সঞ্জীব চৌধুরীর চলে যাওয়ার ১৯ বছর
আনিকা চৌধুরী প্রিয়ন্তিঃ খ্যাতি, পরিচিতি কিংবা মানুষের ভালোবাসা— এসব পাওয়ার জন্য সব সময় বড় মঞ্চের প্রয়োজন হয় না। কখনো বইমেলায় হারমোনিয়াম বাজিয়ে গান গেয়েও মানুষের মন জয় করা যায়, আবার কখনো গভীর রাতে বাড়ি ফেরার পথে পাড়ার কয়েকটি কুকুরের সঙ্গেও গড়ে ওঠে অদ্ভুত এক বন্ধুত্ব। সঞ্জীব চৌধুরীর জীবনে এমনই দুটি গল্প আছে, যা তার গানের বাইরের মানুষটিকে চিনতে সাহায্য করে। ১৯৮৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জীব চৌধুরী। তখনো তিনি দলছুটের জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়ে ওঠেননি। তবে সাহিত্য, রাজনীতি আর সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল প্রবল। বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধু জাহিদ হাসান মাহমুদ ও মো. আনোয়ারুল কবিরকে সঙ্গে নিয়ে সম্পাদনা করলেন ছোট একটি পত্রিকা ‘মৈনাক’। একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রকাশিত সেই লিটল ম্যাগাজিন নিয়ে তারা হাজির হলেন একুশে বইমেলায়।
কিন্তু লিটল ম্যাগাজিন বিক্রি করা সহজ ছিল না। পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে প্রয়োজন অভিনব কিছু। সঞ্জীব বেছে নিলেন নিজের সবচেয়ে প্রিয় মাধ্যম—গান। গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গণসংগীত গাইতে শুরু করলেন তিনি। বইমেলার মানুষের কাছে এভাবেই নিজেদের পত্রিকা বিক্রি করতেন তরুণ সঞ্জীব। সেই ঘটনায় যেমন ছিল একজন শিল্পীর অভিনব 'সেলিং স্ট্র্যাটেজি', তেমনই এক লেখকের অসহায়ত্বও, যা ভাবলে চোখে পানি চলে আসে।
ঘটনাটি নিছক পত্রিকা বিক্রির অভিনব কৌশল নয়। এর মধ্যে ধরা পড়ে সঞ্জীবের সময়, রাজনৈতিক চেতনা ও সাংস্কৃতিক বিশ্বাসের একটি ছবি। যে তরুণ সাহিত্যচর্চা করছেন, তিনিই আবার গণসংগীতকে মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তার কাছে গান কেবল বিনোদন ছিল না; ছিল মানুষের সঙ্গে যোগাযোগের, প্রতিবাদের এবং নিজের বিশ্বাস প্রকাশের ভাষা।
বিদ্রোহী এই তরুণের ব্যক্তিগত জীবনেই আবার ছিল অন্য রকম এক কোমলতা। শিল্পী হিসেবে সঞ্জীবের পরিচিতি যতটা বিস্তৃত, ব্যক্তিগত জীবনের ছোট ছোট গল্পগুলো ততটাই অনালোচিত। সঞ্জীব যে এলাকায় থাকতেন, সেখানকার অনেক কুকুরের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যেত। কাজের ব্যস্ততায় প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরতেন তিনি। কিন্তু রাত যতই হোক, কয়েকটি কুকুর তার সঙ্গে সঙ্গে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে আসত। এমনকি ঢাকার বাইরে কোথাও গেলে, তাকে দেখেও কুকুরেরা কাছে চলে আসত। এ যেন প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত বন্ধুত্ব সঞ্জীবের।
ভাবতে ভালো লাগে, যে মানুষটি একসময় বইমেলায় হারমোনিয়াম হাতে গণসংগীত গেয়ে বেড়িয়েছেন, তার জীবনের আরেক অংশে ছিল এমন কিছু নির্বাক সঙ্গী, যাদের সঙ্গে বন্ধুত্বের জন্য কোনো ভাষার প্রয়োজন হতো না। মানুষের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রেও ছিল একই সহজাত প্রবণতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু আনোয়ারুল কবিরের স্মৃতিচারণে উঠে এসেছে, সঞ্জীব জগন্নাথ হলের পিয়ন কিংবা পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গেও আন্তরিক বন্ধুত্ব গড়ে তুলতেন। মানুষের সামাজিক অবস্থান তার কাছে বন্ধুত্বের বাধা হয়ে দাঁড়াত না।
সঞ্জীব চৌধুরীকে তাই শুধু কয়েকটি জনপ্রিয় গানের মধ্যে আটকে রাখা কঠিন। তার জীবনযাপনে ছিল এক ধরনের বোহেমিয়ান স্বাধীনতা, রাজনৈতিক বিশ্বাস, মানুষের প্রতি মমতা এবং প্রচলিত সামাজিক বিভাজন অস্বীকার করার প্রবণতা। হয়তো সে কারণেই তার বন্ধুত্বের পরিসর কখনো বইমেলার অচেনা পাঠক, কখনো বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা, আবার কখনো পাড়ার কয়েকটি পথকুকুর পর্যন্ত বিস্তৃত হয়েছিল।
২০০৭ সালের ১৯ নভেম্বর, মাত্র ৪২ বছর বয়সে থেমে যায় সঞ্জীব চৌধুরীর জীবন। মৃত্যুর পরও মানুষের কাজে লাগতে চেয়েছিলেন সঞ্জীব। নিজের দেহ চিকিৎসাশিক্ষা ও গবেষণার জন্য দান করেছিলেন ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে। প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে, এমনকি পথের কুকুরদের সঙ্গেও যিনি গড়ে তুলেছিলেন এক আশ্চর্য আত্মীয়তা, মৃত্যুর পরও যেন সেই মায়ার জগৎ থেকে বিচ্ছিন্ন হননি তিনি। বেঁচে থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রকৃতির সঙ্গে যে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন, মৃত্যুর পরও যেন সেখানকার স্মৃতি আর চেনা পথের সঙ্গে মিশে আছেন—গান হয়ে, অনুভব হয়ে।
