এ পৃথিবী একবার পায় তারে || রাকীব হাসান মন্ট্রিয়েল

দেশের বাইরে প্রায় চার দশক ফুরিয়ে যাচ্ছে আমার। এই দীর্ঘ সময়ে বহু দেশের বিভিন্ন মানুষের সাথে দেখা হলো, পরিচয় হলো এবং হৃদয়ের আত্মীয়তাও হলো। এই আত্মীয়তায় বেশ কয়েকজন উল্লেখযোগ্য আলোকিত মানুষ আমি জীবনে পেয়েছি, পূরবী বসু তাদের অন্যতম। তাঁর মতো এতো স্পষ্ট এবং রঙিন সম্পর্ক আর কয়জনের সাথে পেয়েছি! 

তাঁর মৃত্যুর পরে মনের সব দরোজা—জানালা খুলে গেল, দেখতে পাচ্ছি স্মৃতির সেলুলয়েডে ভেসে যাচ্ছে জীবনের অসংখ্য ছবির পরে ছবি! ২০০৯ সালে মন্ট্রিয়লে উঠান চিত্রশালা আমার প্রদর্শনী দিয়ে শুরু হয়েছিলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে পূরবী বসু এবং তাঁর জীবনসঙ্গী প্রখ্যাত কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তাঁরা সানন্দে সেই আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন। উদ্বোধনী পর্বের পরে দু’দিন ধরে আমরা নদীর ধারে একটি কটেজে শিল্প—সাহিত্যের বিশিষ্টজনদের নিয়ে আড্ডার আয়োজন করেছিলাম। এই আড্ডায় পূরবী’দি এবং জ্যোতি’দা এতোটাই মুগ্ধ হয়েছিলেন যে, একই বছরে মাত্র দুই মাসের ব্যবধানে আমরা আবার একই আড্ডার আয়োজন করেছিলাম। 

পূরবী’দি আমার চিত্রশালার উদ্বোধন এবং প্রথম আড্ডা নিয়ে প্রসিদ্ধ ‘কালি ও কলম’ পত্রিকায় উচ্ছ্বাস এবং সৃষ্টির আনন্দে ডুবে গিয়ে দীর্ঘ এবং একটি সুবিন্যস্ত লেখা লিখেছিলেন। যার শিরোনাম ছিলো ‘উঠান থেকে অরণ্যে’। সেই থেকে উঠান চিত্রশালার বাৎসরিক আড্ডার নামকরণ হলো ‘উঠান থেকে অরণ্যে’। এ পর্যন্ত মোট এগারবার এই উঠান থেকে অরণ্যে অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি, পুরবী’দি শেষবার ছাড়া সবগুলো অনুষ্ঠানে শুধু যোগ দেননি, তিনি ছিলেন এই অনুষ্ঠানের মূল শক্তি। তিনি এই অনুষ্ঠানটিকে নিজের হৃদয়ের ঘর—বাড়ি বানিয়েছিলেন এবং আমরা সবাই তাঁর এই উচ্ছ্বাস এবং ভালোবাসার আনন্দযজ্ঞে ঠাঁই নিয়েছি।

ঠিক এই মুহূর্তে তাঁকে হারানোর পরে আমি বুঝতে পারছি না, কী লিখবো, কীভাবে লিখবো! তাঁকে নিয়ে লিখতে গিয়ে থেমে যাচ্ছি, আটকে যাচ্ছি। তাঁর কাছে থেকে পাওয়া ভালোবাসার স্রোত চারদিক থেকে নেমে আসছে। একজন পেশাগত বিজ্ঞানী, একজন কথাসাহিত্যিক, একজন চমৎকার আলোকিত মানুষ, এবং সবার উপরে ছিলো মানুষকে ভালোবাসার অপূর্ব এক হৃদয় তাঁর। খুব কাছে থেকে তাঁকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল, খুব কাছে বসে, তাঁর হৃদয় স্পর্শ করার সুযোগ তিনি আমাদের পরিবারটিকে দিয়েছিলেন। গত সতের বছরে তিনি এবং জ্যোতি’দা ১২ বার মন্ট্রিয়লে আমাদের কাছে এসেছিলেন। শিল্প—সাহিত্য, রাজনীতি এবং কতো মানুষের গল্প তাঁদের কাছে শুনেছি, আরও পেয়েছি হাস্যরসাত্মক আড্ডার কতো যে আনন্দ!

পূরবী’দির চলে যাওয়া আমাদের জন্য এক বিশাল শূন্যতা। বেশ কিছুদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন, আশায় ছিলাম আবার দেখা হবে। অসুস্থ হয়ে পড়ার আগে বেশ তাড়াহুড়ো করতেন। আমি জিজ্ঞেস করতাম এতো তাড়া কিসের দিদি? শেষ দিকে তিনি কোনো উত্তর দিতেন না। কী জানি হয়তো বুঝতে পেরেছিলেন দিন তাঁর ফুরিয়ে আসছে!

লেখালেখি, শিল্প—সাহিত্য, রাজনীতি, দেশপ্রেম, আমাদের সামাজিক আন্দোলন এবং সৃষ্টিশীলদের একাট্টার সাংগঠনিক কাজÑ এ সবই ছিলো তাঁর মাঠ। এতো কর্মঠ অথচ সর্বত্র ভালোবাসায় হৃদয় উপচানো মানুষ আমি জীবনে খুব কম পেয়েছি। শেষবার তাঁদের ফ্লোরিডা বাড়িতে যখন গেলাম, তাঁর সেই চিরচেনা আনন্দ প্রকাশে ঘাটতি কোথাও দেখিনি। যদিও শরীরটা বেশ দুর্বল এবং ম্লান লাগছিল। এর মাস ছয়েক পরেই স্ট্রোকে পড়ে হাসপাতালে গেলেন, তারপর কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরলেন কিন্তু আর দেখা হলো না। তাঁকে ছাড়া আমরা ২০২৫—এ ‘উঠান থেকে অরণ্যে’ অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম, পূরবী’দি ছাড়া উঠান থেকে অরণ্যে কীভাবে হয়! এগারতম পর্বটি তাঁকে উৎসর্গ করা হয়।

জীবন যেখানে মৃত্যুতে সুন্দর, বাংলাদেশের পূরবী বসু সেই জীবনকে সৃষ্টি করে চলে গেলেন।

মানুষের মৃত্যু হয়, হবেÑ পূরবী’দি কিছুই সঙ্গে নিয়ে যাননি, দেহ রেখে গেছেন চিকিৎসা বিজ্ঞানের কাজে এবং নিজের দেহের কোনো কিছু যদি কারো প্রয়োজন হয় তার দান—দাস্তগত করে গেছেন। আর তিনি তাঁর আত্মা রেখে গেলেন আমাদের এই পৃথিবীতে, তাঁর হৃদয় তো আছেই আমাদের হৃদয়ে এবং আমরা অনেকেই তা ভালোবাসায় আঁকড়ে থাকবো। 

তাঁকে নিয়ে লিখতে হবে, কথা বলতে হবে, তাঁর অসাম্প্রদায়িক জীবনের স্বপ্নকে পোট্রের্ করতে হবে আমাদেরই। তাঁর মতো আপনজন এই জীবন কয়বার পায়? ‘এ পৃথিবী একবার পায় তারে পায় নাকো আর’!

Related Posts