নিউজার্সির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রা সম্পন্ন
সুব্রত চৌধুরীঃ আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের তীর্থযাত্রা সম্পন্ন হয়েছে। প্রবাসী হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা ২৭ জুলাই, সোমবার সকালে তীর্থযাত্রা উপলক্ষে পশ্চিম ভার্জিনিয়ার মার্শাল কাউন্টিতে অবস্থিত হিন্দুদের পবিত্র ধর্মীয় তীর্থস্থান ‘নতুন বৃন্দাবন’ এ গমন করেন।
পুণ্যার্থীদের বৈদিক মন্ত্র ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে তীর্থযাত্রার সূচনা হয়। যাত্রা পথে পুণ্যার্থীরা মালা জপ, হরিনাম সংকীর্তনসহ বৈদিক মন্ত্র ও পবিত্র গীতা থেকে পাঠ করেন। তীর্থযাত্রীদের সম্মিলিত কন্ঠে ধ্বনিত—প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’।
তীর্থযাত্রার আয়োজকদের সূত্রে জানা গেছে, তিন হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত প্রাকৃতিক রূপের লীলাভূমি, ধর্মীয় পীঠস্থান ‘নতুন বৃন্দাবন’ এ পুণ্যার্থীরা গিয়েছিলেন ‘অমৃতের সন্ধান’ পেতে।
পুণ্যার্থীরা মালা জপ, পূজার্চনা, কীর্তন, ভজন, হরিনাম সংকীর্তনের মাধ্যমে নতুন বৃন্দাবন পরিভ্রমণ, প্রসাদ গ্রহণসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন।
২৯ জুলাই, বুধবার পুণ্যার্থীরা নতুন বৃন্দাবন থেকে ফিরে আসেন। ওইদিন সকালে নতুন বৃন্দাবনের ব্রহ্মচারি শুভানন্দ দাশ তীর্থযাত্রীদের বিদায় জানান।
