আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯৮
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
প্রফেসর ফাহাদ খলিল
সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সের ক্যাস্টর প্রফেসর ফাহাদ খলিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে ইকোনমিক্সে বি.এস.এস করেন। ১৯৮৮ সালে তিনি একই বিষয়ে এম.এ করেন ভার্জিনিয়া টেক থেকে। ১৯৯১ সালে একই বিষয়ে ভার্জিনিয়া টেক থেকে পিএইচ.ডি করেন। তিনি ভিজিটর স্কলার হিসাবে বিভিন্ন সময়ে অধ্যাপনা করেছেন ইউনিভার্সিটি অব টুলুস, ইউনিভার্সিটি অব প্যাডোভা, ইউনিভার্সিটি অব সাদাম্পটন সিইএস ইউনিভার্সিটি অব মিউনিখ, মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটি ইত্যাদিতে।
ড. ফরিদা সি. খান
কলোরাডো স্প্রিংএর ইউনিভার্সিটি অব কলোরাডোর কলেজ অব লেটার্স, আর্টস এন্ড সাইন্সেসের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সের চেয়ার ও এসোসিয়েট প্রফেসর ড. ফরিদা সি. খান। তিনি জর্জিয়া কলেজ ও স্টেট ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে বিবিএ এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে এম.এস করেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড থেকে একই বিষয়ে পিএইচ.ডি করেন।
প্রফেসর মোহাম্মদ জি. রব্বানি
এলাবামা এএন্ডএম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ফিনান্সের চেয়ার এবং প্রফেসর ড. মোহাম্মদ জি. রব্বানি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে ব্যাচেলর করেন। এমবিএ করেন একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে। আর মাস্টার্স করেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে। পিএইচডি করেন ফিনান্সে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে।
