ইউনাইটেড নেশন্স প্লাজায় আইসিডিএইচআরএস’র || বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সেমিনার

আসলাম আহমাদ খানঃ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এন্ড সাসটেইনেবিলি (আইসিডিএইচআরএস)—এর উদ্যোগে ‘বাংলাদেশের ভবিষ্যতঃ গণতন্ত্র, মানবাধিকার ও অন্তভুর্ক্তির রাজনীতি’  শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয় ২৪ নভেম্বর, মঙ্গলবার, সকালে নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায়।

আইসিডিএইচআরএসের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্যানেল আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার সাংবাদিক ও মধ্যপ্রাচ্যবিষয়ক পলিসি অ্যানালিস্ট মাইকেল রুবিন, রোড আইল্যান্ডের স্টেট রিপ্রেজেন্টেটিভ রবার্ট বি. ল্যান্সিয়া, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. টমাস জুনিয়র, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কায়কাউস।

সেমিনারে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি আগামী ১৬ ডিসেম্বর মাতৃভূমি বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ বিষয়ে সরকারের সহযোগিতা দাবী করেন। বক্তব্যে তিনি তাঁর পাসপোর্ট ও পরিচয়পত্র ফেরত দেওয়ার পাশাপাশি দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানান।

কোন যুক্তিতে তিনি রাষ্ট্রীয় উড়োজাহাজ চানÑএক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের একটি উড়োজাহাজেই তাঁকে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। তাই দেশে ফেরার ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে উড়োজাহাজের ব্যবস্থা করা উচিত।

তিনি বলেন কোনো প্রতিশোধ গ্রহণ কিংবা কারও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার উদ্দেশে তিনি দেশে ফিরতে চান না; বরং দেশের মানুষের পাশে দাঁড়াতেই তাঁর এই প্রত্যাবর্তনের আগ্রহ।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন (তাঁর ভাষায় সেন্স অব জাস্টিস)Ñ কে বাংলাদেশে উন্নয়নের রাজনীতি করেছে, আর কে ধ্বংসের রাজনীতি করছে? মিথ্যা স্বপ্ন দেখিয়ে এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যারা আপনাদের মাঠে নামিয়েছিল, তারা কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে?’

তিনি অভিযোগ করেন, সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, নারী নির্যাতন, মব সন্ত্রাস, খুন, গুম, চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ ও নির্যাতনের কারণে বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটেছে। তাঁর মতে, বাক্স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে, গণতন্ত্র হুমকির মুখে এবং নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীর পাশাপাশি বিশ্বের গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আমি কারও সহানুভূতি চাই না, আমি ন্যায়বিচার চাই।’

এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ এবং মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অন্যায় ও বেআইনি বলে দাবি করেন।

সেমিনারের অন্যতম আলোচক, যুক্তরাষ্ট্রের মূলধারার সাংবাদিক ও মধ্যপ্রাচ্যবিষয়ক পলিসি অ্যানালিস্ট মাইকেল রুবিন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সাংবাদিকদের কারাবন্দি রাখার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, আমি বাংলাদেশের নাগরিক নই, কোনো রাজনৈতিক দলের সমর্থক বা রাজনৈতিক প্রচারকও নই। শেখ হাসিনার শাসনামলে নানা সমস্যা থাকলেও আওয়ামী লীগ ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি উদ্বেগজনক। আরও উদ্বেগের বিষয়, সাংবাদিক ও রাজনীতিবিদদের হয়রানি করা হচ্ছে এবং কারাবন্দি রাখা হচ্ছে।

তিনি স্পষ্ট করে বলেন, সাংবাদিকতা করা কিংবা ক্ষমতাসীনদের কাছে কঠিন প্রশ্ন তোলা কোনো অপরাধ নয়। তাই অবিলম্বে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিতে হবে।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে মাইকেল রুবিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান (তাঁর ভাষায় প্রাইম মিনিস্টার রহমান) এবং সংশ্লিষ্ট অন্যদের আগেভাগেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার সময় এসেছে যে, শেখ হাসিনা কিংবা দেশে ফিরে আসা অন্য কারও শরীরের একটি চুলও যদি ক্ষতিগ্রস্ত না হয়।’

রুবিন বলেন, রাষ্ট্রদূত কিংবা চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাজ কোনো নির্দিষ্ট রাজনৈতিক নেতার পক্ষে অবস্থান নেওয়া নয়। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া বা রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা বাংলাদেশের জনগণের বিষয়। তবে জনগণের মতামত উপেক্ষা করে কিংবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো সিদ্ধান্তের মাধ্যমে সরকার কোনোভাবেই সহিংসতার দায় এড়িয়ে যেতে পারে না।

বাংলাদেশ নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. থমাস জুনিয়র বাংলা ভাষায় শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি তাঁর প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হানাহানি, প্রতিশোধ ও শত্রুতার রাজনীতি বাংলাদেশের অগ্রগতির অন্তরায়। আওয়ামী লীগ এবং বিএনপির একে অপরের চিরশত্রুÑ এ অবস্থা থেকে বেরিয়ে আসার আহবান জানান। তা নাহলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতির সম্মুখীন হবে।

বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. থমাস জুনিয়র। তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, বিএনপি বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের নির্বিচারে আটক করেছে, বিরোধীদের ওপর দমন—পীড়ন চালাচ্ছে এবং মানবাধিকার সুরক্ষার বিভিন্ন ব্যবস্থাকে দুর্বল করছে। এর ফলে বাংলাদেশে রাজনৈতিক নিপীড়নের পুরোনো চক্র অব্যাহত রয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।

২০২৪ সালে যারা নিহত হয়েছেন, তাঁদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। তবে সেই বিচার হতে হবে নির্ভরযোগ্য প্রমাণ, যথাযথ আইনি প্রক্রিয়া এবং নিরপেক্ষ ও ন্যায়সংগত বিচারের মাধ্যমে, সর্বোপরি বাংলাদেশের সংবিধান অনুযায়ী। কাউকে কোনো অভিযোগ গঠন বা আনুষ্ঠানিক বিচার ছাড়াই আটক করে রাখা কখনোই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না।

উনার স্বভাবসুলভ ভঙ্গীতে ‘আমরা করবো জয়’  গানের এই লাইনগুলো পাঠ করার মাধ্যমে বক্তৃতা সমাপ্ত করেন।

রোড আইল্যান্ডের স্টেট রিপ্রেজেন্টেটিভ রবার্ট বি. ল্যান্সিয়া তাঁর বক্তব্যে কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ দেওয়া একটি পোস্টের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করছেন, যা তাঁর দেশে ফেরার সুস্পষ্ট ইঙ্গিত। তাঁর এই প্রত্যাবর্তনের আগ্রহের মধ্যে তিনি কোনো রাজনৈতিক কৌশল দেখছেন না। বরং এমন একজন নারীকে দেখছেন, যিনি দেশে ফিরলে কী ধরনের ঝুঁকি ও মূল্য দিতে হতে পারে, তা জেনেও নিজের দেশের মানুষের সেবা করতে ফিরে যেতে প্রস্তুত।

সেমিনারে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কায়কাউস।

প্রশ্নোত্তরের পর সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন আইসিডিএইচআরএস—এর চেয়ারম্যান ড. নুরুন নবী।

Related Posts