কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেটদের তৎপরতা || ইমিগ্রেশন নিয়ে আশার আলো

বাঙালী প্রতিবেদনঃ গত মধ্যমেয়াদী নির্বাচনে রিপাবলিকানদের, অন্যভাবে সরাসরি বললে প্রেসিডেন্ট ট্রাম্পের পরাজয়ের প্রধান কারণ তিনটি। একটি ট্যারিফ, অপরটি ইরান আক্রমণ আর শেষেরটি হলো ইমিগ্রেশন নীতিমালা। তিনটিই অত্যন্ত কট্টরপন্থা নিয়ম। আর এই তিনটি কারণের জন্য আমেরিকার বিপুল সংখ্যক মানুষ নানাভাবে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত। গত সপ্তাহে ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য লতিফা সাইমন (ক্যালিফোর্নিয়া) হাউজে ‘দ্য প্রটেক্ট আওয়ার নেবারস এ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেন। এই বিলের কো—স্পন্সর ক্যালিফোর্নিয়ার অপর তিন ডেমোক্রেটিক সদস্য জো লফগ্রেন, হুয়ান ভারগাস ও জন গ্যারামেন্ডি। এই বিলটি ছিল মূলত দশ বছর বা তার আগে ইমিগ্রেশন জজ যাদের বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার জারি করেছিলেন, কিন্তু যাদের বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়, তারা যুক্তরাষ্ট্রেই রয়ে যান, তাদের এদেশে বৈধতা দেয়ার বিষয়টি উক্ত বিলে পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। তাদের বৈধতা দিয়ে গ্রিনকার্ড প্রদানের প্রক্রিয়া শুরুর সুযোগ দেয়া হবে। এই খবরটি গত সপ্তাহে ১৯ নভেম্বরই আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

এরই প্রেক্ষিতে থ্যাংকসগিভিংএর আগের দিন বুধবার হাউজের রিপাবলিকান সদস্যরা আগামী ৩ জানুয়ারি ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রণ গ্রহণের আগেই অর্থাৎ খৃস্টমাসের আগেই একটি বিল পাশ করতে চান, এই ‘ইমিগ্রেশন রিফর্ম’ বিলটিকে তারা বাইপার্টিজান ভিত্তিতে পাশের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই মর্মে অভয় দিয়েছেন এই বিলটিতে তিনি ডিসেম্বরে স্বাক্ষর করতে চান।

নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য ডন বেকন ফক্স নিউজের ডিজিটাল ভার্সনে বলেন, বর্তমান কংগ্রেসেই এই বিলটি পাশ হবে। তিনি জানান, আমেরিকায় শ্রমিক সংকটের পাশাপাশি হিস্পানিক ভোটারদের সমর্থন হারানোর কারণে তারা এই বিলটি পাশ করতে চাচ্ছেন। বিলটির নাম ‘ডিগনিটি এ্যাক্ট’।

এমএসএনডটকম বলছে, নির্বাচনের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প সিবিএস’র সিক্সটি মিনিটসে দেয়া সাক্ষাৎকারে ইমিগ্রেশন বিষয়ে ডেমোক্রেটদের সাথে কাজ করার যে প্রত্যাশার কথা ব্যক্ত করেছিলেন, তারই সূত্র ধরে ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য মারিয়া এলভিরা সালাজারের ২০২৫ সালে তোলা ‘ডিগনিটি এ্যাক্ট’কেই সামনে আনা হয়েছে। বর্তমানে উক্ত বিলটির কো—স্পন্সর এক ডজনেরও বেশি রিপাবলিকান কংগ্রেস সদস্য। এই বিলের মূল বিষয়টি হলো কিছু আনডকুমেন্টেড ইমিগ্রান্টকে বৈধতার জন্য ওয়ার্ক অথরাইজেশন দেয়া হবে, তবে সিটিজেনশিপ দেয়ার কোনো প্রতিশ্রম্নতি থাকবে না।

কংগ্রেস সদস্য বেকন বলেন, আগামী কংগ্রেস পর্যন্ত অপেক্ষা করলে ডেমোক্রেটরা যে বিল পাশ করবে তা প্রায় ‘এ্যামনেস্টি’ সমপর্যায়ের হবে। তেমন একটি বিল উত্থাপনের আগেই রিপাবলিকানরা নিজেদের মত বিল পাশ করতে চান চলতি কংগ্রেসেই।

ডিগনিটি এ্যাক্ট গত বছর জুলাই মাসে হাউজে উত্থাপন করেন মারিয়া এলভিরা সালাজার। বিলটির নম্বর এইচ.আর. ৪৩৯৩। এই বিলে বলা হয়েছে যারা ২০২০ সালের ৩১ ডিসেম্বরের আগে যুক্তরাষ্ট্রে এসেছেন, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এবং ধারাবাহিকভাবে ফেডারেল ও স্টেট আইন মান্য করেছেন, প্রয়োজনীয় ট্যাক্স পে করেছেন, চাকরি করেছেন অথবা স্কুলে পড়েছেন তারা আবেদন করতে পারবেন। এর জন্য ৭,০০০ ডলার পে করতে হবে।

ডিগনিটি এ্যাক্টে বলা হয়েছে, কোয়ালিফাই করা আবেদনকারীরা ওয়ার্ক অথরাইজেশন পাবেন, ৭ বছরের মধ্যে তাদের ডিপোর্ট করা হবে না, তবে এই ৭ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে ফিরে আসতে পারবেন। ৭ বছর তারা কোনো অপরাধে না জড়িত হলে এবং অন্যান্য নিয়মকানুন মেনে চললে তারা ওয়ার্ক অথরাইজেশন নবায়ন করতে পারবেন। তবে তারা কখনোই গ্রিনকার্ড বা সিটিজেনশিপ পাবেন না। যারা ওয়ার্ক অথরাইজেশন পাবেন তাদের কাউকে ফেডারেল পাবলিক বেনিফিট দেয়া হবে না।

আশা করা যায়, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তবে এই খবরগুলো এবং আমেরিকার নীতি নির্ধারক ও আইনপ্রণেতা এবং রাজনীতিকদের নির্বাচনউত্তর কর্মকান্ডে বোঝা যাচ্ছে তারা যুক্তরাষ্ট্রে অবস্থানরত আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের জন্য একটি পথ তৈরি করতে চাচ্ছেন, যদিও রিপাবলিকানরা তাদের নীতি অনুসারে একটি সংকীর্ণ পথ তৈরি করবেন, আর ডেমোক্রেটরা প্রশস্ত পথ। কিন্তু ইমিগ্রেশন বিষয়ে কিছু একটা যে হতে যাচ্ছে তা বোঝা যায়। ইমিগ্রেশন নিয়ে দীর্ঘ ভয়—ভীতি ও আশংকার পর হয়ত এটা আশার আলো।

Related Posts