মা ছিলেন সত্যিকারের পথপ্রদর্শক || দীপন দত্ত ফ্লোরিডা
আমার মা পূরবী বসু গত ১৩ নভেম্বর, ৭৮ বছর বয়সে, ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। নিজের বাড়িতে, নিজের বিছানায়, নিজের ইচ্ছা ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে, ষাট বছরের জীবনসঙ্গী স্বামীর পাশে শুয়েই তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন।
দুই বছর আগে তিনি গুরুতর স্ট্রোকের শিকার হয়েছিলেন। পাঁচ বছর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। বারো বছর আগে জয় করেছিলেন মরণব্যাধি ক্যান্সার। আর বিশ বছর আগে তাঁর শরীরে ধরা পড়েছিল পারকিনসন্স রোগ। এসবের যেকোনো একটি বিপর্যয়ই একজন মানুষের জীবনাবসান ঘটানোর জন্য যথেষ্ট হতে পারত। কিন্তু আমার মা ছিলেন ব্যতিক্রম। চিকিৎসকদের সমস্ত পূর্বানুমান ও আশঙ্কাকে অতিক্রম করে তিনি বেঁচে ছিলেন এক বিস্ময়কর প্রাণশক্তি, অপরাজেয় মনোবল ও অসাধারণ সহিষ্ণুতার জোরে।
আমার জীবনে দেখা সবচেয়ে দৃঢ়চেতা ও শক্তিমান মানুষ ছিলেন আমার মা। তিনি ছিলেন প্রকৃতিরই এক অপ্রতিরোধ্য শক্তির মতোÑযাঁর সংস্পর্শে আসা প্রতিটি মানুষের জীবনে তাঁর ব্যক্তিত্ব ও কর্মের অমোচনীয় ছাপ রয়ে গেছে। কত অসংখ্য মানুষের জীবন তিনি বদলে দিয়েছেন। তিনি ছিলেন একাধারে মা, স্ত্রী, বোন, লেখক, শিক্ষক, বিজ্ঞানী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ নির্বাহী, অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচালক, আবাসন খাতের বিনিয়োগকারী এবং মাটির বুকে জন্ম নেওয়া প্রতিটি উদ্ভিদ ও সবুজের অকৃত্রিম অনুরাগী। সর্বোপরি, অসংখ্য মানুষের কাছে তিনি ছিলেন এক অনন্য আদর্শ, এক সত্যিকারের পথপ্রদর্শক।
বাংলাদেশ ও ভারত থেকে তাঁর ভাইবোনদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের ব্যবস্থা করে তিনি তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন। তাঁর এই উদ্যোগ বর্তমান ও আগামী প্রজন্মের অসংখ্য মানুষের জীবনেও সুদূরপ্রসারী পরিবর্তনের ভিত্তি রচনা করেছে। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন বহু মানুষের কাছে কিংবদন্তী। তিনি ছিলেন অনেকের ত্রাণকর্তা।
আমরা তাঁকে চিরকাল মনে রাখব। তাঁর অনুপস্থিতি আমাদের হৃদয়ে যে গভীর শূন্যতা সৃষ্টি করেছে, তা কোনোদিন পূরণ হওয়ার নয়। সবার কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা তাঁর নাম, তাঁর জীবনকর্ম এবং তাঁর রেখে যাওয়া লিগাসি স্মরণে রাখবেন। চিরন্তন শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা ও অকুণ্ঠ সম্মান তাঁর প্রাপ্য।
মা, আমি তোমাকে ভালোবাসি। আজ এবং চিরকাল।
