দোকানিদের স্বার্থে স্নাপ গ্রহিতাদের শর্ত কার্যকর হবে ৯০ দিন পরে

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানালেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দর কষাকষি করে তিনি স্নাপ গ্রহিতাদের ওপর ফেডারেল সরকারের যে কাজের শর্ত তা কার্যকর করার তারিখ ৯০ দিনের জন্য পেছানোর সম্মতি পেয়েছেন। মেয়র জানান, তিনি চেয়েছিলেন ছয় মাসের সময়। কিন্তু প্রেসিডেন্টের নির্দেশে ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার বা ইউএসডিএ তিন মাসের জন্য পিছিয়েছে। 

মেয়র বলেন, নিউইয়র্ক সিটির বিপুল সংখ্যক দরিদ্র ও বয়স্ক মানুষ যদি স্নাপ বেনিফিট হারায় তাহলে তারা যেমন খাদ্য অনিশ্চয়তায় পড়বে, একইভাবে বিপুল সংখ্যক নেবারহুড গ্রোসারি ডেলি ও বোডেগাও ব্যবসা হারাবে। কারণ এইসব নেবারহুডের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার বিরাট অংশ নির্ভর করে স্নাপ বেনিফিট গ্রহিতাদের কেনাকাটার ওপর।

মেয়র মামদানি গত ১৩ নভেম্বর জানান, ২১ সেপ্টেম্বর যখন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রেসি ম্যানশন ভিজিটে যান, তখনই তিনি প্রস্তাব করেন, স্নাপ বেনিফিট গ্রহিতাদের জন্য যে শর্তারোপ করা হয়েছে, তা কার্যকর করা যেন ৬ মাস পিছিয়ে দেন। এই শর্তারোপ কার্যকর হওয়ার কথা ছিল ৪ নভেম্বর থেকে।

Related Posts