জাবিয়ানদের ‘হিমেল হাওয়ায় গান ও আড্ডা’ || শিল্পী রাশার দুর্লভ পোস্টার প্রদর্শনী

বিশেষ প্রতিবেদনঃ প্রবাসের যান্ত্রিক জীবনে প্রাণের ক্যাম্পাসের স্মৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে নিউইয়র্কে উদযাপিত হলো জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র বার্ষিক হিম উৎসব ‘হিমেল হাওয়ার গান ও আড্ডা’। গত ১৪ নভেম্বর শনিবার জ্যামাইকার অঙ্গন পার্টি হলে বিকেল চারটায় শুরু হওয়া এই মিলনমেলায় বিশ্ববিদ্যালয়ের নবীন ও প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও সুধীজন অংশ নেন।

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহারি পিঠা ও হাতে বানানো আচার প্রতিযোগিতা। আচার প্রতিযোগিতায় ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং বিচারকদের রায়ে প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অতিথিদের মাঝে সংগঠনের পক্ষ থেকে স্মারক টোট ব্যাগ বিতরণ করা হয়।

এবারের আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ২১ জন শিশু—কিশোরের তোলা মোবাইল আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সংগঠনের উপদেষ্টা জামান মুনির। এছাড়া প্রাক্তন শিক্ষার্থী ও শিল্পী আখতার আহমেদ রাশার ব্যক্তিগত সংগ্রহ থেকে ৪১টি দুর্লভ ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পোস্টারের প্রদর্শনী পুরো হলরুমকে এক অনন্য নান্দনিক রূপ দেয়। পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ। অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী একরামুল করিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করা হয়।

পোস্টার প্রদর্শনীর উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ্আখতার আহমেদ রাশার নানামাত্রিক শখ ও কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এই ৪১টি পোস্টার বিশ্ববিদ্যালয়ের অংশ। জানা যায়, তার সংগ্রহে চার শতাধিক পোস্টার রয়েছে। প্রদর্শিত পোস্টারে যেমন একাত্তরের মুক্তিযুদ্ধ আছে, তেমনই আছে সোফিয়া লোরেনের মুভির, দ্য কনসার্ট ফর বাংলাদেশের, সোভিয়েট বিপ্লব, কবি শামসুর রাহমান, ঢাকার মহিলা সমিতির নাটক, এলেন গিনসবার্গ, এঞ্জেলা ডেভিড, ফ্রিদা কাহলি, জয়নুল আবেদীন, ম্যান্ডেলা, হো চি মিন, চে গুয়েভারা, কার্ল মার্কস, জোয়ান বায়েজ ইত্যাদি।

সন্ধ্যা ছয়টায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে জাবিয়ানদের পরিবেশনায় ছিল সমবেত সংগীত, দলীয় নৃত্য, কবিতা আবৃত্তি ও কৌতুক। চমৎকার কৌতুক পরিবেশন করেন প্রশান্ত মল্লিক অয়ন। একক সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন রেক্সোনা আখতার, মেরীষ্টেলা আহমেদ, মিফাত নায়ার ও রাকিব বাবু। প্রাক্তন ছাত্রীদের দলীয় নাচে অংশ নেন সেতু মল্লিক,  শামীমারা বেগম, দুররে মাকনুন নবনী ও তাসনুফা ইসলাম। অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী সুশীল সিনহা। সাংস্কৃতিক পর্বে সবশেষে শাহরিয়ার তৈমুর পরিবেশিত আধুনিক ও ব্যান্ডের গান উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শামীম আরা বেগম, দুররে মাকনুন নবনী, তানজীল মাহমুদ, আফ্রোদিতি পান্না ও জাকিয়া মাহবুব নাবিলা।

আয়োজনটি সফল ও সার্থক করে তোলার জন্য সংগঠনের সভাপতি মেঘনা পাল এবং সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন উপস্থিত সকল অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পুরো আয়োজনটি সাফল্যমণ্ডিত করার পেছনে বিশেষ অবদানের জন্য সুব্রত পাল, রিজিয়া ফারহানা খান, তানজীল মাহমুদ,  শামীমারা বেগম, জুবায়ের ফাহাদ, জান্নাত আরা সনি এবং দুররে মাকনুন নবনীকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

Related Posts