যা দেখেছি যা বুঝেছি—৩৭ || মনিরুল ইসলাম

নারীজীবন

আমি নারী হয়ে আরেকটি পূর্ণাঙ্গ জীবন চাই, কারণ আমি বুঝতে চাই:

দুঃখ যন্ত্রণা তার কীসে বেশি, কীসে কম। কীভাবে তা গ্রহণ/হজম করে। কতটুকু সে ভেঙে পড়ে, কিভাবে আবার দাঁড়ায়। দুঃখশোক ঝড়—ঝঞ্ঝা কাটিয়ে জীবনকে নূতন করে গড়ে তোলার এত প্রাণশক্তি সে কোথায় পায়? অপমান লাঞ্ছনা গঞ্জনায় সে কী বলতে চায় মুখ ফুটে? কেন সে আত্মহনন বেছে নেয় অবলীলায়। জয়—পরাজয় পাওয়া না—পাওয়া তার মনকে কোথায় কী অবস্থায় নিয়ে যায়। কেন তার এত উচ্ছ্বাস, অভিলাষ।

আবেগ অনুভুতির ধরন, তীব্রতা, প্রকাশ কীরকম? সুখ—দুঃখের বীণা তার কখন কতটুকু বাজে। কোনটা সে মনে রাখে, কোনটা ভুলে যায়। মান অভিমান তারও হয় কিন্তু কিভাবে তা পুরুষ থেকে ভিন্নতর? রাগ বিরাগ তার কতটুকু হয়, কিভাবে কতটুকু সামলে নেয়Ñকতক্ষণ পর? হিংসা ঘৃণা অবজ্ঞায় তার চোখ মুখ কেন এমন করে, ছি ছি ধ্বনির মানে কি? মেয়েলি পুরুষের বিপরীতে পুরুষালি নারী কেমন হয় ?

‘মন’ বোঝা যায় না তার কেন বলে ? ষড়ঋতুতে প্রকৃতির রূপ বদলে যায়, সেই সাথে নারীর মন কতটুকু বদলায়। একাকিত্বে নির্জনে তার কেমন লাগে। কেন এবং কখন সে প্রেমে পড়ে, আর পড়ে না। পরকীয়ায় সে কী ভাবে মনে মনে।

অহংকার গৌরব বিনয়ে সে কতখানি নড়েচড়ে বসে, পুরুষের তুলনায়? কর্তৃত্বপনা, নেতৃত্ব, অর্থোপার্জন, সে কতটুকু উপভোগ করে। রানিরূপে বাইরে, গিন্নী হিসাবে ঘরে তার কর্মভাবনা ও কর্মপ্রকৃতি কেন পুরুষের চেয়ে ভিন্ন হয়। সাজ ভোগ বিলাস আনন্দ অহমিকায় কেন সে এমন করে পুরুষকে ছাড়িয়ে যায়? অপচয়ে দারিদে্র্য প্রাচুর্যে সে কতটুকু আলোড়িত হয়।

সৌন্দর্যবোধ প্রখর কেন? প্রকৃতিতে পুরুষপ্রাণী (পশু পাখি মৎস্য) স্ত্রীপ্রাণীর চেয়ে আকর্ষণীয় হয় কিন্তু মনুষ্যজগতে নারীর দেহসৌষ্ঠব সুন্দরতর হয়। তাও কেন নারী এত সাজে, নিখঁুত হতে চায়। সুন্দরী আরো সুন্দরী হতে চায়, যারা সুন্দরী নয় তাদের কেমন লাগে! 

জীবনবোধ কেমন তার? কী সে ভাবে জীবন নিয়ে? অগ্রাধিকার ভিন্ন হয় কেন: স্বামীর চেয়ে সন্তান, মা—র চেয়ে বাবা, বোনের চেয়ে ভাই কেন তার প্রিয়। কেন তার ভাললাগা ভালবাসা এত তীব্র তীক্ষè একরোখা হয় ? 

আমার পুরুষজীবনের বিভিন্ন স্তর পার হতে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করলাম, নারীজীবনে এসব অভিজ্ঞতা কতটুকু ভিন্ন বা অভিন্ন? আরেকজীবনে নারীরূপে জন্ম নিয়ে নারীজীবনের সকল স্তর একে একে অতিক্রম করতে চাই। নিশ্চয় সেখানে ভিন্নরকম সাধ ও স্বাদ আছে, যেখানে নারী আবিষ্কৃত হয় বিভিন্ন রূপে।

জননী হিসাবে গর্ভসঞ্চারে রোমাঞ্চিত হয়Ñজন্মদানের কষ্টে ও আনন্দে উদ্বেলিত হয়, স্তন্যদানে বিমোহিত হয়।

মা হতে চায় সকল রমণী, অতুল্য অমৃত ভালবাসা দেয় নেয় সন্তানের সাথে। 

নানি দাদি হতে চায়। পুরুষ খুশি হয় উত্তরাধিকার পেয়ে, নারী সেখানে কী পায় কী চায়?

সন্তান হারায় অকালে যে মাতা, তার মন কী বলে, সন্তানবাৎসল্য কেন এত তীব্র দুর্দমনীয় হয়?

বিধবা পরিত্যক্তা তালাকপ্রাপ্তা হয়ে গেলে তখন সে কী ভাবে?

বার্ধক্যে একা থেকে তার জীবন কেমন কাটে?

এ—ই সব আমার জানতে ইচ্ছা করেÑঅন্যের চোখে নয়, মুখে নয়, নিজের জীবন দিয়েÑনারীজীবন। তাহলেই  মানবজীবনের এপিঠ ওপিঠ বুঝতে পারব। মানুষকে, নিজেকেই বা কতটুকু চেনা যায়। তা—ও না হয় আত্মবিশ্লেষণ করে ‘পুরুষ’টাকে যৎকিঞ্চিৎ বুঝলাম, নারীকে? সকল পুরুষই তো নির্দ্বিধায় স্বীকার করে, নারীর মন দুর্জ্ঞেয়, অনতিক্রম্য। ‘সম্পূর্ণমানুষ’কে বুঝতে হলে উপায় একটাইÑনিজে নারী হয়ে জন্ম নিয়ে একটি ‘নারীজীবন’ যাপন করি সর্বাঙ্গীণভাবে। শুধু ‘বোঝা’ বা অভিজ্ঞতার জন্যই নয়Ñউপভোগ উপলব্ধির জন্য, মানবজীবনের পূর্ণতার জন্য।

আরেকটা কারণ। আমার সংসারে দুই পুত্র, কোনো কন্যা নেই। এই পৃথিবীতে আমার একটা কন্যা থাকবে না, তা কি করে হয়? আমার তো বাকি সব ছিল: মা, খালা, ফুফু, বোন, ভাবী, মেয়ে কাজিন, ভাগ্নি, প্রেমিকা, স্ত্রী, নারী সহকমীর্ ... কিন্তু কন্যার অভাব গেল না। মৃত্যুশয্যায় ‘বাবা, বাবা’ বলে পাগলের মতো কে এসে এমন করে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে? নিজে নারী হয়ে সেই ভূমিকার অর্থ বুঝতে চাই। হয়ত একটিমাত্র ‘নারীজীবন’ দিয়ে এতগুলি ভূমিকায় এতসব বোঝার সময়—সুযোগ হবে না কিন্তু কিছুটা অঁাচ তো করতে পারব। এ আমার হাস্যরস নয়, কৌতুক নয়, খোসা—ভাসা অলস ভাবনা নয়Ñআমি সিরিয়াস।

Related Posts