হাউজে নতুন বিল ঃ দশ বছর আগে || ডিপোর্টেশন অর্ডার প্রাপ্তদের গ্রিনকার্ডের প্রস্তাব
বাঙালী প্রতিবেদনঃ বৃহস্পতিবার ডেমোক্রেটিক হাউজ সদস্যরা কংগ্রেসে একটি বিল উত্থাপন করেন। এই বিলের প্রতিপাদ্য হলো যেসব ইমিগ্রান্টের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার অর্থাৎ অর্ডার অব রিমুভাল আছে অথচ তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই সেই অর্ডার দশ বছর পূর্ণ হলে সেই অভিযোগ প্রত্যাহার করে গ্রিনকার্ড (পার্মানেন্ট রেসিডেন্স) প্রদানের প্রক্রিয়া শুরু করতে পারবে। এবিসি নিউজ এই খবরটি দিয়ে বলছে, মধ্যমেয়াদী নির্বাচনে রিপাবলিকানরা ধরাশায়ী হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, অত্যন্ত কঠোর ডিপোর্টেশন পলিসির কারণেই মধ্যমেয়াদী নির্বাচনে এই ফলাফল। এর সাথে সাথে তিনি এও বলেছিলেন, ইমিগ্রেশন বিষয়ে তিনি কিছু করতে চান ডেমোক্রেটদের সাথে নিয়ে। উল্লেখ্য জানুয়ারি থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে ডেমোক্রেটদের হাতে।
খবরে আরো বলা হয়, জজ কিংবা ইমিগ্রেশন কর্মকর্তা কতৃর্ক কোনো নন—সিটিজেনের বিরুদ্ধে ‘ফাইনাল অর্ডার অব রিমুভাল’ নোটিস জারির পর তাদের যুক্তরাষ্ট্র ত্যাগ করে নিজ দেশে চলে যেতে হয়। এই ধরনের নোটিস দেয়া হয় সাধারণত আপিলে হেরে গেলে বা আপিলের তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও আপিল না করলে। এই বিলটির নাম ‘প্রটেক্ট আওয়ার নেইবারস এ্যাক্ট’। বিলটি উত্থাপন করেন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য লতিফা সাইমন।
বিলে বলা হয়েছে, উক্ত ফাইনাল অর্ডার জারির পর যদি উক্ত ব্যক্তি একটানা ১০ বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করেন এবং কখনো ক্রিমিনাল হিসাবে কনভিকটেড না হন এবং এখনও পর্যন্ত ‘ফাইনাল অর্ডার অব রিমুভাল’ বলবত থাকে তাহলে কেসভিত্তিক পুনর্বিবেচনা সাপেক্ষে তাকে গ্রিনকার্ড পাওয়ার সুযোগ দেয়া হবে।
এবিসি নিউজ বলছে বর্তমানে ফাইনাল ডিপোর্টেশন অর্ডারপ্রাপ্ত ১৬ লক্ষ ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
বিলটি পাশ হলে বিস্তারিত জানা যাবে।
