তাহাদের কথা পর্ব—৩০ সারা’র পেয়েও না পাবার ক্ষত ! পরাগ সঞ্চিতা

আমাদের অফিসে আর্ট গ্রুপে মাঝে মাঝে ঢুঁ দেই। সেদিন দেখি আমার ক্লায়েন্ট চুরাশি বছর বয়সী ডেভ একটি সুন্দরী তরুণীকে মডেল বানিয়ে ছবি আঁকছে। ডেভের ওই মডেল মেয়েটিকে দেখে আমি চমকে গেলাম। মনে হলো এই মেয়েটিকে আমি আগে কোথাও দেখেছি! ওকে তো আমি চিনি! হঠাৎ মনে পড়ে গেল, সারা দেখতে আমার অতি পরিচিত অবিকল একটি পেইন্টিং এর মতো। পেইন্টিংটি ফরাসী চিত্রশিল্পী জঁ—বাপতিস্ত গ্রুজ এর বিখ্যাত চিত্রকর্ম ‘একটি শিশু মৃত পাখির ভয়ে সেটিকে স্পর্শ করতে দ্বিধা করছে’! আমার বাবা কোথা থেকে যেন এই পেইন্টিংটির একটি রেপ্লিকা জোগাড় করে আমার ঘরে বাঁধিয়ে রেখেছিলেন। এই পেইন্টিংটি আমার ঘরের দেওয়ালে টাঙানো থাকতোÑআর আমি সকাল বিকেল পেইন্টিংটির অপরূপা সুন্দরী কিশোরী মেয়েটির দিকে অপলক তাকিয়ে থাকতাম। একজন চিত্রশিল্পী কিভাবে চিত্রকর্মের মধ্যে মানুষের আবেগকে বাস্তবতার ছোঁয়ায় চিত্রিত করতে পারে তা বিস্ময়ের সঙ্গে দেখতাম । শিল্পীর তুলির ছোঁয়াতে সাধারণ কোনো গ্রামের মেয়ে যে এতো অসম্ভব সুন্দর হতে পারে তা ভেবে অবাক হতাম। বছর দুয়েক আগে প্যারিসে লুভ্র মিউজিয়ামে গিয়ে ১৭৫৯ সালে আঁকা এই বিখ্যাত পেইন্টিংটি সামনাসামনি দেখে এসেছি। তো যা বলছিলাম, প্রথম দেখাতেই সারাকে খুব পরিচিত লাগলো, ওকে খুব আপন আপন লাগলো। সেলেব্রিটিদের যেমন খুব পরিচিত মনে হয়, গ্রুজের আঁকা পেইন্টিংটির মেয়েটিও আমার খুব পরিচিত। সারাকে দেখেই মনে মনে আমি একটি ধাক্কা খেলাম, এ যেন ছবির সেই মেয়েটির জীবন্ত সংস্করণ! সারার স্বর্গীয় সৌন্দর্য্য যে—কারো নজর কাড়বে! পাতলা নাক, সোনালী পাপড়িতে ঢাকা টানা টানা নীল দুই চোখ, দুধে—আলতা রং, ওর ঘাড় আর পিঠ জুড়ে অবহেলাতে পড়ে থাকা হালকা ঢেউ খেলানো লম্বা সোনালী চুলের শোভা, আর ওর সবচেয়ে বড় সৌন্দর্য হলো ওর সাবলীল সরল মুখমন্ডল। 

আর্ট গ্রুপে ডেভ ছবি আঁকতে আঁকতে আমাকে বলেছিলো ‘ও সুন্দর না?’; ওটাই ছিল সারার সাথে আমার প্রথম দেখা। কিছুদিন পরে আমার সহকর্মী অন্য স্টেটে চলে গেলে সারার দায়িত্ব আমি পেলাম, মানে সারা আমার কেস লোডে যুক্ত হলো। সারা একজন ৩৫ বছর বয়সী শ্বেতাঙ্গ। ও হার্টফোর্ডের ক্যাপিটাল রিজিয়ন মেন্টাল হেলথ সেন্টারে দীর্ঘ পাঁচ মাস কাটিয়ে বাড়ি ফিরেছে। সারার ৯ বছর বয়সী একটি মেয়ে আছে। সারার শৈশব কেটেছে সুন্দর পারিবারিক বন্ধনে। মা—বাবার সাথে সাউথ উইন্ডসরে বড় হয়েছে। ওর বাবা এটর্নি, মা কর্মজীবী ছিলেন, দুই ভাইবোনের মধ্যে সারা ছোট। পরিবারের সাথে সম্পর্ক ভালো ছিল সারার। আপাতভাবে দেখলে ওর ছেলেবেলা ছিল নির্ঝঞ্ঝাট, কিন্তু ওর বাবা—মায়ের বিচ্ছেদের পর থেকে শুরু হয় বিপত্তি। তখন সারার বয়স ছিল ১৩ বছর। ১৩ বছর বয়স থেকে বিষণ্ণতা এবং উদ্বেগের জন্য মনোরোগ চিকিৎসা শুরু হয়। সারার কথায়ঃ ‘আমার মনে হয় আমি সাধারণ বাচ্চাদের চেয়ে বেশি বিষণ্ণ ছিলাম এবং আমার মা আমাকে ব্যক্তিগত থেরাপিতে ভর্তি করিয়ে দেন’। সারা যখন ১৮তে পড়লো তখন ওকে প্রোজ্যাক মেডিকেশন দেওয়া হয়। কিন্তু প্রোজ্যাকে ওর বিষন্নতা একটুও কমেনি, তাই পরে ওকে লেক্সাপ্রো দেওয়া হয়; এতে বিষন্নতা কমেছিল, কিন্তু সারার মনে আছে ওর নিজেকে রোবটের মতো মনে হতো; ওর কোনো আবেগ ছিল না। ১৮ থেকে ২৫ বছর বয়স পর্যন্ত দীর্ঘ ৭ বছর যাবৎ সারা এই ওষুধটি যখন ইচ্ছা খেয়েছে আবার ইচ্ছা মতো বন্ধ করেছে! ও নিজেই স্বীকার করেছে, ‘আমি নিজেই নিজের চিকিৎসা করছিলাম। প্রচুর মদ্যপান করতাম। আমার বয়স যখন কুড়ি তখন থেকে আমি ভয়ংকর মদ্যপান করতাম’। সারা পড়াশোনাতেও ভালো ছিল, প্যারালেগাল বিষয়ে কলেজ অ্যাসোসিয়েটস ডিগ্রি নিয়ে স্নাতক শেষ করে একটি ল ফার্মে প্যারালিগালের কাজ নেয়। প্রচুর আয় করতে থাকে, টাকা জমিয়ে ভার্ননে সস্তাতে ছোট্ট একটি বাড়িও কিনে ফেলে। কম বয়সে হাতে অঢেল পয়সা পেয়ে মদের সাথে গাঁজা, মাশরুম, কোকেন, পিসিপি’র মতো অন্যান্য মাদকও সেবন করতো। কিন্তু অ্যালকোহলই ছিল সারার প্রধান মাদক। জানা গেছে, ওর কাছে সাটিভা, ইন্ডিকা ও হাইব্রিডÑএই তিন ধরনের মেডিকেল মারিজুয়ানার কার্ড রয়েছে। ল’ ফার্মে কাজ করতে গিয়ে হার্টফোর্ড কোর্টে পরিচয় হয় ওর বয়সী এক তরুণ এটর্নি আলেক্সের সাথে। পরিচয় থেকে বন্ধুত্ব আর তারপর দুজনে লিভ টুগেদার শুরু করে। বছর তিনেক পরে সারা প্রেগন্যান্ট হয়। আর জন্ম হয় ওর মেয়ে এলি’র। প্রেগন্যান্ট হলে সারা ওর মেডিকেশন, মদ—গাজা, মাদক, সব বন্ধ করে দিয়েছিলো। কিন্তু এলির জন্মের পরে সারার ডিপ্রেশন আর স্ট্রেস মাত্রাতিরিক্ত বেড়ে যায়। সারা আবার মদ্যপান শুরু করে, সেই সাথে যোগ হয় ডেক্সট্রোমেথরফানযুক্ত কাশির ওষুধ রোবিটাসিনের ওপর আসক্তি। আমেরিকায় প্রেগন্যান্সিতে সচরাচর এই কফ সিরাপটি খেয়ে থাকে। ১৯৫০—এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেক্সট্রোমেথরফানযুক্ত কাশির ওষুধের গুরুতর অপব্যবহার ও আসক্তি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আসলে প্রেগন্যান্ট অবস্থাতেই সারা গোপনে এই কফ সিরাপ বা কাশির ওষুধ খেতে খেতে আসক্ত হয়ে পড়ে। সারার সাথে ওর বয়ফ্রেন্ড আলেক্সের সম্পর্ক খারাপ হতে থাকে। পরিস্থিতি এতো গুরুতর হতে থাকে যে একদিন মাতাল অবস্থাতে গাড়ি চালানোর সময় সারা পুলিশের হাতে ধরা পড়ে আর এজন্য গ্রেপ্তার হয়। গাড়িতে ওর তিন বছর বয়সী শিশু কন্যা ছিল। সারার কথায়ঃ ‘এই ঘটনার পর আমার প্রেমিক আমার সাথে সম্পর্ক ভেঙে দেয়’। সারা নিজের বাচ্চার কাস্টডি হারায়। এলির কাস্টডি পায় এলির বাবা অ্যালেক্স, আর অ্যালেক্সের মা নিজের ছেলে আর নাতনিকে আশ্রয় দেয় নিজের বাড়িতে। সেই থেকে অ্যালেক্স এলিকে নিয়ে ওর মায়ের সাথে বসবাস করে। সারা মেয়েকে দেখার ইচ্ছে হলে মাঝে মাঝে না বলে কয়ে অ্যালেক্সের মায়ের বাড়িতে হাজির হয় যেত, কখনো মেয়ে এলির স্কুলে গিয়ে মেয়েকে কাছে টানার চেষ্টা করতো। বিরক্ত হয়ে অ্যালেক্স আদালত থেকে ‘অর্ডার অফ প্রটেকশন’ নিয়েছে। এই অর্ডারের জেরে সারা ওর মেয়ের ত্রি—সীমানার মধ্যে যেতে পারবেনা। এখন আদালতের অনুমতি না নিয়ে সারা ওর মেয়ের সঙ্গে দেখা করতে পারেনা। 

পরিবার ভেঙে যাবার পর থেকে সারার মানসিক রোগ বেড়ে যায়। শুরু হয় আত্মহত্যার চিন্তা। সারার মতে ‘কিশোর বয়স থেকেই আমার মাঝে মাঝে এই চিন্তা আসে; আমি এর সাথে বাঁচতে শিখেছি’। কিশোর বয়সে সারা কয়েকবার নিজের শরীরের চামড়া কেটেছিল যদিও সহিংসতা বা আত্মঘাতী আক্রমণের কোনো ইতিহাস নেই। বয়ফ্রেন্ড আর মেয়েকে কাছে না পাবার কষ্টে শুরু হয় বার বার ইনপেশেন্ট এবং আউটপেশেন্ট ইউনিটে মানসিক চিকিৎসার জন্য সারার যাতায়াতভ এ পর্যন্ত সারা ৭ বার হাসপাতালে ভর্তি হয়েছে (এমএমএইচ, আরজিএইচ) ও নিউইয়র্কের আর্মস একার্স—এ ইনপেশেন্ট পুনর্বাসন চিকিৎসাও নিয়েছে। গত সাত বছর যাবৎ সারা একই চক্রে ঘুরছে: মাদক আর মানসিক রোগের প্রকোপ বেড়ে গেলে সারা হাসপাতালে যায়। তারপর সুস্থ হয়ে একদম স্বাভাবিক আর দশটা তরুণীর মতো চাকরি খোঁজে, পেয়েও যায় চাকরি। হাতে পয়সা হলে আবার মাদকের আসক্তিতে আত্মহত্যার চেষ্টা করে, নয়তো বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে আবার হাসপাতালে চালান। এরই মধ্যে একবার হাসপাতাল থেকে ফিরে আসার পর শুনলাম ওর বাড়িটি মর্গেজ না দেয়ার কারণে নিলামে যেতে বসেছিল। ওর বাবা ১৩ হাজার ডলার বকেয়া মর্গেজ শোধ করেছেন। সারা আবেগে আপ্লুত হয়ে আমাকে বললো ‘তুমি কল্পনাও করতে পারবে না যে আমি কতটা ভাগ্যবান! জানো আমার বাবার জন্য আমার বাড়িটা বেঁচে গেল, না হলে আমি তো হোমলেস হয়ে যেতাম।’ দীর্ঘস্থায়ী মানসিক রোগ আর মাদকাসক্তির জন্য ও ডিজ্যাবিলিটি বেনিফিট পাচ্ছে। তবুও সারা চাকরির খোঁজে একটার পর একটা ইন্টারভিউ দেয়। 

বলাই হয়নি সারার মানসিক রোগের ডায়াগনোসিস হলো সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার (বাইপোলার টাইপ)। সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার একটি গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা, যার প্রধান বৈশিষ্ট্য হলো সিজোফ্রেনিয়ার উপসর্গ, যেমন হ্যালুসিনেশন ও ডিলিউশন। এর সাথে মুড ডিসঅর্ডারের উপসর্গ, যেমন ম্যানিয়া ও ডিপ্রেশন, দেখা যায়। সিজোফ্রেনিয়ার লক্ষণ (যেমন হ্যালুসিনেশন ও ডিলিউশন) এবং মুড ডিসঅর্ডারের লক্ষণ (যেমন ডিপ্রেশন, ম্যানিয়া এবং হাইপোম্যানিয়া নামক ম্যানিয়ার একটি মৃদু রূপ)—এর মিশ্রণ। হ্যালুসিনেশনের ক্ষেত্রে এমন জিনিস দেখা বা এমন কণ্ঠস্বর শোনা যায় যা অন্য কেউ খেয়াল করে না। ডিলিউশনের ক্ষেত্রে এমন কিছু বিশ্বাস করা হয় যা বাস্তব বা সত্য নয়। সিজোঅ্যাফেক্টিভ ডিসঅর্ডার দুই প্রকারের হয়: বাইপোলার টাইপ আর ডিপ্রেসিভ টাইপ। বাইপোলার ধরন: রোগীর বেশ কয়েক দিন ধরে চরম উচ্ছ্বাস (ম্যানিয়া) থাকে এবং তীব্র বিষণ্ণতা (ডিপ্রেশন) দেখা দিতে পারে, আবার খিটখিটে মেজাজসহ অতিরিক্ত শক্তির একটি পর্ব আসতে পারে, যার পরে বিষণ্ণতাসহ শক্তি কমে নিস্তেজ হয়ে যাওয়ার একটি সময় আসে। ডিপ্রেসিভ টাইপ: রোগী কেবলই মনমরা ভাব (বিষণ্ণতা) অনুভব করে, মন বিষণ্ণ থাকে এবং দৈনন্দিন কাজগুলো সম্পন্ন করতে অসুবিধা হয়, হতাশাতে ভোগে। 

আজকে আমি এসেছি ম্যানচেস্টার মেমোরিয়াল হাসপাতালের মানসিক স্বাস্থ্যের ইউনিটে সারার সাথে দেখা করতে। তিন সপ্তাহ আগে সারা অতিরিক্ত রোবটাসিন খেয়ে মাতাল হয়ে হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে লাইট পোলের সাথে ধাক্কা খেয়ে গাড়ি এক্সিডেন্ট করে, আর পুলিশ ওকে হাসপাতালে নিয়ে আসে। এখন ও কিছুটা ভালো হলেও পুরোপুরি সুস্থ হয়নি, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য কাল সকালে ওকে পাঠানো হবে মিডল টাউনের ‘কানেকটিকাট ভ্যালি হসপিটালে’। সাইকাইয়াট্রিস্ট এর সাথে কথা সেরে নার্স মেলিসা আমাকে নিয়ে বসালো বড় একটি ঘরে। পাজামা আর টি—শার্ট পরে সাবলীল গতিতে সারা ঘরটিতে ঢুকলো। আমাকে দেখে চোখে খুশির ঝিলিক এলেও নিজেকে সামলে নিলো। কেমন আছো জিজ্ঞেস করে ধীরে সুস্থে আমার সামনে রাখা চেয়ারে বসলো। সেই একই সুশ্রী চেহারা, হালকা গড়ন, চিকন ঠোঁটের কোনে বাঁকা হাসি, কিন্তু চোখ দুটোতে কষ্টের ছাপ। সারাদিন ও কী বই পড়ে, কী মুভি দেখে এইসব আলাপের পর সারা বললো আর বোধহয় ওর বাড়িটা রক্ষা হলো না, ব্যাংক ওর বাড়ি নিলামে দেবে, একটা চাকরি থাকলে হয়তো নিয়মিত মর্গেজ দিয়ে বাড়িটা রাখতে পারতো। এরপর এলো ওর মেয়ের কথা। ‘জানো আমার মেয়ে ভায়োলিন বাজানো শিখছে। আমিও ছোটবেলায় ভায়োলিন বাজাতাম। আমার ভায়োলিন আমার বাবা রেখে দিয়েছেন। আমি হাসপাতাল থেকে ফিরে বাবার বেসমেন্ট থেকে ওটা খুঁজে বের করবো, তারপর আমার মেয়ের সাথে দুজনে মিলে বাজাবো।’ সারা এতো উচ্ছ্বসিত হয়ে কথা বলছিলো যেন ওর মেয়ে আর ওর সংসার সব আগের মতোই আছে! ওর কল্পনাতে ওর মেয়ের সাথে যেন ওর কত ভাব! আমিও ওকে মনে করিয়ে দিতে চাইলাম না যে ওর মেয়ের সাথে দেখা করা আপাতত সম্ভব না। হঠাৎ হঠাৎ যখন তখন মেয়ের স্কুলে আর রাস্তা—ঘাটে অযাচিতভাবে হাজির হয়ে মেয়েকে জড়িয়ে ধরতে গেলে ওর মেয়ে ভয় পায়ে যায়। যেজন্য মেয়ের বাবা সারার বিরুদ্ধে কোর্ট থেকে ‘অর্ডার অব প্রটেকশন’ নিয়ে রেখেছে। কিন্তু কোর্টের এই অর্ডার সারার সন্তানকে কাছে পাবার আকুতি, আশা রুখতে পারেনি। সারা ওর মেয়েকে নিয়ে কত কল্পনার ফানুস তৈিরি করছে। কিন্তু বিষন্নতার কালিতে ঢাকা ওর গভীর নীল দুটি চোখে পেয়েও হারানোর ব্যাথায় ভারাক্রান্ত! আমি আমার দৃষ্টি সরিয়ে নিয়ে বন্ধ কাচের জানালাতে নীল আকাশের দিকে চোখ রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। জানিনা সারার সন্তানকে কাছে না পাবার এই হাহাকার কোনোদিন ঘুচবে কিনা! সারা আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে কিনা! এ জগতে সারার মতো কত অভাগী মায়ের গল্প অসম্পূর্ণ থেকে যায়!

——কানেকটিকাট


Related Posts