সহযাত্রী || দিলওয়ার আরিফ

প্লেনের মাঝের আসনটি নিয়ে অভিকের সারা জীবনের অস্বস্তি। জীবনে বহুবার বহু দেশ ঘুরে ট্রাভেল ক্রেডিটে লাখ লাখ মাইল জমা হলেও আজও অভিক কার্ডি বির ‘হিট মি ইন দ্য মিডল’ গানের মতো ‘মিডল সিট’, মানে মাঝের আসনে মানিয়ে নিতে পারেনি। ভ্রমণপিয়াসী অভিকের বিমানযাত্রাকেই অসহ্য মনে হয়। একটা বড় প্লাস্টিকের টিউবে বসে বাইরের খোলামেলা প্রাকৃতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এক ঘণ্টার যাত্রাকেও মনে হয় অনন্তকাল ধরে বুঝি এই বিমান চলছে। তাই পারতপক্ষে অভিক বিমানে উঠতে চায় না। গাড়ি নিয়ে লং ড্রাইভে আমেরিকা মহাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা তার একটা শখ। বন্ধু এবং পরিবারের সবাই অভিকের এই লং ড্রাইভপ্রীতি নিয়ে প্রায়ই রঙ্গ—তামাশা করে। তাতে কী আসে যায়! এর মধ্যে মাঝের আসনে বসে ঢাকা থেকে টরন্টোর ফ্লাইটে বিশ ঘণ্টার দীর্ঘ যাত্রার কথা ভাবতেই মনে হলো, ‘এমন যদি হতো, আমি পাখির মতো উড়ে উড়ে টরন্টো যাই!’ চাইলেই কি জীবনে সব হয়?

অভিকের এবারের বাংলাদেশ সফরটি ছিল একটি একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার জন্য। প্রায় তিন বছর পর বিনা খরচে দেশে যাওয়ার সুযোগ পেয়েছিল সে। মাত্র এক সপ্তাহের সফরে আসা ও যাওয়ায় চল্লিশ ঘণ্টা বিমানে বসে থাকা, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আবার বিমানে ঘোরা এবং দীর্ঘ বিমানভ্রমণের দুঃসহ যন্ত্রণার কথা বারবার মনে আসা সত্ত্বেও সে দেশে যাওয়ার লোভ সামলাতে পারল না। বিদেশ থেকে বাংলাদেশে যাওয়ার সময়টি যেমন আনন্দদায়ক হয়, ফিরে আসার সময়টি ঠিক তেমন বেদনাদায়ক। যাওয়ার সময় ভাল লাগার অনুভূতির কারণে অনেক বড় কষ্টকেও আর কষ্ট মনে হয় না। ফেরার সময় ঠিক তার উল্টো। এমনিতেই নিজের জন্মভূমি, মা ও বাবা, পরিবারের সবাইকে ছেড়ে আসার কষ্ট। তার ওপর ঢাকা থেকে টরন্টোর বিশ ঘণ্টার যাত্রার কথা মনে হলেই গায়ে জ্বর আসে।

ইচ্ছে করেই পাশের আইল সিটে বসল অভিক। অনেক সময়ই তো কিছু আসন ফাঁকা থাকে। অনেক যাত্রী আসে না। আজও যদি এমন হয়! আজও যদি এই আসনে কোনো যাত্রী না থাকে! যখন এমনটি ভাবছিল, তখনই ঘটল জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ঘটনাটি। কাঁধে জলপাই রঙের ব্যাকপ্যাক আর হাতে একটি ক্যারি অন লাগেজ নিয়ে সুন্দরী এক তরুণীকে এদিকে আসতে দেখে অভিকের মনে ভয় আর সুখানুভূতি মেশানো এক অদ্ভুত অনুভূতি হলো। মেয়েটি ধীর পায়ে এগিয়ে এসে শান্তভাবে দাঁড়াল। ওভারহেড বিনে ব্যাগগুলো রেখে মিষ্টি করে বলল, “দয়া করে আপনি কি একটু সরে বসবেন? এই আসনটি আমার।” অভিক মেয়েটির শান্ত, টানা চোখের দিকে তাকিয়ে হ্যাঁ বা না কোনো উত্তর না দিয়ে ভাল ছেলের মতো মাঝের আসনে সরে বসল।

অনেকক্ষণ কোনো কথা নেই। সবার বোর্ডিং শেষে বিমান আকাশে উড়াল দিলে অভিক মেয়েটির সঙ্গে আলাপ শুরু করল।

“আপনি কি টরন্টো যাচ্ছেন?”

“না, এডমন্টনে যাচ্ছি।”

“বেড়াতে যাচ্ছেন?”

“না, ইউনিভার্সিটি অব আলবার্টায় পড়তে যাচ্ছি।”

“কোন বিষয়ে?” পরপর অভিকের এমন প্রশ্নবাণে সে যে বিরক্ত হচ্ছে, তা তার চোখের চাহনিতেও ধরা পড়ল।

কিছুটা বিরক্তি নিয়েই বলল, “আমি সমাজবিজ্ঞান পড়তে যাচ্ছি।”

এরই মধ্যে কোনো এক ফাঁকে অভিক মেয়েটির নাম জেনে নিয়েছে। কণিকা। বাড়ি সিলেটে। পড়াশোনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বাবা চাকরিজীবী। তারা তিন ভাইবোন। কণিকার ছোট এক ভাই ও এক বোন আছে। ভাই কলেজে পড়ে, বোন স্কুলে। কিছুদিন আগে কণিকা এমএ পরীক্ষা দিয়েছে। ইউনিভার্সিটি অব আলবার্টায় মাস্টার্স করতে যাচ্ছে। আজ সকালে সিলেট থেকে বিমানে ঢাকায় এসেছে। এখন টরন্টোযাত্রায় অভিকের সহযাত্রী। কণিকা অভিকের গন্তব্য ছাড়া আর কোনো বিষয়ে প্রশ্ন করেনি। অভিক নিজে থেকেই বলল,

“আমি আমেরিকায় থাকি। ডেট্রয়েটের ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক।”

কণিকাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। হয়তো খুব ভোরে সিলেট থেকে রওনা দিয়েছে। ঢাকার বিমানবন্দরে হয়তো অনেকক্ষণ বসে ছিল। কিন্তু এই ক্লান্ত অবস্থায়ও কণিকাকে দারুণ লাগছিল। সাহিত্য পড়ানো অভিক মানুষের কথাবার্তা ও অভিব্যক্তি খেয়াল করতে ভালোবাসে। তাই কণিকাকেও মন দিয়ে লক্ষ্য করছিল। কণিকার কথা বলার ধরন দারুণ। খুব ভেবে, মিষ্টি করে কথা বলে। চেহারায় একটা শান্ত ভাব আছে। পাশাপাশি বসেছিল বলে অভিক ডান দিকে ঘাড় কাত করে কণিকার কথা শুনছিল। মনে হচ্ছিল, প্রতিটি শব্দ যেন কাঁকনের মতো রিনিঝিনি করে কানে বাজছে। এরই মধ্যে জানালার পাশের আসনের যাত্রীটি এলেন। তাই কণিকা ও অভিক দুজনকেই উঠে তাঁকে পথ করে দিতে হলো। পাশাপাশি দাঁড়িয়ে অভিক দেখল, কণিকা মাঝারি উচ্চতার, তার কাঁধের কাছাকাছি লম্বা। চুলগুলো নিচু করে খোঁপা বাঁধা। পরনে গাঢ় সবুজ রঙের লম্বা কুর্তি, কালো ট্রাউজার ও ধূসর স্নিকার। তার ওপর পরেছে বাদামি রঙের একটি মোটা কোট। অভিকের হাসি পেল। মনে পড়ল, সে যখন আমেরিকায় পড়তে যায়, তখন আগস্ট মাসে ওভারকোট পরে ক্যাম্পাসে যাওয়ায় তার গ্রাজুয়েট ডিরেক্টর কী অট্টহাসিই না হেসেছিলেন! কণিকা হয়তো ঠান্ডার জন্য কোটটি পরেনি। লাগেজের ওজন কমাতেই গায়ে দিয়ে রেখেছে। অভিক বলল,

“আপনার এই কোটটি কাজে লাগবে। কানাডার এডমন্টনে তো বেশ ঠান্ডা পড়ে। এটা কোথা থেকে কিনেছেন?”

কণিকা মিষ্টি করে হেসে বলল, “রাজশাহী থেকে।”

এরই মধ্যে কখন অভিকের চোখ বন্ধ হয়ে এল, সে নিজেই জানে না। রাত প্রায় শেষ হয়ে এসেছে। সারাদিন ঢাকা থেকে বগুড়ায় গ্রামের বাড়িতে যাওয়া ও আসার ধকলে অভিক ভীষণ ক্লান্ত। চোখ বুজে আসছে। বিমানবালারা খাবার নিয়ে এলেও ঘুমের কারণে অভিক কিছুই খায়নি। সেই দুপুরে গ্রামের বাড়িতে খেয়েছে। এরপর বিমানে ওঠার আগে বিমানবন্দরে একটা প্যাটিস ও মাঠা খেয়েছিল। হয়তো ঘণ্টাখানেক ঘুম হয়েছে। আধো ঘুমের মধ্যে অভিক ডান হাতে নরম একটি হাতের কোমল স্পর্শ অনুভব করল। ভালো লাগার শিহরণ জাগতেই ডান দিকে তাকাল। কণিকা মুখে দুষ্টু একটা হাসি নিয়ে বলল,

“আপনার ঘুম ভাঙল? কই, আপনি তো কিছুই খেলেন না!”

অভিক ভাবল, একটু আগে সে কি কোনো স্বপ্ন দেখেছে? নাকি কণিকা সত্যিই হাতের আলতো ছোঁয়ায় তাকে ডেকে ঘুম ভাঙাল? এসব ভাবতে ভাবতে অভিক কণিকার দিকে কৃতজ্ঞতা আর ভাল লাগা মেশানো এক অনুভূতি নিয়ে তাকিয়ে বলল,

“না, খেতে ভাল লাগছে না।”

কিছুক্ষণ পর বিমানবালারা খাবারের বাক্সগুলো সরিয়ে নিলেন। বিমানের ভেতরটা এখন আলো আঁধারিতে ঢাকা। অভিক কণিকাকে সিলেটের প্রকৃতি ও আঞ্চলিক ভাষার প্রতি তার দুর্বলতার কথা বলল। সিলেটের নদী আর দেশি মাছের প্রসঙ্গ তুলল।

“আপনাদের ওদিকে সুরমা নদীর মাছ পাওয়া যায়?” অভিকের প্রশ্নের উত্তরে কণিকা বলল, “হ্যাঁ, তবে সব সময় নয়। মৌসুম বুঝে পাওয়া যায়।” কথায় কথায় নদী, বর্ষা আর গ্রামের হাটের গল্প উঠল। অভিক নিজের শৈশবের কথাও মনে করতে লাগল।

মাছের প্রসঙ্গ আসতেই কণিকা জানাল, তার প্রিয় পদ টাকি মাছের ছোট ছোট পোনা দিয়ে ভুনা। কথাটা অভিককে স্মৃতিকাতর করে তুলল। এটি ছিল তার বাবার সবচেয়ে প্রিয় খাবার। কণিকা আরও জানাল, পাঁচ রকমের সবজি দিয়ে তেল ছাড়া শুঁটকি মাছের তরকারিও তার পছন্দ। এটাও অভিকের প্রিয় একটি খাবার। তার মা ছোটবেলায় এভাবে রান্না করতেন। কী যে স্বাদ ছিল সেই খাবারের!

খাবার আর মাছের গল্পের পাশাপাশি অভিক শাহ আবদুল করিম ও হাছন রাজার গানের প্রসঙ্গ তুলল। কণিকাকে জিজ্ঞেস করল, “আপনি এই গানটা শুনেছেন?”

কণিকা কৌতূহল নিয়ে বলল, “কোন গানটা?”

অভিক বলল, “এদিকে একটু কান পাতেন।” কণিকা ঘাড়টা অভিকের দিকে ঘুরিয়ে শুনল। অভিক গাইল, “হবিগঞ্জের জালালি কইতর, সুনামগঞ্জের কুরা, সুরমা নদীর গাঙচিল আমি শূন্যে দিলাম উড়া।”

গান শেষ হলে কণিকা বলল, “বাহ, আপনি তো সুন্দর গান করেন!”

অভিক সিলেটি ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করল, “ও বা শুনা, আফনের বালা লাগছেনি?”

কণিকা বিস্ময় আর আনন্দে চোখ বড় করে বলল, “ওমা, আফনে সিলটি মাতলাইন নি?” হাসতে হাসতে কণিকা কুটি কুটি। অভিক আস্তে করে কণিকাকে বললো,

“আস্তে হাসইন আফনে। আফনে তো সবার গুম বাঙ্গিলিবাইন।”

এবার অভিক আর কণিকা দুজনেই একসঙ্গে হেসে উঠল। তবে কেউ শুনল না। প্রায় সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বিমানের আলো কমিয়ে দেওয়ায় চারপাশ অনেকটা অন্ধকার। ইঞ্জিন আর শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের আওয়াজের মধ্যে অভিক ও কণিকার কথোপকথন আশপাশের আসনের কারও শোনার কথা নয়। দুজনেই ঘাড় কাত করে অনেক কাছাকাছি বসে আছে। একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে। দুজনের মনেই এক ভালো লাগার অনুরণন খেলা করছে।

অভিক ও কণিকা দুজনই বিবাহিত। কণিকার হাতে কয়েকটি আংটি দেখে অভিক জিজ্ঞেস করল,

“আপনার হাত তো হীরের আংটিতে ভরা!” আসলে ঘুরিয়ে অভিক জানতে চাইল, এগুলো বিশেষ কেউ দিয়েছে কি না। কণিকা নিঃস্পৃহভাবে উত্তর দিল,

“না, বিভিন্নজনের কাছ থেকে উপহার পেয়েছি।”

অভিক বিবাহিত কি না, এ ব্যাপারে কণিকা কোনো প্রশ্ন করেনি। তবে জানতে চেয়েছিল, আমেরিকায় তার পরিবারের আর কেউ থাকে কি না।

বিবাহিত হওয়া সত্ত্বেও কণিকার বাচনভঙ্গি, ধীর লয়ে মেপে মেপে কথা বলা, গড়ন ও মিষ্টি হাসি মিলিয়ে অভিক যেন তার মধ্যে স্বপ্নের মানবীকে খুঁজে পেল। জোরে ও তীক্ষè স্বরে কথা বলা অভিকের অসহ্য লাগে। অথচ তার আশপাশের প্রায় সব নারীই উঁচু স্বরে কথা বলে। তাই কণিকার মধ্যে হয়তো সে তার মনের কাক্সিক্ষত নারীকে দেখেছে।

বিশ ঘণ্টার বিমানযাত্রায় অভিক কণিকাকে অনেক গান শোনাল। কণিকাও অনেক গানে তার সঙ্গে সুর মেলাল। অভিক বলল,

“এই গানটায় আমার জীবনের কথা আছে।” কণিকা জিজ্ঞেস করল, “কোন গান?”

অভিক শোনাল সঞ্জীব চৌধুরীর গান, “আমি তোমাকেই বলে দেব, কী যে একা দীর্ঘ রাত, আমি হেঁটে গেছি বিরান পথে।” কণিকাও তার সঙ্গে সুর মেলাল।

বিবাহিত জীবনে চরম অসুখী অভিক হয়তো কণিকার মধ্যে তার শূন্য হৃদয়ের সব কামনা ও বাসনা পূরণের সম্ভাবনা দেখেছে। তার দাম্পত্যে হয়তো অনেক শূন্যতা রয়েছে। তাহলে কি কণিকার জীবনেও কোনো শূন্যতা রয়েছে?

কণিকাকে অভিকের ব্যাপারে বেশ আগ্রহী ও কৌতূহলী মনে হলো। সে জানতে চাইল, “আমেরিকায় আপনার পরিবারের কে থাকে?” অভিক ভাবল, তার পরিবারের আর কেউ থাকে কি না, সেটাই জানতে চাইছে। বলল, “আমার এক ভাই আর এক বোন থাকে। ভাই ওহাইওতে, বোন মিনেসোটায়।”

“ও, আচ্ছা।” কণিকা ঘাড় কাত করে আবার ঘুমানোর চেষ্টা করল।

এভাবে গান, প্রশ্ন ও উত্তর, চোখে চোখ রাখা, কাছাকাছি বসে দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা আর বিমানের দেওয়া কম্বলের নিচে দুজনের উষ্ণ হাতের নীরব কথোপকথনের মধ্যে কখন যে তারা টরন্টো এসে পৌঁছেছে, টেরই পায়নি। বাংলাদেশে যাওয়ার দীর্ঘ যাত্রায় বিশ ঘণ্টা বসে থাকার অসহ্য যন্ত্রণাকে এবারই প্রথম মনে হলো ‘মধুর যন্ত্রণা’। এই বিমানযাত্রা তপন চৌধুরীর সেই গানের কথাই মনে করিয়ে দিল, “আজ ফিরে না গেলেই কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকি জ্বলুক না, চুপিচুপি বসে আরও কিছু না সময়, কিছু না সময়।”

নিজের চেয়ে বয়সে ছোট মেয়েদের প্রতি অভিকের তেমন আগ্রহ নেই। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করায় অনেক ছাত্রীই তাকে পছন্দ করে, কাছে ভিড়তে চায়। কিন্তু এসব ব্যাপারে তার তীব্র অনীহা। তার বয়সী অনেক পুরুষ যেখানে তরুণীদের পছন্দ করে, অভিক সেখানে উল্টো। তার নিজের চেয়ে বয়সে বড় নারীদের পছন্দ। আমেরিকায় কখনো তাঁদের ‘কুগার’ বলা হয়। অভিকের মনে হয়, বয়সে বড় একজন নারী যখন নিজেকে ভালো রাখার জন্য শরীরচর্চা করেন এবং সুন্দরভাবে জীবনযাপন করেন, তখন তা তার কাছে খুব আকর্ষণীয় লাগে। কারণ, সেই নারী জীবনকে উপভোগ করতে চান।

তাই বয়সে ছোট এই মেয়েটির প্রতি এমন আকর্ষণ নিয়ে অভিকের নিজের মনেই প্রশ্ন জাগল। সে বারবার নিজেকে প্রশ্ন করল।

বাংলাদেশে যাওয়ার আগেই অভিকের পরিকল্পনা ছিল, টরন্টো পৌঁছে গাড়ি চালিয়ে সরাসরি ডেট্রয়েটে বাংলাদেশীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবে। কিন্তু এখন কণিকাকে নিয়ে তার চিন্তা হচ্ছে। মেয়েটি প্রথমবার কানাডায় এসেছে। তার ওপর টরন্টো থেকে এডমন্টনে আবার কয়েক ঘণ্টার ফ্লাইট। তাই অভিক সিদ্ধান্ত নিল, কণিকার ইমিগ্রেশনের কাজ শেষ করে তাকে এডমন্টনের ফ্লাইটের পথে এগিয়ে দেওয়া পর্যন্ত সঙ্গে থাকবে। তাছাড়া যতটা সম্ভব কণিকার সঙ্গ চাইছিল সে।

ইমিগ্রেশনে প্রায় চার ঘণ্টা বসে থাকতে হলো। তার ওপর কণিকার দুটি লাগেজের একটি পাওয়া গেল না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। জেট ল্যাগ আর ক্লান্তিতে অভিকের চোখ বুজে আসছে। কণিকা বারবার তাগাদা দিচ্ছিল, “আপনাকে তো আবার অনেকক্ষণ গাড়ি চালিয়ে ডেট্রয়েটে যেতে হবে। ঘুমে আপনার চোখ লাল হয়ে আসছে। আমার আর কোনো সমস্যা হবে না। আপনি চলে যান।” নিজের প্রতি কণিকার এই যত্ন অভিকের ভীষণ ভালো লাগছিল। নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এত লাল কেন?’ কবিতাটি সে কতবার পড়েছে! প্রতিটি শব্দ যেন তার জীবনের সঙ্গে মিলে যায়। তাই কণিকা যখন বলল, “আপনার চোখ লাল হয়ে আসছে,” কথাটা শুনে তার ভীষণ ভালো লাগল।

একটি কফির দোকানে হালকা কিছু খেয়ে অভিক কণিকাকে বিদায় জানাতে চলন্ত সিঁড়ির সামনে এসে দাঁড়াল। একই জায়গায় কয়েকটি প্রেমিক জুটি বিদায়বেলায় একে অপরকে জড়িয়ে ধরছিল।

কণিকা আর অভিক সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছিল। দুজনই একসঙ্গে আরও কাছে এসে একে অপরকে জড়িয়ে ধরল। কতক্ষণ এভাবে ছিল, তার হিসাব রাখেনি। তারপর কণিকা হেসে চলন্ত সিঁড়িতে উঠল। অভিকের দিকে ফিরে তাকাতে তাকাতে ধীরে ধীরে নিজের ফ্লাইটের গেটের দিকে চলে গেল।

Related Posts