তালে বোলে ছন্দে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে || ড. নীলা জেরিনের কত্থক নৃত্যসন্ধা

বাঙালী প্রতিবেদনঃ গত ৩১ অক্টোবর জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার থিয়েটারে প্রায় ৩০ জন শিল্পী নিয়ে দৃষ্টিনন্দন কুচিপুড়ি ও কত্থকের শিল্পিত আয়োজনের ১৫ দিন পর নীলা ড্যান্স একাডেমি একই মঞ্চে উপস্থাপন করল স্পন্দন ও কবিতা শিরোনামে লাইভ অর্কেস্ট্রার সুরে কত্থক নৃত্যের অনবদ্য পরিবেশনা। এতে ছিল ড. নীলা জেরিনের একক কত্থক নৃত্যের পরিবেশনা, ফটিক চৌধুরীর উত্তর ভারতীয় সেমি—ক্লাসিকেল ঠুমরি এবং রোহান মিশ্র ও মাইক লুকশিসের সারেঙ্গি ও তবলায় যুগলবন্দি।

শুরুতেই শূন্য মঞ্চে কেবল আলো পড়ে আছে। দর্শকের দৃষ্টিকোণ থেকে মঞ্চের বাম দিকে ফ্লোরে প্রথমে একজোড়া তবলা, মাঝখানে হারমোনিয়াম আর ডানে সারেঙ্গি। তবলা শিল্পী মাইক লুকশিস, সারেঙ্গি বাদক রোহান মিশ্র এবং কণ্ঠশিল্পী ফটিক চৌধুরী আসন গ্রহণ করলে সঞ্চালক শামা বাওয়া মঞ্চের ডানে রাখা রোস্ট্রামে দাঁড়িয়ে অনুষ্ঠান সম্বন্ধে সংক্ষেপে বলার পর ধারণা দিলেন কত্থক নাচ সম্পর্কে। নৃত্যশিল্পী ড. নীলা জেরিন সরস্বতী বন্দনা নিয়ে মঞ্চে প্রবেশ করে দেবী সরস্বতী যে শিল্প, জ্ঞান ও বুদ্ধিমত্তার প্রতীক তা যেমন নানা মুদ্রায় তুলে ধরেন তেমনই ব্রহ্মা, বিষ্ণু ও শিবের যে ডিভাইন শক্তি তার মধ্যে প্রতিবিম্বিত হয়েছে তাও নৃত্যবন্দনায় উঠে আসে।

এর পরের পরিবেশনা ছিল রূপক তালে কত্থক অর্থাৎ ৩+২+২ বা ৭ বিটের ছন্দময়তায় বৃত্তের মত ঘুরে ঘুরে আসা। তৃতীয় নাচটি ছিল রাগ শ্যাম কল্যাণে তারানা। এই নাচটি পরিবেশন করেন তিন তরুণী শামিনি শেত্যে, শীতল মাল্লাভারাপু ও বৈশালি জোসি। যাদের কণ্ঠসংগীতের সাথে তারানা পরিবেশন করেন তারা হলেন ফটিক চৌধুরী ও নীলা জেরিন। এরপর সংগীত গুরু ফটিক চৌধুরী উত্তর ভারতীয় সেমি—ক্লাসিকেল ঠুমরি পরিবেশন করেন। ঠুমরি শেষে ড. নীলা জেরিন মঞ্চে আসেন। এবার তিনি পরিবেশন করেন কত্থক ঠুমরি ‘ঝুলাতা রাধে’। বৃন্দাবনে বর্ষাকালে যে রাধা ও কৃষ্ণের প্রেমলীলা তারই একটি বিশেষ মুহূর্ত ‘ঝুলাতা রাধে’। নীলা জেরিন প্রায় ষাষ্টাঙ্গ উজাড় করে এই নৃত্যটির যে মর্মার্থ তা মুদ্রার মধ্য দিয়ে এবং অভিনয়ে প্রকাশ করেন।

এরপরের অংশটি তবলা ও সারেঙ্গির যুগলবন্দী। মাইক লুকশিস আর রোহান মিশ্র দুজনেই যেন সাওয়াল—জবাবের মল্লযুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু দুজনের অভিজ্ঞতা ও নৈপুণ্য দুজনকেই সমান—সমান পর্যায়ে রাখে। ফলে দর্শকরা মুহূমুর্হূ করতালি দিয়ে তাদের উৎসাহ যোগান। দীর্ঘক্ষণের স্যাম ও তিহাই অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় নিয়ে যায়।

এরপরের পর্বটি আবার ড. নীলা জেরিনের পরিবেশনয় রাগ মুলতানিতে তারানা। তবলার তালে ও বোলে রাগ মুলতানিকে আবেগ ও অনুভবে ক্লাইমেক্সে নিয়ে গিয়ে শেষ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ড. নীলা জেরিন তাঁর সমাপনী বক্তব্যে তার কত্থক গুরু শ্রীমতী প্রেরণা দেশপান্ডের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি এখন ভারতের পুনেতে, তবে তাঁর স্পিরিট ও অনুপ্রেরণা সবসময় আমার সাথে থাকে। তার প্রশিক্ষণ, গাইডেন্স ছাড়া আজ আমি এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। তিনি নিউইয়র্ক ফাউন্ডেশন ফর দ্য আর্টস এবং কুইন্স আর্ট ফান্ডকে এই অনুষ্ঠানের জন্য গ্রান্ট দেয়ায় ধন্যবাদ জানান। এছাড়াও নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কালচারাল এ্যাফেয়ার্স ও সিটি কাউন্সিল আংশিক আর্থিক সহায়তা দেয়ায় তাদেরও ধন্যবাদ জানান তিনি।

তিনি কত্থকের এই স্পন্দন ও কবিতা সন্ধ্যায় যারা নানাভাবে অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন তাদেরও ধন্যবাদ জানান।

Related Posts