সাকিবের বাড়িতে হামলার পর সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন

ডয়েচে ভেলে প্রতিবেদনঃ জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনা ঘটে বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে মহিবুল হাসান চৌধুরীর পাঁচলাইশ থানার চশমা হিল এলাকার যে বাড়িতে আগুন দেয়া হয়, গত দুই বছর ধরে সেখানে মহিবুলের পরিবারের কেউ থাকেন না।

পুলিশ জানায়, ছয় থেকে সাতজন মাস্কধারী ব্যক্তি রাতে আশপাশের জিনিসপত্র জড়ো করে ভবনটির দ্বিতীয় তলার বারান্দায় আগুন দেয়। সেখানে একটি পটকাও ফাটানো হয়। পটকা ফাটানোর শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হলে ওই ব্যক্তিরা চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।

ঘটনার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ছয়জন ব্যক্তি মাস্ক পরে ভবনের সামনে অবস্থান করছে। ছয়জনের মধ্যে একজনের হাতে একটি বস্তা ছিল। আরেকটি ছবিতে এক ব্যক্তিকে দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে দেখা যায়, ভবনের বেলকনিতে আগুন জ্বলছে। এসব ছবি ফেসবুকে শেয়ার করেছেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং মহিবুল হাসানের ভাই বোরহানুল হাসান।

স্থানীয় বাসিন্দারা জানান, গত আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিবুল হাসানও অংশ নিয়েছিলেন। ফেসবুক আইডিতে সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। ওই ঘটনার জেরে বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয়দের অনেকের ধারণা। তারা বলেন, দুই বছর ধরে ভবনটিতে মহিবুলের পরিবারের কেউ আসেন না। গত বছর ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদীর মৃত্যুর খবরের পর এই ভবনে হামলা আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দিল্লির সেই সংবাদ সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও শ্রীলঙ্কা থেকে অনলাইনে যুক্ত হয়েছিলেন। তারপর তার মাগুরার বাড়িতে হামলা হয়।

বৃহস্পতিবার সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসানের বাড়িতে আগুনের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মাস্ক পরা কয়েকজন এসে ভবনের বেরিয়ে থাকা অংশে আগুন দেয়। পরে একটি পটকা ফাটায়। স্থানীয় লোকজন বেরিয়ে এলে তাঁরা অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Posts