প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন || মওলানা ভাসানী এখন একটি আদর্শ
নিউইয়র্ক (ইউএনএ)ঃ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে আলোচনা সভা আর দোয়া মাহফিলের মধ্যদিয়ে নিউইয়র্কে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, গণমানুষের অধিকার আদায়ের অবিসম্বাদিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
সভায় ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে রাষ্ট্রীয়ভাবে মওলানার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ছাড়াও জাতীয়ভাবে ভাসানী পুরস্কার প্রবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানানো হয়েছে। অপরদিকে সভায় জহির উদ্দিন স্বপন এমপি বলেন, মওলানা ভাসানী এখন আর রাজনীতিক নন, তিনি একটি আদর্শে পরিণত হয়েছেন। তার আদর্শ বাস্তবায়নের জন্য অতীতের মতো বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, উত্তরসূরী হিসেবে মওলানার ধানের শীষ বহন করে চলেছে বিএনপি। তিনি ফাউন্ডেশনের ওয়েবসাইটও উদ্বোধন করেন। খবর ইউএনএ’র।
ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর)—এর কেন্দ্রীয় মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কায়্যুম। সভায় রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ছাড়াও জাতীয়ভাবে ভাসানী পুরস্কার প্রবর্তনের দাবী সহ ৮ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পাঠ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবীগুলো তুলে ধরার জন্য তার কপি জহির উদ্দিন স্বপনের কাছে হস্তান্তর এবং ওয়েবসাইটের বিস্তারিত তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। সভায় মওলানা ভাসানীর ওপর রচিত মরহুম আতিকুর রহমান সালু’র লেখা কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এম এ সাদেক। অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব এস এম ফেরদৌস।
সভায় মওলানা ভাসানীর ওপর স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সিনিয়র সাংবাদিক তাসের মাহমুদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এপিএস আজিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিক গিয়াস আহমেদ, ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তফা করিম ফরিদ ও নতুন প্রজন্মের সাইফান নিহান।
সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী কখনো ক্ষমতার রাজনীতি করেননি। তিনি ক্ষমতায় না থেকেও ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন। শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের সকল নেতাই তাকে সম্মান ও সমীহ করতেন। তার তুলনা তিনি নিজেই। বক্তারা বলেন, বাংলাদেশের চলমান আর্থ—সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর মতো নেতার বড় প্রয়োজন। বক্তারা মওলানা ভাসানীকে বাঁচিয়ে রাখতে তার স্মৃতি চিহ্ন সংরক্ষণ সহ তাঁর নবুবিয়াত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান।
স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উত্থাপিত দাবীগুলোর মধ্যে রয়েছে: মওলানা ভাসানীর মৃত্যুদিন ১৭ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা, স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, দেশের জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা তাঁর নামে নামকরণ, মওলানা ভাসানী আন্তর্জাতিক গবেষণা ও স্মৃতি কেন্দ্র প্রতিষ্ঠা, জাতীয় পাঠ্যক্রমে তাঁর জীবন ও দর্শন অন্তর্ভূক্তি, রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন, আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রচার এবং মওলানা ভাসানী পদক প্রবর্তন।
