একটি থ্যাংকসগিভিং ডিনার || জাকিয়া শিমু
আমার বাড়িঘেঁষা দিগন্ত ছোঁয়া এভার গ্ল্যাডস’ ইকো পার্কটির নৈসর্গিক শোভা বলে—কয়ে শেষ হবার নয়! পার্কের মাঝ বরাবর নীল জলে উপচে পড়া হাঁসের ডানার মতো শান্ত কোমল বহমান একটি লেক, যা আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। লেকের বুকে ছড়িয়ে থাকা রক্তকমলের পাতার ফাঁকে ফাঁকে মাছ কুমির একসাথে সাঁতরে বেড়ায়। সকাল পড়তে বহুদূর থেকে দলে দলে বিহঙ্গরা লেকের জলে এসে ভিড়ে এরপর ডানা জুড়িয়ে ভেসে বেড়ায় জলের ছাদে। মাথার ওপর বিস্তর উদোম নীল আকাশটি এখানে যেন একটু বেশি নীল রং ধরে দাঁড়িয়ে থাকে।
আমি প্রায় দিন ভোরের নীলচে আভার সাথে বাজি ধরে পার্কে মাইল দুই হাঁটি। এরপর পুবের আকাশ কমলা হতে পার্কের লেক ঘেঁষে পিঁড়ির মতো সাদরে বিছিয়ে থাকা কাঠের বেঞ্চের নির্দিষ্ট একটিতে গিয়ে বসি। সূর্য প্রায় উঠি—উঠি করছে এ সময়কালটি আমার ভীষণ পছন্দের। এসময় আমার হাতে ধরা থাকে ধোঁয়া—ওঠা এক মগ কফি। এ আমার প্রতিদিনের রুটিন! মোটের ওপর সকালবেলার এ আয়োজনটি আমার সারাদিনের বাড়তি ব্যস্ততা বয়ে নেবার শক্তি জুগিয়ে থাকে।
প্রতিদিনের মতো সেদিনও সূর্য কেবল আড়মোড়া ভাঙছে। কমলা রঙের আবেশে ছেয়ে গেছে আকাশের পুবকোণ। এমন মোক্ষম সময়ে ধ্যানী—জ্ঞানীর কথা বাদ থাক, সাক্ষাৎ নরকদেবীও বোধহয় সকল কুকর্ম ভুলে এমন ঐশ্বরিক সৌন্দর্যে বিমোহিত হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে।
কিন্তু আমাদের ক্রিস্টাল তার সম্পূর্ণ ব্যতিক্রম! আমি কড়ায়গণ্ডায় হিসেব কষে দেখেছিÑ সে সবসময় তার ষাড়গরুসম জার্মান শেফার্ড নিয়ে ঠিক এই যথার্থ সময়ে আমাকে ত্যক্ত করবে! ক্রিস্টাল নামক এই মাঝবয়সী যন্ত্রণা’র সাথে আমার অল্প ক’দিনের পরিচয়! নিদেনপক্ষে এদেশে সাদা চামড়ার মানুষ আমার মতো বাদামী কিংবা কালোদের এড়িয়ে চলে। কিন্তু সে তার জাতস্বভাবেও দেখি যথেষ্ট ব্যতিক্রম! তার ওপর আমি যথেষ্ট আত্মঘেঁষা অন্তর্মুখী মানুষ। পারতপক্ষে ঠেকায় না পড়লে কারো সাথে আগবাড়িয়ে কথা তো দূরে থাক, চোখে চোখ রেখে অভিবাদনটুকু দিতে কুণ্ঠিত হই! আর বন্ধুবৎসল তো নই—ই, উপরন্তু অপরিচিত লোকের সংস্পর্শে এলে আমার ভ্রম্নর ওপর একটি বিরক্তিভাঁজ ভেসে ওঠে! আজও তাই হল! কিন্তু এত অবজ্ঞার পরও ক্রিস্টাল আমার পিছু ছাড়ছে না!
হাতিসম কুকুরটি যদিও নিয়মমাফিক দড়িতে বাঁধা কিন্তু অসতর্কতায় ছুটে এসে আক্রমণ করবে না সে ভরসা পাই কই! কুকুর—বিড়ালে আমার ভীষণ ভয়। ভয়ের অবশ্য যথার্থ কারণ আছে। আমাকে দু’দুবার কুকুরে কামড়েছে বিধায় লুই পাস্তুর সাহেবের ভ্যাকসিনের অভিজ্ঞতা আমার অজানা নয়! তাই এসব প্রাণী দেখলে চৌদ্দ হাত দূরে সরে যাই! তবে এদেশে পশুকুলের বিশেষ করে পালিত কুকুর—বিড়ালের কদর বড়ো বেশি এমন কী অনেক সময় মানুষকে ছাড়িয়ে গিয়ে মনোযোগ পেয়ে থাকে! কেউ তাদের দূর দূর করলে মালিক বড়ো নাখোশ হয়! আমি তাই এড়িয়ে যেতে ভিন্নপথে সজোরে আগেভাগে জানিয়ে দিইÑপোষাপ্রাণীতে আমার অ্যালার্জি আছে!
এদেশে অ্যালার্জি নামক রোগটিকে বেশ তোয়াজ করা হয়! আমাদের দেশে একসময় ডাক্তার রোগ নির্ণয়ে ব্যর্থ হলে নিরস গলায় বলতো— অ্যালার্জি এবং রোগীকে অযথা গরুর মাংস আর চিংড়ি মাছের মতো লোভনীয় খাবার খেতে নিষেধ করা হত! যেন জগতে এই দুই খাবারে অ্যালার্জি জটা গেঁড়ে বসে আছে! এদেশে পোষাপ্রাণীর মতো অ্যালার্জি বিষয়টিকেও বেশ সমীহ করা হয়। তাকে নিয়ে নানান পর্যায়ে পরীক্ষানিরীক্ষা হয়। তাই কুকুরের ভয় থেকে বাঁচতে অ্যালার্জি বলে পার পাওয়া আমার কাছে দোষের মনে হয় না! এমন মিহিমিথ্যার প্রলাপে অনেকে পাত্তা দিলেও আমাদের ক্রিস্টাল কিন্তু তাতে দমে না বরং আমার মনে হয় আমার ভয়ার্ত চিৎকারে সে বিশেষ বিনোদন খুঁজে পায়! সে মুখে হাসি এঁটে তার কুকুরটিকে আমার আরও নিকটে নিয়ে আসে! লেকপাড়ে সারিবেঁধে অসংখ্য বেঞ্চ আছে এবং সেসবে দুনিয়ার জায়গা ফাঁকা পড়ে থাকলেও ক্রিস্টাল ঠেলাঠেলি করে আমার বেঞ্চে এসে বসবে! আমি অভ্যাস মতো কপাল কুঁচকে উঠে গিয়ে পরের বেঞ্চে বসি! তার সাথে পরিচয়ের শুরু থেকে এমন ইঁদুর—বিড়াল খেলা চলছে!
একদিন সকালবেলায় পার্কে এসে দেখি সে আমার নির্দিষ্ট বেঞ্চটিতে বসে আছে, সাথে কার্লোস। কার্লোসের সাথে আমার পরিচয় নেই। সেদিন প্রথম আলাপ। অবশ্য তাদের দুজনকে দূর থেকে হাত ধরাধরি করে পার্কে ঘুরে বেড়াতে দেখেছি। স্বামী কিংবা বন্ধু হবে হয়তো। আমি বেঞ্চের কাছে আসতে কার্লোস এবং ক্রিস্টাল উভয়ে আমার দিকে তাকিয়ে প্রশ্রয়ের হাসি হেসে সামান্য সরে আমাকে বসতে জায়গা করে দেয়। আমি আমার স্বভাব মতো নীরস মুখে এগিয়ে গিয়ে ভিন্ন বেঞ্চে বসি! সেসময় কার্লোস এগিয়ে এসে আমার সাথে বসে। এ যাত্রায় কার্লোসের সাথে টুকটাক কথা হয়। লোকটি মন্দ নয়। জাতে মেক্সিকান বলে বোধহয় মুখে অযথা হাসি ঝুলিয়ে রাখে। কুকুরে আমার ভীতি টের পেয়ে ক্রিস্টালকে দড়ি শক্ত করে ধরে রাখতে বলে। এবং সেও দেখছি এই প্রথমবার বাধ্য মেয়ের মতো কুকুরটিকে তার সীমানায় ধরে রাখে!
প্রকৃতিতে হালকা শীত ভর করেছে। এসময়ে এখানকার আবহাওয়া আমার দেশের হেমন্ত ঋতুর কথা মনে করিয়ে দেয়। প্রকৃতিজুড়ে মৃদু শীতল হাওয়া শরীর মনে বড়ো প্রশান্তি বিলিয়ে যায়। হাওয়ার তোড়ে ভেসে আসে নাম না জানা নানান বুনোফুলের সুগন্ধ। শেষরাতে ঘুম ভেঙে গেলে আমি সাধারণত এমনদিনে একটু জলদি করে হাঁটতে বেরিয়ে পড়ি। ইকোপার্কটির যেন কোনো শেষ নেই। মাইলের পর মাইল দিগন্তছোঁয়া বিচালি বিছানো মাঠ পড়ে আছে। কোথাও কোথাও বৃষ্টি জমা পানি, তার ওপর অনাদরে বেড়ে উঠেছে নানাপদী জলজ ঘাস। আমি সেসব মাঠ মাড়িয়ে এগিয়ে যাই অনেকটা পথ এবং এক সময় ক্লান্ত হয়ে ফিরে আসি প্রিয় সে বেঞ্চের কাছে। সূর্য জাগেনি তবে নীলের আভা ছড়িয়ে পড়েছে আকাশের পুবকোণে। মনের কোচরে আজ স্বস্তি জেগেছে বেশ, এই মনে করে যে আজকে অন্তত ক্রিস্টাল নামের আপদের উপস্থিতি নেই! নিজের পছন্দের বেঞ্চটি অনেকদিন পর দখলে পেয়ে হাত পা ছড়িয়ে বসি। পার্কের সারি সারি গাছের ভিড় টপকিয়ে হলেও এই বেঞ্চটি থেকে সূর্যোদয় পরিষ্কার দেখা যায়। এমন মুহূর্তে এক কাপ কফি না হলে সব উপভোগ বৃথা! সকাল সকাল তাড়াহুড়ায় বেরিয়ে আসতে কফি মগটি ভুল করে বাসায় ফেলে এসেছি!
এই ফাঁকে ক্রিস্টাল ভোরের আবছা আঁধারে বিড়ালপায়ে কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে, টের পাইনি! আমাকে প্রায় ঘেঁষে হাসিমুখে আমার পাশে এসে বসে! তার সাথে কার্লোস। কিন্তু কুকুরটি আজ তাদের সাথে নেই! আমার স্বস্তি ফেরে। মৃদু অন্ধকার ছাপিয়ে ক্রিস্টালের দিকে চোখ ফেরাতে তার হাতে আমার পছন্দের স্টারবাকসের বাঁশকাগজের কফি—ট্রে দেখতে পাই। কফির ঘ্রাণে এবার আমার কাত হবার পালা। সকাল সকাল এক মগ কফি না হলে দিন কাটে চরম বিমর্ষে! এই মুহূর্তে কফির টান বড্ড টের পাচ্ছিলাম! কুয়াশার সাথে কফির ধোঁয়ার স্পর্শে আমি আমাকে হারিয়ে বাধ্য মেয়ের মতো তাদের আলাপে অতি মনোযোগী হয়ে পড়ি! এমন মোক্ষম সময়ে মুখে চমৎকার হাসি ছড়িয়ে ক্রিস্টাল একটি কাপ আমার দিকে এগিয়ে ধরে! আমার মুখের অভিব্যক্তি এক নিমিষে বদলে যায়! আমি যারপরনাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠি!
বলতে দ্বিধা নেই এদিন একটি চরম সত্য উপলব্ধি করি। এক শ্রেণীর মানুষকে এড়িয়ে যেতে হলেও সবাইকে অবজ্ঞা করতে নেই। ক্রিস্টাল কিংবা কার্লোসকে ভুল ফ্রেমে ফেলে অন্যায্য কাজ করেছি তবে ক্রমে আমরা তিনজন ভালো বন্ধু হয়ে উঠি। ক্রিস্টালের গল্প বলার ধরনে এক প্রকার মুগ্ধতা মিশে থাকে। সে খুব গুছিয়ে কথা বলতে পারে। আর আমি আগাগোড়া শুনে যাওয়া দলের মানুষ। ক্রিস্টাল শুধু আলাপে বললে অবিচার হবে কথার মাঝে তার রসজ্ঞান অসাধারণ। আমার মতো ভারতীয় গোমড়ামুখিও সেসব শুনে না হেসে পারে না! পার্কে ঢোকার রাস্তার মোড়ে স্টারবাকস’র কফিশপ। এরপর থেকে সে প্রায়দিন আমার পছন্দের ফ্লেভারের কফি নিয়ে আসে। নিষেধ করে লাভ হয়নি। আমি হেঁটে আসতে সে হাসিমুখে ধোঁয়াওঠা কফির কাপ সামনে উঁচিয়ে ধরে। কফির ধোঁয়ার সাথে পাল্লা দিয়ে ক্রিস্টালের গল্পের ঝড় ওঠে। আর আমি মুগ্ধ শ্রোতা, একমনে শুনে যাই।
আর ক’দিন বাদে থ্যাংকস—গিভিং উৎসব। এটি উত্তর আমেরিকার একটি ঐতিহাসিক উৎসব। এদেশে বিপুল পরিসরে এ উৎসবটি পালন করা হয়। নিদেনপক্ষে আমার কাছে এদিনের বাড়তি কোনো কদর নেই! মোটের ওপর আমেরিকানরা এদিনে উৎসবের আমেজে বুঁদ হয়ে থাকে। ক্রিস্টাল পুরোদস্তুর আমেরিকান এবং তার গল্পের পুরোভাগ জুড়ে থাকে আসন্ন থ্যাংকস গিভিং উৎসবের পরিকল্পনাকে ঘিরে!
আজকাল কার্লোসের শরীর ভালো যাচ্ছে না! সে এখন অনিয়মিত আমাদের সকালের আড্ডায়। বেচারা কার্লোস যখন থাকে আমি নির্বোধ শ্রোতা হয়ে আনন্দে সময় পার করি। কিন্তু ক্রিস্টাল বোধহয় একা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে! আমার কাছ থেকে এ বিষয়ে কিছু শুনতে চায়! বিপদে পড়ি! কিছু না ভেবে হুট করে এদিনের খাবারের রেসিপি নিয়ে কথা বলে উঠি! যদিও এ বিষয়ে আমার কোনো রকম বাড়তি আগ্রহ নেই। এদেশের গণমাধ্যমগুলো এসময়ে এদিনের খাবারের রেসিপি নিয়ে এতটা বাড়াবাড়ি করে যে মনে হয় এই উৎসব ব্যতিরেকে বাকি সময় আমেরিকানরা অভুক্ত থাকে! অন্য কোনো উৎসবে এর চার আনা মাতামাতি হয় কিনা সন্দেহ! আমার কাছে তাদের এ বিষয়টি আদিখ্যেতা মনে হলেও ভুলোমনে ভুল প্রশ্ন করে ফ্যাসাদে পড়েছি!
ক্রিস্টাল রান্নাপটু মানুষ, আর যুতমতো বিষয় পেয়ে এবার সে বলতে শুরু করে। আমেরিকার আদি রান্নার রেসিপি তার ঝাড়া মুখস্থ। প্রাচীন ইতিহাস বিষয়ে আমার আগ্রহ দেখে পরদিন সে শাদা কাগজে এক গাদা আমেরিকান প্রাচীন রেসিপি লিখে আমার হাতে ধরিয়ে দেয়! আমি মনের দুঃখ চেপে রেখে কাষ্টহাসিতে তা প্যান্টের পকেটে রাখি! রান্না বিষয়ে আমার কণামাত্র আগ্রহ নেই আর আনাড়িও বটে! তা বোধকরি হেঁসেল ঘরের আতঙ্ক আমার সারা জনমের! মাঝে মধ্যে মনে হয় শক্তিশালী বোমা মেরে হেঁসেল ঘর বাড়ি থেকে উড়িয়ে দিই! ক্রিস্টাল আমার কথায় হেসে মাটিতে গড়িয়ে পড়ে!
এদেশে ঋতু—উৎসব তো বটেই, অন্য যেকোনো উৎসব আয়োজনে খাবারদাবার, পোশাকআশাক, ঘরদোর এমনকি ঘরের পা—পোশ পর্যন্ত উৎসবের রং—ঢঙ মেনে সাজানো হয়। এমন বাড়তি আয়োজন না হলে নাকি তাদের জাত থাকে না! আমি উড়াধুরা প্রকৃতির মানুষ। আবার জাতপাতেরও ধার ধারি না! তাই বাধ্যগত শ্রোতা হয়ে ক্রিস্টালের আয়োজনের আধিক্য শুনে মুগ্ধ হবার ভান করি। আমাকে তার ডিনারের ফর্দ শোনায়। যার বেশিরভাগ পদের নাম আমার জানা নেই! রোস্ট টার্কি আর স্টাফিং টার্কির প্রভেদ আমাকে সে বুঝিয়ে বলে। সে বলে আর আমি বিস্মিত হবার ভান করে শুনি! ধোঁয়া—ওঠা কফির জেরে কিংবা রসবোধের কারণে হয়তো তার সাথে এতটা অভিনয় করতে আমার বাঁধ সাধে না! তবে আমার নিপুণ অভিনয়ের জোরে বলতে গেলে নগদে ক্রিস্টালের বাড়িতে আমার থ্যাংকসগিভিং ডিনারের নিমন্ত্রণ জুটেও যায়!
পরদিন ক্রিস্টাল ঘুরেফিরে উৎসবের সেই একই আলাপ পাড়ে! একই গল্পের পুনরাবৃত্তি আমার মতো অস্থির প্রকৃতির মানুষ কতক্ষণ নিতে পারে! আমি গল্পের মোড় কৌশলে পাল্টে দিতে তার ছেলের কথা তুলি। অবশ্য ছেলের গল্প বলতে সে সর্বদা দু’পা বাড়িয়ে থাকে!
তার একমাত্র ছেলে, জোসেফ। দেশের সেরা স্কুল ডিঙিয়ে এখন নিউজার্সিতে চাকুরি করছে! ছেলেকে ভীষণ কর্মব্যস্ত থাকতে হয়। কিন্তু সমস্ত ব্যস্ততা ভাগাড়ে ছুঁড়ে থ্যাংকস গিভিং ডে’তে সে মায়ের কাছে উড়ে আসে। তার এই একই বাক্য গত কদিনে কমপক্ষে একশ’বার শুনেছি! তার ছেলে জোসেফ এবং থ্যাংকস গিভিং ডিনারের ফর্দ শুনে আমার এমন দশা হয়েছে যে রাতে ঘুমের ঘোরে স্বপনেও তার ছেলে এবং টেবিলভর্তি খাবারের ছবি দেখি এখন!
এদেশে থ্যাংকসগিভিং মরসুমে কেনাকাটায় বিশাল ছাড় পাওয়া যায়। এরূপ উৎসব আয়োজনে আমার আগ্রহ কম থাকলেও সারাবছর এই মূল্যছাড়ের জন্যে মুখিয়ে থাকি! এদিনে কিছু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রনিকস জিনিসপাতি বেশ কম মূল্যে ছেড়ে দোকানগুলো মাঝরাত থেকে বেশ হুলস্থুল বাঁধিয়ে দেয়। আমি তাদের ফাঁদে পড়ে পারতপক্ষে গভীররাতের আরাম—ঘুম বিসর্জন দিয়ে হলেও ছাড়ের লাইনে ঢুলুঢুলু চোখে দাঁড়িয়ে থাকি! এবং অল্প দামে সারাবছরকার প্রয়োজনীয় এবং বেশিরভাগ ক্ষেত্রে অপ্রয়োজনীয় জিনিসপাতি কিনে বাড়ির গ্যারাজ ভরিয়ে তুলি!
আজও থ্যাংকসগিভিং দিনে সারাদিন ছুটোছুটি করে কীসব ছাইপাঁশ কিনে বাসায় ফিরতে বিকেল নামে। তবে অন্যান্য বছরে মনজুড়ে আত্নতৃপ্তি জাগলেও এবারে আফসোসে দিন গেল! বেশিরাতে লাইনে দাঁড়িয়েও নিজের পছন্দের ল্যাপটপটি কিনতে পারিনি! মাত্র পঞ্চাশ পিস’—এর জন্যে মূল্যছাড় ছিল, অথচ লাইনে ছিল অন্তত পাঁচশ’ লোক! বেশ কটা দোকানে ধর্না দিয়েও ফিরে আসতে হয়! প্রতিবার প্রতিজ্ঞা করি পুঁজিবাদী এই সমাজব্যবস্থার ধারেকাছে ভিড়ব না, কিন্তু নিজের অজান্তে এসব ফাঁদে আটকা পড়ে যাই!
ওদিকে শীতকালের বেলা বড়ো অবেলায় পড়ে যায়! ক্রিস্টালের বাসায় ডিনারের নিমন্ত্রণ আছে। স্মরণ করিয়ে দিতে আমাকে পালা করে বার কয়েক ফোনে তাগাদা দিয়েছে ক্রিস্টাল! এদেশের মানুষ ডিনার করে বিকেল পাঁচটায়। ওর ছেলে জোসেফ এতক্ষণে হয়তো বাড়ি এসে গেছে। বড়ো শরমিন্দা হয় আমার! আমার জন্যে হয়তো এরা খাবার টেবিলে হাত গুটিয়ে বসে আছে। আমি চটজলদি গিফট আধাআধি রঙিন কাগজে মুড়ে, ওর বাড়ি গিয়ে পৌঁছি। তাও সন্ধ্যা পেরিয়ে যায়!
কার্লোস এবং ক্রিস্টাল বসার ঘরে চুপচাপ বসে আছে! ক্রিস্টালের মতো মানুষের মুখে আজ তেমন কথা নেই! আর সারাক্ষণ হাসিআড্ডায় মেতে থাকা কার্লোসকে বড়ো ক্লান্ত বিমর্ষ লাগছে! জোসেফকে দেখি না, আঁচ করতে পারি ছেলের কোনো সমস্যা হয়েছে। তারা কেউ কিছু বলে না! আমি ইতস্তত বোধ করি। একসময় পরিবেশটি অস্বস্তিকর ঠেকলে বরাবরের মতো ক্রিস্টাল মুখ খোলে। ছেলে জোসেফের দুপুরে আসার কথা ছিল কিন্তু এখনো এসে পৌঁছেনি! ফ্লাইট—জ্যাম লেগেছে! অবশ্য থ্যাংকস গিভিং—এর ছুটিতে এমন হওয়া অস্বাভাবিক নয়। এই উৎসবকে সামনে রেখে পুরো আমেরিকা নড়েচড়ে বসে! এ সময়ে প্রায় সপ্তাহজুড়ে সরকারি ছুটি থাকে এবং পারিবারিক উৎসব হিসেবে নিজ নিজ বাড়ি ফিরতে এরা হূলস্থুল বাঁধিয়ে ফেলে। ওদিকে জোসেফের সাথে যোগাযোগ করা যায়নি। তাদের কাছে ছেলের ফ্লাইটতথ্য নেই। কাজেই কোনোভাবে খবর নেয়ার পথ নাই!
আমরা ক্রিস্টালের বাহারি ট্র্যাডিশনাল খাবারে সাজানো টেবিলে বসে ছেলের অপেক্ষায় থাকি!
অপেক্ষার সময় বাড়তে থাকে! ধীরে ধীরে আমাদের ঘরোয়া গল্পের উচ্ছলতা কমে আসে। যদিও জোসেফের ভাবনায় আমরা সবাই মনমরা উত্তাপহীন হয়ে আছি। বিশেষ করে কার্লোস সেই শুরু থেকে বাক্যহীন হয়ে বসে আছে। শীতের রাতটি অপেক্ষার মতো দীর্ঘ হয়ে ওঠে। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা। সারাদিন শপিং করে বাসায় ফিরে খাওয়ার সময় পাই নাই। ওদিকে চোখের সামনে টেবিলে থ্যাংকস গিভিং—ডিনার জুরিয়ে শীতল হয়! খাবারের গন্ধে ক্ষুধার মাত্রা বাড়ে বহুগুণে! অন্যসময় হলে হয়তো মুখ ফুটে বলে দিতে দ্বিধা করতাম না, কিন্তু আজকে এদের দু’জনের অসিত মলিন চেহারার কাছে সে ইচ্ছে মারা পড়ে যায়!
একসময় আমাদের গল্প একদম ফুরিয়ে যায়। খাওয়ার ঘরে নিঃশব্দে টিভি চলছে। আমি টিভি স্ক্রিনে অবোধের মতো তাকিয়ে অযথা সময় পার করি! ক্রিস্টাল সারাদিন পরিশ্রম করে নানান পদে খাবার টেবিল সাজিয়ে এখন সে যারপরনাই ক্লান্ত হয়ে চেয়ার লেপটে বসে আছে। রাত বাড়ে। বসার ঘরের দেয়াল ঘড়িটা মাঝরাতের ইঙ্গিত দেয়! কার্লোস মোটা কাটা মানুষ! দেহটাকে টেনে নিয়ে আরাম খুঁজতে সোফায় গিয়ে বসে।
আমাকে কাছে ডাকতে উঠে গিয়ে হাতপা ছড়িয়ে তার পাশে বসি। এরপর ঘরজুড়ে আরেকপ্রস্ত নীরবতা নামে! কেউ কথা বলছি না এমনকি টেলিভিশনেরও কোনো আওয়াজ নেই! আমরা নিঃশব্দে তাকিয়ে থাকি টিভি স্ক্রিনের দিকে। এসময় ক্রিস্টাল তার বিবশ দেহটাকে কোনোমতে টেনে উঠে দাঁড়ায়! কিছুক্ষণ মাথা নত হয়ে দাঁড়িয়ে থাকে! আমি আড়চোখে তার দিকে তাকিয়ে থাকি। খাবার খেতে ডাকবে বুঝি! কিন্তু সে বিষণ্ণচোখে দেয়াল ঘড়িটার দিকে তাকায়। এবং একসময় অগোছালো পায়ে হেঁটে শোবার ঘরের দিকে চলে যায়!
কার্লোস আমার দিকে ঝুঁকে এসে কানের কাছে ফিসফিস করে! আমার অতিমাত্রার সুড়সুড়ি! পারতপক্ষে কানের কাছে কাউকে ঘিরতে দিই না। তাছাড়া আমি ফিসফিসানি নামক গোপন কথা ধরতে পারি না। কিন্তু কার্লোস তাতে পাত্তা না দিয়ে আমি সরে গেলেও সে হাত ধরে কাছে টানে। তাকে বুঝিয়ে বলতে সে এবার মৃদুস্বরে জানায়, ক্রিস্টালের আদতে কোনো ছেলে নেই!
ক্রিস্টাল নিঃসন্তান! একটি সন্তানের আক্ষেপে সারাজীবন নিজেকে পুড়িয়ে মারছে! মেডিক্যালের ভাষায় সে সিজোফ্রেনিয়া রোগী। তবে সারা বছর তেমন সমস্যা না করলেও পারিবারিক উৎসবগুলো সামনে এলে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে! থ্যাংকসগিভিং ডে অন্যান্য আমেরিকানদের মতো তার কাছেও সেরা পারিবারিক উৎসবের দিন। প্রতিবছর এদিন ঘনিয়ে আসতে তার ভেতরের মানসিক রোগটা আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে। সে সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে বন্ধুত্ব করে। এ বছর যেমন তোমাকে পেয়েছে। এবং সেই বন্ধুর কাছে কল্পনায় বানানো সন্তানকে নিয়ে রাজ্যের গল্প করে। তার গল্প বলার ধরন চমৎকার। এমন সাজানো গোছানো চমৎকার গল্প মিথ্যা বলে মনে হয় না। যে কেউ তা বিশ্বাস করে। তুমি নিজে যেমন বিশ্বাস করেছ!
সে কল্পিত সন্তানের জন্যে সপ্তাহ ধরে কেনাকাটা করে, নিজহাতে রান্না করে এবং থ্যাংকসগিভিং ডিনারের টেবিল সাজিয়ে অপেক্ষায় বসে থাকে! বিকেল কেটে রাত আসে, এরপর মধ্যরাত! অপেক্ষার ভারে বিষণ্ণ—ক্লান্ত হয়ে একসময় কড়া ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে!
