৫০ রাজ্যের ৫০ ভালোবাসার গল্পঃ ওকলাহোমা হোয়্যার দ্য রেড ফার্ন গ্রোজঃ উইলসন রলস || আবদুল্লাহ জাহিদ

আমেরিকার ওকলাহোমা স্টেটের পাহাড়, নদী, অরণ্য আর গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত উইলসন রলসের বিখ্যাত উপন্যাস হোয়্যার দ্য রেড ফার্ন গ্রোজ মানুষ ও প্রাণীর গভীর ভালোবাসা, বন্ধুত্ব, আত্মত্যাগ এবং বিচ্ছেদের এক হৃদয়স্পর্শী আখ্যান। এটি মূলত এক কিশোর ও তার দুটি শিকারি কুকুরের গল্প। কিন্তু সেই সাধারণ কাহিনীর অন্তরালে লেখক তুলে ধরেছেন শৈশবের স্বপ্ন, দারিদে্র্যর সঙ্গে সংগ্রাম, প্রকৃতির নির্মমতা এবং ভালোবাসার চিরন্তন শক্তিকে। আমেরিকার শিশু—কিশোর সাহিত্যের অন্যতম জনপ্রিয় এই উপন্যাস বয়সের সীমা অতিক্রম করে সব প্রজন্মের পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিলি কোলম্যান। ওকলাহোমার উত্তর—পূর্বাঞ্চলের ওজার্ক পাহাড়ঘেরা গ্রামীণ পরিবেশে তার বেড়ে ওঠা। সময়টি বিংশ শতাব্দীর গোড়ার দিক। বিলির পরিবার দরিদ্র হলেও তাদের জীবনে রয়েছে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা। ছোটবেলা থেকেই বিলির প্রবল ইচ্ছা দুটি ভালো জাতের শিকারি কুকুরের মালিক হওয়ার। বিশেষ করে রেডবোন কুনহাউন্ড জাতের দুটি কুকুর পাওয়া তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হয়ে ওঠে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে বাবা—মায়ের পক্ষে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না।

বিলি তাই নিজের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজেই গ্রহণ করে। দীর্ঘ দুই বছর ধরে সে ছোটখাটো কাজ করে, মাছ ধরে, ফাঁদ পেতে প্রাণী শিকার করে এবং অল্প অল্প করে অর্থ সঞ্চয় করতে থাকে। অবশেষে পঞ্চাশ ডলার জমিয়ে সে দুটি কুকুরছানা কেনার ব্যবস্থা করে। কুকুর দুটি সংগ্রহ করতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাহলেকোয়া শহরে যেতে হয়। বাড়ি ফেরার পথে এক স্থানে গাছের গায়ে খোদাই করা ‘ড্যান’ ও ‘অ্যান’ নাম দেখে সে কুকুর দুটির নাম রাখে ওল্ড ড্যান এবং লিটল অ্যান।

এই দুটি কুকুরই ধীরে ধীরে বিলির জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ওল্ড ড্যান সাহসী, শক্তিশালী ও একরোখা স্বভাবের। অন্যদিকে লিটল অ্যান অপেক্ষাকৃত ছোট, বুদ্ধিমতি ও কৌশলী। তাদের স্বভাব আলাদা হলেও একে অপরের প্রতি ভালোবাসা ও নির্ভরতা অসাধারণ। বিলি তাদের র‌্যাকুন শিকারের প্রশিক্ষণ দিতে শুরু করে। দীর্ঘ অনুশীলন, ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তারা এক দক্ষ শিকারি দলে পরিণত হয়।

ওকলাহোমার অরণ্যে রাতের অন্ধকারে বিলি ও তার দুই কুকুরের অভিযান উপন্যাসটিকে রোমাঞ্চকর করে তুলেছে। কখনো নদীর স্রোত, কখনো দুর্গম পাহাড়, কখনো গভীর জঙ্গল তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু প্রতিটি বিপদে কুকুর দুটির সাহস, বিশ্বস্ততা এবং বিলির প্রতি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ পায়। একবার একটি বিশাল গাছে আশ্রয় নেওয়া র‌্যাকুন ধরার জন্য বিলি প্রতিজ্ঞা করে, প্রাণীটিকে না ধরা পর্যন্ত সে চেষ্টা ছাড়বে না। কয়েক দিন ধরে গাছ কাটার পর অবশেষে তার অধ্যবসায় সফল হয়। এই ঘটনায় লেখক দেখিয়েছেন, মানুষের দৃঢ় সংকল্প কখনো কখনো অসম্ভবকেও সম্ভব করে তোলে।

তবে বিলির শৈশবের এই রোমাঞ্চ সব সময় আনন্দময় নয়। একদিন প্রতিবেশী প্রিচার্ড পরিবারের দুই ছেলে রুবিন ও রেইনির সঙ্গে শিকার নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ঘটনাক্রমে রুবিন একটি কুড়ালের ওপর পড়ে গুরুতর আহত হয়ে মারা যায়। এই আকস্মিক মৃত্যু বিলির মনে গভীর অপরাধবোধ ও বেদনার জন্ম দেয়। জীবনের প্রথম বড় ট্র্যাজেডির মুখোমুখি হয়ে সে উপলব্ধি করে, শিকার ও প্রতিযোগিতার উত্তেজনার আড়ালেও মৃত্যু কতটা আকস্মিক এবং নির্মম হতে পারে।

পরবর্তী সময়ে বিলি তার দাদার উৎসাহে একটি বড় র‌্যাকুন শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে অভিজ্ঞ শিকারিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তার দুই কুকুর অসাধারণ দক্ষতার পরিচয় দেয়। প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড়ের মধ্যেও তারা সাহস হারায় না। শেষ পর্যন্ত বিলি ও তার কুকুরেরা প্রতিযোগিতায় বিজয়ী হয়। এই সাফল্য শুধু একটি পুরস্কার অর্জনের ঘটনা নয়; এটি দরিদ্র এক কিশোরের দীর্ঘদিনের পরিশ্রম, বিশ্বাস এবং স্বপ্নপূরণের প্রতীক।

কিন্তু উপন্যাসের সবচেয়ে মর্মস্পর্শী অধ্যায় অপেক্ষা করে আছে এর শেষভাগে।

এক রাতে শিকারে বেরিয়ে বিলি ও তার কুকুরেরা একটি ভয়ংকর পাহাড়ি সিংহের মুখোমুখি হয়। প্রাণীটি বিলির ওপর আক্রমণ করতে উদ্যত হলে ওল্ড ড্যান ও লিটল অ্যান নিজেদের জীবন বিপন্ন করে তাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে। ভয়াবহ সংঘর্ষে পাহাড়ি সিংহটি নিহত হয়। এবং ওল্ড ড্যান মারাত্মকভাবে আহত হয়। বাড়ি ফেরার পর তার মৃত্যু ঘটে।

ওল্ড ড্যানের মৃত্যুতে বিলির পৃথিবী যেন থমকে যায়। কিন্তু আরও করুণ পরিণতি অপেক্ষা করে আছে। প্রিয় সঙ্গীকে হারিয়ে লিটল অ্যানও ধীরে ধীরে খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। তার জীবনের সমস্ত আনন্দ যেন নিঃশেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ওল্ড ড্যানের কবরের পাশে শুয়ে লিটল অ্যানও মৃত্যুবরণ করে।

দুটি কুকুরকে পাশাপাশি সমাহিত করে বিলি। যে প্রাণীদের নিয়ে তার শৈশবের সমস্ত স্বপ্ন, আনন্দ ও অভিযান গড়ে উঠেছিল, তাদের হারিয়ে সে গভীর শোকে নিমজ্জিত হয়। তার কাছে এই মৃত্যু কেবল দুটি পোষা প্রাণীর মৃত্যু নয়; যেন নিজের শৈশবের একটি অমূল্য অংশ চিরদিনের জন্য হারিয়ে যাওয়া।

কিছুদিন পর বিলির পরিবার ওকলাহোমার পাহাড়ি বসতি ছেড়ে শহরে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। বিদায়ের আগে বিলি তার দুই প্রিয় কুকুরের কবর দেখতে যায়। সেখানে গিয়ে সে এক আশ্চর্য দৃশ্য দেখতে পায়Ñদুটি কবরের মাঝখানে জন্মেছে একটি লাল ফার্নগাছ।

স্থানীয় আদিবাসী লোকবিশ্বাস অনুযায়ী, লাল ফার্ন অত্যন্ত বিরল ও পবিত্র; কেবল দেবদূতই নাকি এমন গাছ রোপণ করতে পারে। যেখানে এই গাছ জন্মায়, সেই স্থান চিরদিনের জন্য পবিত্র হয়ে ওঠে। বিলির কাছে তাই লাল ফার্ন হয়ে ওঠে ভালোবাসা, আত্মত্যাগ এবং মৃত্যুর পরেও টিকে থাকা বন্ধনের প্রতীক।

উপন্যাসের নাম হোয়্যার দ্য রেড ফার্ন গ্রোজ এখানেই গভীর তাৎপর্য লাভ করে। লাল ফার্ন বাস্তবের একটি উদ্ভিদের চেয়েও বড় হয়ে ওঠেÑএটি স্মৃতি, শোক, বিশ্বাস ও ভালোবাসার এক অলৌকিক প্রতিমূর্তি।

লেখক পরিচিতি: উইলসন রলস (১৯১৩—১৯৮৪)

আমেরিকান কথাসাহিত্যিক উইলসন রলস ১৯১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওকলাহোমার ওজার্ক পাহাড়সংলগ্ন অঞ্চলে জন্মগ্রহণ করেন। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা রলসের শৈশব কেটেছে প্রকৃতি, অরণ্য ও শিকারি জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ সীমিত হলেও ছোটবেলা থেকেই তাঁর সাহিত্যের প্রতি গভীর অনুরাগ জন্মায়। জীবিকার প্রয়োজনে দীর্ঘদিন বিভিন্ন পেশায় কাজ করার পাশাপাশি তিনি সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। তাঁর প্রথম উপন্যাস ‘হোয়্যার দ্য রেড ফার্ন গ্রোজ’ (১৯৬১) প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং আমেরিকার শিশু—কিশোর সাহিত্যে বিশেষ স্থান লাভ করে। তাঁর দ্বিতীয় উপন্যাস ‘সামার অব দ্য মাংকিস’ প্রকাশিত হয় ১৯৭৬ সালে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, শৈশবের স্বপ্ন, সাহস ও বিশ্বস্ততা তাঁর রচনার প্রধান বৈশিষ্ট্য। ১৯৮৪ সালের ১৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Related Posts