টিএলসির গবেষণায় || নিউইয়র্কে ইয়ালো ক্যাব ড্রাইভারদের আর্থিক অবস্থার চিত্র
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ইয়ালো ক্যাব ড্রাইভাররা বর্তমান ভাড়ার ইনকামে জীবনযাপন করতে পারছেন না। তাদের বার্ষিক আয় ৪০,০০০ ডলার থেকে ৫৮,০০০ ডলার। এই আয়ে গাড়ি কেনা, মেইনটেনান্স, গ্যাস, মেডালিয়ান লোন পরিশোধের কিস্তি এবং ইন্সু্যরেন্স প্রিমিয়াম দেয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমন তথ্য দিয়েছে নিউইয়র্ক সিটির ট্যাক্সি এন্ড লিমুজিন কমিশন। তাদের জরিপ এবং গবেষণায় এইসব তথ্য উঠে এসেছে। এরই প্রেক্ষিতে টিএলসি ২০২২ সালে ট্যাক্সি ভাড়া বাড়ায় ১৬%। এই ভাড়া বৃদ্ধির পর ৪ বছরে এখন দ্রব্যমূল্যের উর্ধগতি, গ্যাসের দাম বৃদ্ধিসহ আনুষঙ্গিক অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় নিউইয়র্ক সিটির প্রায় ১৩,০০০ ইয়ালো ক্যাব ড্রাইভার সংকটে পড়েছে বলে স্বীকার করেছে টিএলসি কতৃর্পক্ষ। এই সমস্যার সমাধানে তারা লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট থেকে যাত্রী পিকআপে ফ্লাট রেট ধার্য করার কথা চিন্তা করছে। বর্তমানে জেএফকে এয়ারপোর্ট থেকে ফ্লাট রেটের নিয়ম বলবত রয়েছে।
উল্লেখ্য একদা আকর্ষণীয় আয়ের উৎস হিসাবে ইয়ালো ক্যাব ড্রাইভিং পরিচিত ছিল। কিন্তু ২০১৮ সালে উবার, লিফটের ট্যাক্সিতে নিউইয়র্ক সিটির রাস্তা ভরে গেলে বিপাকে পড়েন ইয়ালো ক্যাব ড্রাইভাররা। আর সে সময় আকস্মিক ট্যাক্সি মেডালিয়ানের দাম অনেক নেমে গেলে ড্রাইভার ও মেডালিয়ান মালিকরা দিশেহারা হয়ে যান। সেই সময় কমপক্ষে ৮ জন ক্যাব ড্রাইভার মেডালিয়ানের মর্গেজ পে করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেন।
টিএলসি এইসব তথ্য তুলে ধরলেও, তারা ভাড়া বাড়ানোর জন্য কোনো প্রস্তাব করেনি এখনো। তবে মেয়র মামদানি নিউইয়র্ক সিটির শ্রমজীবী মানুষদের এবং ট্যাক্সিচালকদের জীবনমান উন্নত করার কথা বললেও ভাড়া বাড়ানোর বিষয়ে স্পষ্ট রূপরেখা দেননি।
মেয়র উবার ও লিফট ড্রাইভারদেরও আয় বাড়ানোর কথা বলেছেন। তিনি বলেন, টিপস পাওয়ার দিক দিয়ে উবার ও লিফট ড্রাইভাররা ইয়ালো ক্যাবের তুলনায় বছরে ৬,০০০ ডলার কম আয় করেন।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়ান্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই বলেন, টিএলসির জরিপ ও গবেষণা থেকে পাওয়া তথ্যে ইয়ালো ক্যাব ড্রাইভারদের আর্থিক অবস্থার যে চিত্র তুলে ধরা হয়েছে বাস্তবে তা আরো খারাপ। টিএলসির এই তথ্য আংশিক সত্য।
