পূরবীদি, অন্ধকার আকাশে ধ্রুবতারা || লিজি রহমান নিউইয়র্ক

পূরবীদি চলে গেলেন। দুবছর আগে যখন টরন্টো সাহিত্য সম্মেলনে উনার সাথে দেখা হয়েছিল তখনই দেখেছিলাম তাঁর কথা বলতে বেশ কষ্ট হচ্ছে। আমি আমার হাতে তৈরি একটি নেকলেস পূরবীদির জন্য নিয়ে গিয়েছিলাম, কোনো এক অবকাশে সেটা তাঁর গলায় পরিয়ে দিলাম। সম্ভবত সেটাই ছিলো তাঁর সঙ্গে আমার শেষ দেখা। পূরবী বসুকে সবাই একজন সুসাহিত্যিক হিসেবে জানলেও একজন মানুষ হিসেবে যে তিনি কতটা উদার ছিলেন, কিভাবে তিনি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তেন সে কথা হয়তো অনেকেরই জানা নেই। সেরকমই এক দারুণ দুর্যোগের দিনে পূরবীদির সঙ্গে আমার পরিচয়।

সেটা প্রায় চল্লিশ বছর আগের কথা। দুটি শিশু সন্তানকে নিয়ে আমি সবেমাত্র নিউইয়র্কে এসেছি। আমরা আসার কিছুদিন আগে থেকেই আমার ছোটবোন দোলা একটু অসুস্থ ছিল, কিন্তু ঢাকার ডাক্তাররা ওর রোগটা ধরতে পারছিলেন না। আমেরিকায় আসার কিছুদিন পরই জানতে পারলাম বায়োপ্সির রেজাল্ট এসেছে, দোলার নাকি ক্যান্সার হয়েছে। শুনে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো। সে সময় ক্যান্সার হওয়া মানে মৃত্যুর পরোয়ানা এসে যাওয়া। আমাদের সবার ছোট বোন দোলা। কি করে ওর মতো সুন্দরী, মৃদুভাষী, মিষ্টি, ষোলো বছর বয়সের একটা মেয়ের এমন একটা প্রাণঘাতী রোগ হতে পারল? যদিও তখন আমরা তিন ভাইবোন নিউইয়র্কে থাকি, কিন্তু সবাই অডজব করি, সামান্যই বেতন পাই, তবুও আব্বাকে বললাম, আপনি যে করে হোক দোলাকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করান, যত টাকা লাগে আমরা পাঠাবো। কিন্তু কয়েক মাস পর বোম্বের টাটা হাসপাতাল থেকে বলে দিল, দোলাকে আর বাঁচানো যাবে না, ওর ক্যান্সার স্টেজ ফোরে পৌঁছে গেছে, চিকিৎসা করে কোনো লাভ নেই। খবরটা শুনে আমাদের মাথায় যেন বজ্রাঘাত হলো। এটা একটা কথা হতে পারে? এরকম ফুলের মতো মিষ্টি একটা মেয়ে এতো তাড়াতাড়ি বিনা চিকিৎসায় ঝরে যাবে? শুধু মনে হলো কোনরকমে দোলাকে যদি একবার আমেরিকায় আনা যেত তাহলে হয়তো এখানকার উন্নত চিকিৎসায় ও সেরে উঠতো। কিন্তু কিভাবে ওকে আমেরিকায় আনা যায়? আমরা সবাই তখন আমেরিকায় নতুন, আমাদের কারোরই গ্রীনকার্ড হয়নি, আর দিন আনি দিন খাই, কি করে আমরা দোলাকে আমেরিকায় এনে চিকিৎসা করাবো? এটা আমাদের পক্ষে দুঃসাধ্য, কিন্তু মন তো কোনো যুক্তি মানে না! কিভাবে দোলাকে আমেরিকা এনে ওর চিকিৎসা করা যায়, সেই চিন্তায় আমি মরিয়া হয়ে উঠলাম। তখন নিউইয়র্কে বাঙালির সংখ্যা অনেক কম আর বাংলাদেশী সংগঠনের সংখ্যা তো আরও কম। মরিয়া হয়ে আমি পরিচিত অপরিচিত সব বাঙালির কাছে ধর্না দিতে শুরু করলাম। 

সেই সময় ঘোর অন্ধকার আকাশে যেন ধ্রুবতারার মতো পূরবীদির দেখা পেলাম। দিশেহারা নাবিকের মতো আমি তার কাছেই দিকের নির্দেশনা পেলাম। যোগাযোগটা আমার স্বামী বাচ্চুই করিয়ে দিলো। বাচ্চু এবং পূরবীদি দুজনেই মুন্সীগঞ্জে একসঙ্গে বড় হয়েছে আর হরগঙ্গা কলেজে একই ক্লাসে পড়েছে। কিন্তু নিউইয়র্কে তিনি বিশ্ববিখ্যাত ক্যান্সার হসপিটাল মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টারে চাকরি করেন এবং সপরিবারে ম্যানহ্যাটানের আপার ইস্ট সাইডের একটি এ্যপার্টমেন্টে থাকেন। বাচ্চুর কাছে দোলার কথা শুনে পূরবীদি বিন্দুমাত্র দেরি না করে নিউইয়র্কের একমাত্র বাংলা পত্রিকা প্রবাসী অফিসে আমাদেরকে আসতে বললেন। সেখানে তিনি আমাদের সাথে প্রবাসী সম্পাদক সৈয়দ মোহাম্মাদ উল্লাহ ভাইয়ের পরিচয় করিয়ে দিলেন। সব শুনে মোহাম্মাদ উল্লাহ ভাই দোলাকে নিয়ে একটি মর্মস্পর্শী প্রতিবেদন লিখলেন। শুধু তাই নয়, পূরবীদি আমার আব্বা আম্মাসহ দোলাকে আমেরিকায় আনার জন্য সব ব্যবস্থা করে দিলেন। স্লোন কেটারিং হসপিটালের এক ডাক্তারের কাছ থেকে দোলার জন্য একটি চিঠি জোগাড় করলেন এবং আব্বা, আম্মা এবং দোলাকে স্পন্সর করলেন।

দোলা আমেরিকায় এলো, বেলভিউ হাসপাতালে দুমাস ধরে ওর কিমোথেরাপি চলল। এই দুমাসের মধ্যে পূরবীদি কয়েকবার দোলাকে দেখতে বেলভিউ হাসপাতালে এসেছিলেন। কিন্তু এতো করেও শেষ রক্ষা হলো না। দোলাকে আর বাঁচানো গেল না। 

দোলা চলে গেলেও পূরবীদির পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্ক আরো গভীর হলো। আমার আব্বার সাথে যেমন বিভিন্ন বিষয় নিয়ে পূরবীদি আর জ্যোতিদার মধ্যে গভীর তাত্ত্বিক আলোচনা চলত, তেমনি তাদের দুই সন্তানের সাথে আমাদের দুই সন্তানেরও ভালো বন্ধুত্ব হয়েছিল। আর ছোটবেলা থেকেই লেখালেখি করার সুবাদে পূরবীদির সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক হয়েছিল। প্রতি মাসেই যুক্তরাষ্ট্র সাহিত্য পরিষদের ব্যানারে আমাদের সাহিত্য আসর বসতো। উইকেন্ডে কাজ করত বলে বাচ্চু সেসব আসরে যোগ দিতে পারত না, তাই আমার সাথেই পূরবীদির বেশি যোগাযোগ হতো। তবে বাচ্চুর অন্য বন্ধুদের সাথে আমার হাসিঠাট্টার সম্পর্ক থাকলেও পূরবীদিকে আমি বেশ সমীহের চোখেই দেখতাম। তাঁর ব্যক্তিত্ব এবং প্রজ্ঞার কারণে তিনি ছিলেন আমার বড় বোনের মতো, তাই ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমি একটা সম্মানসূচক দূরত্ব বজায় রাখতাম। কিন্তু পূরবীদি যে আমাকে কতটা স্নেহের চোখে দেখতেন সেটা বুঝলাম অনেক পরে। 

আমার বড় ছেলে আসিফের মৃত্যু সংবাদ পাবার সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে ছুটে এসেছিলেন। আসিফের মৃত্যুর পর কুইন্স বুলেভার্ডকে নিরাপদ করার দাবিতে আমি নিরলসভাবে অনেকগুলো বছর আন্দোলন করেছি। সেই আন্দোলন সফল হয়েছে, কুইন্স বুলেভার্ডে বাইক লেন স্থাপিত হয়েছে। এসব নিয়ে মেইনস্ট্রিম মিডিয়ায় আমার প্রচুর সাক্ষাৎকার এবং নিবন্ধ প্রকাশিত হলেও আমার স্বজাতি স্বভাষী একমাত্র সাপ্তাহিক বাঙালী ছাড়া প্রায় এক ডজন পত্রিকা এক গুচ্ছ লেখক এ বিষয়ে নিশ্চুপ থাকলেও একমাত্র পূরবীদি এগিয়ে এসেছিলেন। তিনি আমার এই আন্দোলন নিয়ে বাংলাদেশের এক পত্রিকায় দীর্ঘ একটি প্রতিবেদন লিখেছিলেন।

পরে আমার এই আন্দোলন নিয়ে যখন একটি বই লিখলাম, তখন পূরবীদিকে বইটির ভূমিকা লেখার দায়িত্ব দিলাম। তিনি তখন একটু অসুস্থ, ভালো করে টাইপ করতে পারেন না। তারপরও পাঁচ পৃষ্ঠার একটি বিশাল ভূমিকা লিখে ফেললেন, যার অধিকাংশ জুড়ে ছিল আমার প্রশংসা। আমি মিষ্টি করে কথা বলি, সুন্দর করে সাজি, আপাদমস্তক ম্যাচ করে কাপড় পরি, আমার লেখার স্টাইল সুন্দর, আরও কতো কি! নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। কিন্তু ছেলের স্মৃতির উদ্দেশে লেখা বইতে আমার নিজের এতো প্রশংসা দিলে মানুষ কি ভাববে? পুরো ভূমিকাটা ছাপতে আমার এতো সংকোচ হলো যে ফাইনাল প্রম্নফ দেখার সময় পাঁচ পাতার ভূমিকা কেটে তিন পাতা করে দিলাম। পরে পূরবীদিকে সে কথা বলার পর তিনি দারুণ অসন্তুষ্ট হয়েছিলেন। এখন বুঝি কাউকে গভীর স্নেহ না করলে তার এতো প্রশংসা করা যায় না।

পূরবীদির সাহায্য ছাড়া দোলাকে আমেরিকায় আনা এবং চিকিৎসা করানো আমার পক্ষে কোনদিনই সম্ভব ছিল না। শুধু দোলাই নয়, মোহাম্মদ উল্লাহ ভাইয়ের কাছে শুনেছি, তাঁর বড় ছেলে ক্যান্সারে আক্রান্ত হলে পূরবীদি কিভাবে ওর চিকিৎসায় এগিয়ে এসেছিলেন। আর সাহিত্যিক হুমায়ুন আহমেদ যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন তখন পূরবীদি কলোরাডো থাকতেন। সেবার বইমেলায় যোগ দিতে এসে আমার বাসায় উঠেছিলেন। শত ব্যস্ততার মধ্যেও প্রায় প্রতিদিনই তিনি হুমায়ুন আহমেদকে দেখতে হাসপাতালে যেতেন। শেষদিন ঘরে ফিরে বিমর্ষ মুখে বললেন, আর বুঝি হুমায়ুনকে বাঁচানো যাবে না।

ব্যাংকক থেকে পূরবীদি দোলার জন্য একটা স্যুভেনিয়র এনেছিলেন, ট্রাডিশনাল পোষাকে নৃত্যরত এক থাই রমণী। দোলার অবস্থা তখন প্রায় শেষের দিকে, ও সেটা দেখেছিল কিনা মনে নেই কিন্তু আজ চল্লিশ বছর পরও সেই স্যুভেনিয়রটি আমার ঘরে শোভা পাচ্ছে। ওটার দিকে তাকালে এখনো পুরো ঘটনাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। দেখতে পাই ষোলো বছরের এক অপরিচিত, অনাত্মীয় কিশোরীকে বাঁচিয়ে তোলার জন্য একজন সুপ্রতিষ্ঠিত বিজ্ঞানী এবং সুসাহিত্যিকের আত্মত্যাগের ছবি। 

পূরবীদি, যেখানেই থাকুন, ভালো থাকুন।

Related Posts