হিংসা—হানাহানির বৃত্ত থেকে বেরুতে হবে || সাইফুর রহমান তপন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এটি সামনে রেখে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎপর হয়ে উঠছেন। গত ১০ নভেম্বর বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ দেশব্যাপী লকডাউন ও ধর্মঘট ডেকেছিল। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এক দিনে দেশের ২৮টি জেলায় বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পাশাপাশি গত ৯ নভেম্বর গভীর রাতে ফরিদপুরে একটি বাসে ‘দুর্বৃত্তদের’ দেওয়া আগুনের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু হয়েছে (প্রথম আলো, ১০ নভেম্বর ২৬)। 

ওই কর্মসূচির রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক দিন ধরে সেখানে রাস্তা অবরোধ করে মিছিল করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার লগি—বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে। ১৯ নভেম্বর আবারও দেশব্যাপী লকডাউন ডেকেছে আওয়ামী লীগ। জনমনে শঙ্কার সঙ্গে এ প্রশ্নও জেগেছে, আমরা কি আবারও হিংসা—হানাহানির বৃত্তে ফিরে যাচ্ছি?

১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে পরদিন বিরোধী দলের দাবির মুখে সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের রাইটস অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অপারেশন ও অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। আই রিপিট, রাইটস অব প্রাইভেট ডিফেন্সের আলোকে তারা যে কোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।’ বিবৃতিতে তিনি আন্দোলনকারীদের দিকে আঙুল তুলে আরও বলেন, ‘আমাদের মানবাধিকারের ওপর শ্রদ্ধাশীলতার সুযোগ তারা নিচ্ছে’ (আগামীর সময়, ১১ নভেম্বর ২৬)।

সম্ভবত এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মঙ্গলবার সচিবালয়ে তাঁর সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, ‘পুলিশ বলপ্রয়োগ করবে, পুলিশের বলপ্রয়োগের অধিকার আছে। কিন্তু আমরা এতদিন যে সমালোচনা করছিলাম, সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না। পুলিশের বলপ্রয়োগে অসমতা ছিল; যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বলপ্রয়োগ করা হতো। বলপ্রয়োগটা প্রপোরশনেটলি করা হবে।’

ওদিকে পরিস্থিতি মোকাবিলায় ক্ষমতাসীন দলের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে মাঠে থাকার বার্তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে দলের বিভিন্ন অঙ্গসংগঠন ও শাখার নেতারা মাঠে নেমে পড়েছেন। শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নন, তাদের বিভিন্নভাবে সহায়তাকারী, তাদের পক্ষে কাজ করছেন— এমন ব্যক্তিদেরও মব সহিংসতার মাধ্যমে আটক করে পুলিশে সোপর্দ করা হচ্ছে। যদিও দলীয় নির্দেশনায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। বাস্তবে সেটা ঘটছে বলে মনে হয় না।

যেমন, গত শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর শান্তিনগরে মহিউদ্দিন আহমেদ রুদ্র নামে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আইনজীবীকে ধরে পল্টন থানায় সোপর্দ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজমের ভাইকে একই কায়দায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা গেছে, তিনি ‘কোনোদিন রাজনীতি করেননি।’

এদেশের রাজনীতিতে আন্দোলনের নামে সহিংসতা কিংবা পুলিশের পাশাপাশি দলীয় কর্মীদের দিয়ে সেই আন্দোলন দমনের ঘটনা নতুন নয়; অতীতে কমবেশি প্রতিটা সরকারের সময়ই তা ঘটেছে। এই অপকৌশল যে জনদুর্ভোগ বাড়ানো ছাড়া বিরোধী দল বা ক্ষমতাসীনদের কাজে আসে না, সেটাও অতীতে দেখা গেছে। বিশেষত ক্ষমতাসীন দলের নেতাকর্মীকে দিয়ে আন্দোলন দমানোর কৌশল যে এক পর্যায়ে বুমেরাং হতে পারে, সেটা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে বেশ ভালোভাবে দেখা গেছে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা ধরে রাখতে কী না করেছে! তাতে শেষ রক্ষা হয়নি।

বেদনাদায়ক বিষয় হলো, বুদ্ধিজীবীদেরও একটি অংশ বিরোধী দলের সহিংস আন্দোলন বা আন্দোলন দমনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীর মাঠে নামাকে সমর্থন করছেন! আওয়ামী লীগ শাসনামলে যারা বিরোধী দলকে ‘নাশকতা’ না করে নিয়মতান্ত্রিক আন্দোলনের পরামর্শ দিতেন, তারা এখন সহিংসতায় আপত্তি জানাচ্ছেন না। আবার আইনের শাসন ও মানবাধিকার প্রশ্নে যারা এতদিন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এসেছেন, তাদেরও অনেকে দমন নীতি—কৌশলের পক্ষে দাঁড়িয়ে গেছেন। 

যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি ইত্যাদি বিগত আওয়ামী সরকারের সময়েও ঘটেছে। সে সরকার ও তার সমর্থকরা সেগুলোকে বলতেন ‘বিএনপি—জামায়াতের সন্ত্রাস’। সেদিন ওইসব সহিংসতাকে সমর্থন না দিয়ে বহু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বারবার রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিলেন; সে আহ্বান আজ কেন খাটবে না?

স্বীকার্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা অনেকে মানাবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত; অন্য অনেক কেন্দ্রীয় ও জেলা—উপজেলার নেতা হত্যা মামলার আসামি। তবে এটাও সত্য, বিশেষত হরেদরে দায়েরকৃত এসব হত্যা মামলা নিয়ে খোদ বিএনপিরই অনেক নেতা ইতোপূর্বে আপত্তি জানিয়েছেন। এ মতটাও ক্রমশ জোরালো হচ্ছে, দলটির যেসব নেতাকর্মী বা সমর্থকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ নেই, তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার খর্ব করা ন্যায়সংগত হতে পারে না। 

মনে রাখতে হবে, প্রায় আড়াই বছর হয়ে গেল, দেশ না পেল রাজনৈতিক স্থিতিশীলতা, না ঠেকানো গেল অর্থনীতির পতন। একদিকে দারিদ্র্য ও বেকারত্ব হুহু করে বাড়ছে, অন্যদিকে লঘু—গুরু অপরাধেরও বিস্তার ঘটে চলেছে। অর্থাৎ যে সময়ে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক ও সামাজিক ভারসাম্য ফিরিয়ে আনা জরুরি হয়ে পড়েছে, তখন বহুল প্রতিশ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বিপরীতে সরকারের অবস্থান কতটা গ্রহণযোগ্য?

পরিস্থিতি দেখেশুনে মনে হচ্ছে, হিংসা—হানাহানির বৃত্ত থেকে যেন আমাদের মুক্তি নেই। এমন এক পরিস্থিতি রাষ্ট্র ও সমাজকে কোথায় নিয়ে যাবে— সরকার তো বটেই, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদেরও তা ভেবে দেখা দরকার।

Related Posts