ কোটি রুপির বেশি আয় নিয়ে। সপ্তাহের মাঝামাঝি সময়ে স্বাভাবিকভাবেই আয়ে কিছুটা ভাটা পড়লেও দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ছবিটি স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে।
শিল্প—সংশ্লিষ্ট ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে (বুধবার) ভারতে ছবিটি আনুমানিক ৬ কোটি ১০ লাখ রুপি আয় করেছে। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৫০ লাখ রুপি। একই সময়ে ভারতের গ্রস আয় ১৭৪ কোটি ৬৩ লাখ রুপিতে পৌঁছেছে। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ২৫৫ কোটি রুপি। সপ্তম দিনের আয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে তামিল সংস্করণ। এদিন তামিল ভাষায় ছবিটি আয় করেছে ৪ কোটি ৬০ লাখ রুপি। হিন্দি সংস্করণ থেকে এসেছে ১ কোটি রুপি এবং তেলেগু সংস্করণ থেকে ৫০ লাখ রুপি।
তবে ষষ্ঠ দিনের তুলনায় সপ্তম দিনে আয় কমেছে। মঙ্গলবার ছবিটি ভারতে ৮ কোটি রুপি নেট আয় করেছিল। সপ্তাহের মাঝামাঝি সময়ে দর্শকসংখ্যা কমে যাওয়ায় এই পতনকে স্বাভাবিক প্রবণতা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। বর্তমানে সারা ভারতে ১০ হাজার ৩৫৯টি শোতে চলছে ‘জন নায়াগন’। গত বুধবার তামিল সংস্করণের সামগ্রিক আসন দখলের হার ছিল ২০.৭৫ শতাংশ। এর মধ্যে সকালবেলার শোতে ১৬.৬২ শতাংশ, দুপুরে ১৯.২৩ শতাংশ, সন্ধ্যায় ২৪.৩৮ শতাংশ এবং রাতের শোতে ২২.৭৭ শতাংশ আসন পূর্ণ ছিল।
এই রাজনৈতিক অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন এইচ. ভিনোথ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণা। বিজয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসার, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি।
পূর্ণকালীন রাজনৈতিক জীবনে মনোযোগ দেওয়ার আগে এটিকেই বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে প্রচার করা হয়েছে। প্রথম সপ্তাহে ২৫৫ কোটির মাইলফলক স্পর্শ করার পর এখন দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটির আয় কতটা বাড়ে, সেদিকেই নজর বক্স অফিস বিশ্লেষকদের।
