ড. পূরবী বসু (১৯৪৯—২০২৬)

তিনি ছিলেন আপাদমস্তক বাঙালি। যে তিন মহিয়সী নারী নিউইয়র্কের মত কসমোপলিটান সিটিতে নিজেদের আত্মপরিচয়কে সমুন্নত রেখে সেই সত্তরের দশক থেকে ম্যানহ্যাটানের রাস্তায় হেঁটেছেন, সাবওয়েতে চড়েছেন, কর্মক্ষেত্রে বিচরণ করেছেন রাবীন্দ্রিক স্টাইলে শাড়ি পরে, তারা তাদের পেশাগত জীবনে ছিলেন আন্তর্জাতিক, মননে ছিলেন সর্বজনীন, চেতনায় উদার, আর আউটফিটে ছিলেন পুরোদস্তুর বাঙালি। তাদের অন্যতম পূরবী বসু। অন্য দুজন প্রফেসর গায়ত্রী চক্রবতীর্ স্পিভাক এবং প্রফেসর রওনক জাহান। তিনজনই উচ্চশিক্ষিত আবার তিনজনই মাটির কাছাকাছি বাংলার ঘাসের শিশির মাখা অনুভবে স্নাত। গায়ত্রী চক্রবতীর্ এবং রওনক জাহান কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক। আর পূরবী বসু মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারের বিজ্ঞানী।

ড. পূরবী বসু চলে গেলেন গত ১৩ নভেম্বর শুক্রবার ফ্লোরিডায়। মুন্সিগঞ্জের কন্যা পূরবী বসু কৈশোরউত্তীর্ণকালে আমেরিকায় চলে আসেন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে। এই অসীম সম্ভাবনার দেশে সেই সম্ভাবনার অসীমত্বকে সন্ধান করেছেন শুরু থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে স্নাতক করে মেডিকেল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে বায়োকেমিস্ট্রিতে মাস্টার্স করেন। ইউনিভার্সিটি অব মিজৌরি থেকে নিউট্রিশনে পিএইচডি করে পোস্ট—ডক্টরাল রিসার্চ করেন ইউনিভার্সিটি অব এলাবামায়।

পূরবী বসু জানতেন নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরী। তিনি সযতনে সেই কাজটি করেছেন প্রবাস জীবনের প্রথম দশটি বছর। তারপর কাজ করেছেন কর্নেল ইউনিভার্সিটি মেডিকেল কলেজে, মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারে, ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথে এবং ওয়েদ ফার্মাসিউটিক্যালসে। প্রবাসের যে কোনো নারীর জন্য তিনি শুধু এ কারণেই উদাহরণ নন, তিনি বিজ্ঞানের ছাত্রী হওয়া সত্ত্বেও হৃদয়ে ধারণ করেছেন আরো দুটি সত্তা। একটি তার লেখক সত্তা, অপরটি তার সামাজিক সত্তা। লেখক সত্তার মধ্যেও রয়েছে দুটি সত্তা। একটি সৃজনশীল লেখা আর অন্যটি গদ্য। তবে নিছক গদ্য নয়, সেই ধরনের গদ্য যা অন্য নারীদের উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে। যে গদ্য তুলে আনবে নারীর ঐতিহ্য এবং নারী ও পুরুষের সম্পর্কে নানামাত্রিক সমীকরণ। সামাজিক সত্তার পুরোটিই প্রগতিশীলতার। বাংলাদেশের নানা বিচ্যুতির ও অমানবিকতার বিরুদ্ধে, যে কোনো অসাম্প্রদায়িকতার পক্ষে তিনি শুধু কলম ধরেছেন তাই নয়, নিউইয়র্কের রাস্তায় পর্যন্ত নেমেছেন। ১৯৭১ সালে যেমন স্বামী ড. জ্যোতিপ্রকাশ দত্ত’র পাশে থেকে প্রবাস থেকে সোচ্চার হয়েছেন, তেমনই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার খবরেও পথে নেমে এসেছিলেন। তারপরও নেমেছেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে।

নারী তার প্রিয় বিষয় নিজে নারী বলে নয়, নারীকে মানুষ হিসাবে দেখতে গিয়ে যখন দেখেন সেই দেখাতেও হাজারো প্রতিবন্ধকতা তখন প্রতিবাদ না করে পারেন না। নিউইয়র্কে বসবাস করেও (পরে তিনি কলোরাডোর ডেনভার ও ফ্লোরিডায় মুভ করেন) তিনি তার কর্মযজ্ঞ, কলমযুদ্ধ ও একটিভিটিজমের মধ্য দিয়ে দেশে এবং বিদেশে নারীদের আধুনিক নারী হিসাবে এগিয়ে যাওয়ার সাহস তৈরি করেন। একজন উচ্চশিক্ষিত নারী পেশাগত জীবনেই কেবল আবদ্ধ থাকতে পারতেন, কিন্তু পূরবী বসু তা করেননি। প্রবাসের বাঙালি কম্যুনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। সকলের সাথে মিশেছেন। যারা উৎসাহী তাদের সাহিত্য চর্চায় অনুপ্রেরণা জুগিয়েছেন। নিজের ব্যক্তিত্বের ক্যারিশমা আলো হয়ে ছড়িয়ে পড়েছে। তার গল্পের প্রতিটি বাক্যে সেই দ্যুতি বিস্তৃত হয়েছে নানা স্তরে।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক ড. পূরবী বসু ১২টি গল্পগ্রন্থ, ৫টি উপন্যাস, ১৭টি প্রবন্ধ, ৫টি কাব্য, একটি শিশুদের গল্প ও একটি অভিধান গ্রন্থ রচনা করেছেন।

১৯৬৭ সালে বিখ্যাত ছোটগল্প লেখক জ্যোতিপ্রকাশ দত্তের সাথে বিয়ের পরপরই তিনি আমেরিকায় চলে এলেও এই ষাট বছরকালেও তিনি মুহূর্তে ভুলে যাননি দেশকে, একাত্তরের মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে এবং বাঙালিত্বকে। ভুলে যাননি বাংলা ভাষার সৌন্দর্য। স্মৃতিতে ঝাপসা হতে দেননি বাংলা গানের সুর। আর রবীন্দ্রনাথ তার মননেন্দ্রীয়ে বিরাজ করত সর্বক্ষণ। সে কারণে নিউইয়র্কেই থাকুন আর কলোরাডো, তিনি দেশের বাইরে বসবাসকারী বাঙালিদের সাহিত্যচর্চায় অনুপ্রেরণা সৃষ্টি করতে চেয়েছেন। দেশের বাইরে থাকা নারীদের জন্য তিনি হয়ে উঠেছিলেন সাহস।

এমন একজন মানুষকেই হয়ত বলা যায় ক্ষণজন্মা। তারা নিজের অজান্তেই নিজের জীবনাচরণের মধ্যদিয়ে অন্যদের জীবনে প্রভাব বিস্তার করেন। তার মৃত্যু সেই কথাই প্রমাণ করল। আরো প্রমাণ করল তিনি শুধু জীবিতকালেই অনন্য সংস্কৃতি লালন করেননি, মরণের পরেও সেই লিগাসি আরো প্রোজ্জ্বল করলেন, যখন জানা গেল তার পুরো মরদেহ দান করে গেছেন চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য।

ড. পূরবী বসু নিশ্চয় দীর্ঘদিন প্রবাসীদের চিন্তা ও চেতনায় বিরাজ করবেন। আমাদের প্রার্থনা তাঁর পরলোকগত আত্মা চিরদিন শান্তিতে থাকুক।

Related Posts