চলে যাওয়া || শাহাব আহমেদ ফ্লোরিডা
একমাস সেন্ট্রাল এশিয়ার বন পাহাড় নদী হ্রদের নির্জনে নিজের সাথে নিজেকে নিয়ে ছিলাম। ফিরে এসে জাপান ও আমার অন্তর্গত যাত্রা নিয়ে একটি বইয়ের পান্ডুলিপি তৈরি নিয়ে গত দু’সপ্তাহ এমন একটি জগতে ছিলাম যা না—পৃথিবীর, না—পৃথিবীর বাইরের। কাজটি শেষ হয়েছে আগের রাতে। তারপরে অস্বাভাবিক এক ক্লান্তি, সারারাত ঘুমানোর পরেও, সকালে হেঁটে, নাস্তা সেরে সোফায় শুয়ে আছি।
এ সময়ে অমিতাভ রক্ষিতের ইমেইল চোখে পড়ল। লিখেছেন ‘পরিবারের অনুরোধে আমি বিষণ্ণ দায়িত্বটি পালন করে লেখক পূরবী বসুর মৃত্যু সংবাদ জানাচ্ছি। আজ ভোরে ঘুমের মধ্যে পূরবী বসু মৃত্যুবরণ করেছেন।’
লিখেছেন ইংরেজিতে আমি সারমর্মটি বললাম।
মানুষের বয়স যখন ষাট পেরিয়ে যায় মৃত্যু সংবাদ আসে নিয়মিত। কিন্তু এই সংবাদটি অবশ করে দেয়। এমন নয় যে, এটা অপ্রত্যাশিত ছিল। দীর্ঘদিন তিনি রোগে ভুগেছেন, বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ ছিল না।
আপনজন মারা গেলে কষ্ট হয়। কিন্তু যে মৃত্যুর আগে কিছু অমিমাংসিত প্রশ্ন রয়ে যায় তখন কষ্টটা হয় তীব্র। কারণ নিষ্পত্তির সুযোগ আর থাকে না। সারাটা দিন বিষণ্ণই কাটে, রাতে দুজন বন্ধুর সাথে কথা হয় এই মৃত্যু নিয়ে। ভাবি মনটা হালকা হবে কিন্তু আরও ভারী হয়।
সম্ভবত আমাদের শেষ দেখা হয় তাঁর ফ্লোরিডার বাসায়, রাকীব হাসান, নাহার মনিকাসহ, দেশ থেকে আসা আমার বন্ধু শিউলি ও তার স্বামীকে নিয়ে গিয়েছিলাম আমি আর শ্বেতা। তখনও তিনি চলাফেরা করতেন, অসুস্থতা ও বয়স, দুইভার অবহেলা করে রান্না করেছিলেন নিজের হাতে। তার কিছুদিন পরেই তীব্রভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, যখন ফিরে আসেন তিনি আর তিনি নন, অন্য কেউ।
‘অগ্রসর বিক্রমপুর’ সংগঠনের কাজ করতে গিয়ে আমার তাঁর সাথে পরিচয় হয় ২০১৫ সালের দিকে। পরে জানতে পারি উনি আমার স্কুলের বন্ধুর মাসি, সেই সূত্রে তাঁকে আমি মাসি ডাকি। তারপরে একসাথে উত্তর আমেরিকা সাহিত্য পরিষদের গঠন, সম্মেলন, কর্মকাণ্ড। একজন মানুষ যে অমানুষিক মনোবল নিয়ে দিন—রাত খাটতে পারে তাকে কাছে থেকে না দেখলে সেটা বোঝা যায় না।
কিন্তু এসব কিছুই মনে আসে না, মনে পড়ে আমার আগের বাসার বয়স্ক আনত উইলো গাছটির কথা। এক রৌদ্রময় দুপুরে আমরা সেই গাছটির নিচে দাঁড়িয়ে ছিলাম।
গাছটি মারা যায় একদিন।
লোক ডেকে গাছটিকে কাটাতে হয়।
মৃত্যুর দুঃখে জীবন শেষ হয় না, সেই মৃত্যুর ঝঞ্ঝাট পার হতে হয়। তাঁর পরিবার এখন তা পার হবেন।
আমি তখন ৩০—৩৫ বছরের বিরতির পরে নতুন করে লেখা শুরু করেছি। আমার ‘লেনিনগ্রাদ থেকে ককেশিয়া’ লেখা শেষ হয়েছে। তিনি তা পড়েছেন, পছন্দ হয়েছে এবং এক সাহিত্য পত্রিকার সম্পাদককে কল করে বলেছেন, ‘শাহাবের লেখাটি নেবে ধারাবাহিকভাবে প্রকাশ করার জন্য?’ ‘লেখককে চিনি না, আপনি যদি বলেন লেখাটি ভালো, অবশ্যই নেব পূরবী দি। পাঠিয়ে দিতে বলেন।’
তার কথামত লেখাটি পাঠাই কিন্তু ছাপা আর হয় না। দেখি প্রতি দু—তিন সপ্তাহ পরে তিনি সম্পাদককে ইমেইল পাঠান ( আমাকে কপি করে) অনেকটা কৈফিয়ত চেয়ে।
আমার লজ্জা লাগে। সম্পাদক যখন পাঠাতে বলেছেন, পছন্দ হলে সময়মত বের করবেন, আমার পরিশীলিত বোধ। কিন্তু সময়ে টের পেয়েছি পূরবী বসু মানুষটি এমনিই, কোনো একটা দায়িত্ব মাথায় নিলে তা শেষ না করে থামেন না। কখনও কখনও তাকে ভীষণ অধৈর্য মনে হয়, হোক, তিনি তার ধার ধারেন না। ‘পৃথিবীর প্রতিটি পাতা ভিন্ন, প্রতিটি মানুষ এক হবে এই চিন্তাটাই কি ভুল নয়?’Ñনা, এমন কোনো সংলাপ আমাদের মধ্যে হয়নি।
সময়ে সেই সম্পাদক আমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়, কত খুনসুটি হয় একসাথে, কত ভালোবাসা! কিন্তু জীবনচক্রের নিয়ম মেনে তা আবার একদিন বিচ্ছিন্নও হয়ে যায়।
একই ঘটনা ঘটেছে আরও একজনের সাথে, ঘটনাক্রমে তার সাথেও আমার পরিচয় হয় পূরবী বসুর মাধ্যমে। কী যে ভালোবেসে বন্ধুটিকে, এত মেধাবী, এত সুন্দর লেখে, মুগ্ধ হয়ে পড়ি ওর লেখা। সেও আমাকে পছন্দ করে। সপ্তাহে ১—২ বার কথা না বললে, লেখালেখি নিয়ে আলোচনা না করলে ভাল লাগে না। ওর কথা বলার সৌন্দর্যটা চুম্বকীয়, যে আমি দীর্ঘদিন বাংলায় কথা বলিনি, বাংলা পড়িনি, লিখিনি তার জন্য এমন মানুষ, উপহার! আমার একটা পাণ্ডুলিপি তৈরি করতে সাহায্য করে দিনের পর দিন। তারপরে একদিন যোগাযোগটা কমে যেতে শুরু হয়, কেন জানি না। মাস যায়, বছর যায় এখন কেউ কারো সাথে কথা না বলেও দিন চলে যায়।
মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ে দিনের কোনো মাথাব্যথা নেই মানি কিন্তু বুকের ভেতরটা চিন চিন করে।
কেন কী হয়েছে?
কারণটা সন্তকবি কবি সাইগিওর কবিতায়:
‘সব তো ত্যাগ করেছি ভেবেছিলাম, তবু ফুলের রঙে রাঙানো এই মন রয়ে গেল কী করে?’
হয়তো কারণটা সত্যিই ফুলের রঙে রাঙানো মনে। কষ্টটা দূর করতে হলে এই মনটাকে উপড়ে ফেলতে হয়।
কিন্তু পারি কই?
সন্ত পারে না, আমি কেন সেই চিন্তা করি?
কী রেখে যাব স্মৃতিচিহ্ন?
বসন্তের ফুল, গ্রীষ্মের কোকিল
শরতের রঙিন পাতা।
(র্যোকান)
জেন সন্ন্যাসী র্যোকান (১৭৫৮—১৮৩১) শেষ জীবনে থাকতেন পাহাড়ের এক ছোট কুটিরে, প্রায়কিছুই ছিল না তাঁর। শিশুদের সঙ্গে খেলা করা, আর কবিতা লেখাই ছিল তাঁর কাজ।
সন্ন্যাসী কোনো স্মৃতিচিহ্নই রেখে যায় না, রেখে যায় সেই একই প্রকৃতি যা পৃথিবীতে এসে পেয়েছিল: বসন্তের ফুল, গ্রীষ্মের কোকিল আর শরতের পাতা..যা আসলে সবার কিন্তু কারো নয়।
এই কবিতাটি তিনি লেখেন ত্রয়োদশ শতকের জেন গুরু এইহাই দোগেনের বিখ্যাত কবিতার প্রতিধ্বনি: ‘বসন্তে ফুল, গ্রীষ্মে কোকিল, শরতে চাঁদ, শীতে বরফ’ যে কবিতাটির উল্লেখ করেছিলেন ইয়াসুনারি কাওবাতা তাঁর নোবেল পুরস্কার পাওয়ার ভাষণে।
র্যোকান শেষ কবিতায় লিখেছিলেন:
‘একবার পিঠ দেখিয়ে,
একবার বুক দেখিয়ে
ঝরে পড়ে মেপল পাতা।’
তিনি শোক করেছেন মেপল পাতার জন্য।
যে উইলো গাছের নিচে পূরবী বসু দাঁড়িয়ে ছিলেন, তা চলে গিয়েছিল। আজ তিনি নিজেও গেলেন। যাওয়া পৃথিবীর অমোঘ নিয়ম। ইয়োসা বুসন মৃত্যুকে দেখেছিলেন এইভাবে:
‘সাদা বরই ফুলের ওপর
রাত ফুরিয়ে আসছে।’
মৃত্যুর রাতে শিষ্যদের তিনটি কবিতা বলেছিলেন। শেষ কবিতা ছিল ওটা। কবিতাটি বলার পরেই ভোর হয় এবং তিনি চলে যান।
নভেম্বর ১৪, ২০২৬
