মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায়

ঢাকা থেকে এক্সপ্লেইনারঃ মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রশ্নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে এই রায় কি দীর্ঘদিনের শরণার্থী সংকটের সমাধান করতে পারবে?

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় এসেছে ১৯ নভেম্বর ২০২৬। গাম্বিয়ার দায়ের করা মামলায় আদালত ৯—৬ ভোটে মিয়ানমারকে ২০১৬—১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী করেছে। আদালত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজারো মানুষ হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংসতা এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন। রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের ন্যায়বিচারের আকাক্সক্ষার স্বীকৃতি, বাংলাদেশের জন্যও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। এর আগে আসা শরণার্থীদের সঙ্গে মিলিয়ে বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে এই বিপুল জনগোষ্ঠীর আশ্রয়, খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার দায়িত্ব বহন করছে বাংলাদেশ। ফলে গণহত্যার বিচার, অপরাধীদের জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ সরাসরি জড়িত।

রোহিঙ্গা গণহত্যার বিচারকে কেবল মিয়ানমারের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক মামলা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের দায়বদ্ধতা, মানবাধিকার এবং একটি জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার প্রশ্ন।

বাংলাদেশের জন্য এই রায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কেন

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং শরণার্থীদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরির দাবি জানিয়ে আসছে। কিন্তু মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের অস্বীকৃতি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্ত অবস্থানের কারণে প্রত্যাবাসনে অগ্রগতি হয়নি।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করেছে। এখন বাংলাদেশ বলতে পারবে, রোহিঙ্গাদের দেশত্যাগ কোনো সাধারণ অভিবাসন বা অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির ফল নয়; এর পেছনে রয়েছে আন্তর্জাতিক আইনে গণহত্যা হিসেবে স্বীকৃত রাষ্ট্রীয় অপরাধ।

এই রায়কে ভিত্তি করে বাংলাদেশ জাতিসংঘ, ওআইসি, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর কাছে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টির দাবি জানাতে পারে। বিশেষ করে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহ নিয়ন্ত্রণ এবং গণহত্যার দায়ে জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগে আন্তর্জাতিক সমর্থন আদায়ের সুযোগ তৈরি হয়েছে।

তবে রায় বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতির সীমাবদ্ধতা রয়েছে। আইসিজের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই। কোনো রাষ্ট্র রায় না মানলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত হতে পারে। সেখানে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

প্রত্যাবাসনের প্রশ্নে রায়টি কী পরিবর্তন আনতে পারে

বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রোহিঙ্গাদের প্রত্যাবাসন। কারণ, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা এবং নিরাপত্তার ওপর চাপ তৈরি করছে।

গণহত্যার দায় প্রতিষ্ঠার ফলে মিয়ানমারের ওপর রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্তর্জাতিক চাপ বাড়বে। বিশেষ করে নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, শিক্ষা, চিকিৎসা এবং জীবিকার অধিকার নিশ্চিত করার দাবি আরও জোরালো হবে।

তবে আদালতের রায় মানেই প্রত্যাবাসন শুরু হওয়া নয়। রাখাইন রাজ্যে বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাত চলছে। সেখানে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে তাঁদের ফিরিয়ে নেওয়া টেকসই হবে না।

বাংলাদেশের অবস্থান হওয়া উচিত, প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণনির্ভর। শুধু শরণার্থী শিবির থেকে মানুষ সরিয়ে নেওয়ার জন্য প্রত্যাবাসন করা হলে নতুন করে নির্যাতন ও বাস্তুচ্যুতির ঝুঁকি তৈরি হবে।

সুতরাং, এই রায়ের সবচেয়ে বড় ব্যবহার হতে পারে প্রত্যাবাসনের শর্তগুলো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করা।

Related Posts