ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস প্রতিবেদনঃ সময়ের হিসেবে আড়াই দিনও গেল না সেঞ্চুরিয়ন টেস্ট। ব্যাটে—বলে হতাশাজনক পারফর্মে ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। এতে সিরিজেও ২—০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম টেস্টে জোহানেসবার্গে ৯ উইকেটে হারার পর এবার সেঞ্চুরিয়নের হারটা আরও বড়। অবশ্য প্রোটিয়াদের মাঠে ইনিংস ব্যবধানে হারটা যেন বাংলাদেশের নিয়মিতই। এ নিয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ম বারের মতো ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ, যার মধ্যে ৬টি প্রোটয়াদের মাঠে। আর সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮ ম্যাচে ১৬টিতেই হারল তারা, ২টি ম্যাচ ড্র, জয়টা এখনো অধরাই। 

কার্যত ইনিংসের হারের শঙ্কা নিয়েই তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন শান্তরা। একাধিক সুযোগে ওপেনিংয়ে দক্ষিণ আফ্রিকায় ৮৭ বলে ৫৮ রানের জুটি গড়ে ২০০২ সালে পচেফস্ট্রুমে আল শাহরিয়ার ও হান্নান সরকারের ৫২ রানের রেকর্ড ছাড়িয়ে যান রবিন ও তানজিদ। কিন্তু জুটি ভাঙার পর ২০ রানের ব্যবধানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ, মুল্ডারের বলে তানজিদ (২৯) ও মুমিনুল হক (০, দক্ষিণ আফ্রিকায় চতুর্থ ডাক) আউট হওয়ার পর মার্কো ইয়ানসেনের বলে আম্পায়ার্স কলে এলবডিব্লিউ হন রবিন (৩৮)। সেশন শেষে ৩ উইকেটে ১০৯ রানে ছিল সফরকারীরা।

তবে মধ্যাহ্ন বিরতির পর আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন তাওহীদ হৃদয়; বিরতির পরপরই আনরিখ নরকিয়াকে চার ও ছক্কা মারার পর কাগিসো রাবাদাকেও সীমানা ছাড়া করেন তিনি। মাত্র ৩৩ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪১ রান করে শান্তর সঙ্গে ৫০ রানের জুটিও গড়েন হৃদয়, তবে রাবাদার বলে গালিতে জুবায়ের হামজার হাতে ক্যাচ দিয়ে ফিরলে সেই প্রতিরোধ থামে। 

আউটের পর হৃদয়ের সামনে গিয়ে উগ্র উদযাপন করেন রাবাদা, যা প্রথম টেস্টের উত্তাপকেই যেন ফিরিয়ে আনে। হৃদয়ের বিদায়ের পর লিটন দাস (২৫ বলে ১৫) ও জাকের আলী (৩ বলে ২) দুজনই মুল্ডারের ভেতরে ঢোকা বলে বোল্ড হলে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। পরের বলেই গোল্ডেন ডাকের শিকার হন শরীফুল ইসলাম, যা দিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পান মুল্ডার এবং দক্ষিণ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। তাসকিন আহমেদ হ্যাটট্রিক ঠেকালেও বেশিক্ষণ টিকতে পারেননি; শান্ত (৩৪) ও তাসকিনকে ফিরিয়ে মোট সাত উইকেট তুলে নেন মুল্ডার, আর শেষ পর্যন্ত ইনিংস ও ২১৯ রানের বড় হার মেনে নিতে হয় বাংলাদেশকে। শেষ ২৬ রানেই ৬ উইকেট হারায় শান্তরা।

এদিকে মুল্ডার ফাইফারের পর আরও ২টি উইকেট নিয়ে গড়েছেন আরেক অনন্য কীর্তি। একই টেস্টে ১০০ রান ও ৭ উইকেট নেওয়া প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তিনি, আর লাল বলের ক্রিকেটের ইতিহাস এটি পঞ্চম ঘটনা। এর সুবাদে ম্যাচসেরার খেতাবটাও জেতেন মুল্ডার। আর দুই টেস্টে দুই দেড়শ’তে ৩০৭ রান করা মার্কেস অ্যাকারম্যান জেতেন সিরিজসেরার পুরস্কার।

এর আগে তৃতীয় দিনের খেলা শুরুর আগেই আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা, যাতে ৪০৩ রানের লিড পায় তারা। টেস্ট ইতিহাসে আগে ব্যাট করে এর আগে ১৩ বার সাড়ে তিনশর বেশি লিড হজম করে কখনোই ইনিংস পরাজয় এড়াতে পারেনি বাংলাদেশ, আর দ্বিতীয় ইনিংসে চারশ পেরোনোর নজির ছিল মাত্র চারবার। প্রথম ইনিংসে ৯১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনে অ্যাকারম্যানের ১৩৮ বলে ১৫০ রানের ঝোড়ো ইনিংস (১৩৭ বলে দেড়শ ছুঁয়ে দ্রুততম দেড়শতে দক্ষিণ আফ্রিকার টেস্ট রেকর্ড), টনি ডি জর্জির ৬৬, উইয়ান মুল্ডারের ১৭৮ বলে ১০০ এবং মার্কো ইয়ানসেনের অপরাজিত ৬৭ রানে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নিয়েছিল স্বাগতিকরা। পরে দ্বিতীয় ইনিংসে আরও একবার বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী, সমীকরণে আরও এক হার। 

মুশফিক ও মুমিনুলের ব্যাটিং সংকট বাড়িয়েছে

একসময় বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের নির্ভরতার প্রতীক ছিলেন মুশফিকুর রহীম ও মুমিনুল হক। ব্যাট হাতে কঠিন পরিস্থিতি সামলে দলকে পথ দেখিয়েছেন বহুবার। অথচ সময়ের পালাবদলে সেই দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটেই এখন রানের খরা। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন মুশফিক। দুই টেস্টেই ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দি মুমিনুল হক। দলের প্রয়োজনে বড় ইনিংস দূরের কথা, উইকেটে থিতু হওয়ার লড়াইটাও যেন ভুলে গেছেন বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের এই দুই স্তম্ভ। সাম্প্রতিক পরিসংখ্যানও তাদের ব্যর্থতার সাক্ষী। সর্বশেষ দশ টেস্ট ইনিংসে মুশফিক ও মুমিনুলের ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি। মুশফিক একটি ফিফটি পেলেও মুমিনুলের ঝুলিতে নেই কোনো অর্ধশতক। এই সময়ে মুশফিকের একটি ইনিংস ছাড়া বাকি নয়টিতেই রান ছিল ৫০—এর নিচে। অন্যদিকে মুমিনুলের শেষ ১২ টেস্ট ইনিংসে নেই কোনো ফিফটি। রান করেছেন মাত্র ১৮ গড়ে। দক্ষিণ আফ্রিকা সফরের চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ১৯ রান, গড় ৪.৭৫। জোহানেসবার্গ টেস্টের দুই ইনিংসে মুমিনুলের সংগ্রহ ছিল শূন্য ও এক। সেঞ্চুরিয়নেও ব্যর্থতার ধারাবাহিকতা ভাঙতে পারেননি তিনি। প্রথম ইনিংসে ৫১ বল মোকাবিলা করে ১৮ রান করার পর উইয়ান মুল্ডারের বলে বোল্ড হন। দ্বিতীয় ইনিংসে ফেরেন কোনো রান না করেই। অর্থাৎ দুই টেস্টের চার ইনিংসেই প্রতিপক্ষ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন এই বাঁহাতি ব্যাটার। মুমিনুলের ব্যর্থতার সবচেয়ে বড় জায়গা বিদেশের মাটিতে। দেশের মাটিতে ৪৫ টেস্টের ৮১ ইনিংসে তার সংগ্রহ ৩৫৪৭ রান, গড় ৪৭.৯৩। অথচ দেশের বাইরে ৩৮ টেস্টের ৭৩ ইনিংসে করেছেন ১৭১৯ রান, গড় মাত্র ২৪.৯১। অর্থাৎ ঘরের মাঠের তুলনায় বিদেশে তার ব্যাটিং গড় প্রায় অর্ধেক। দক্ষিণ আফ্রিকায় চিত্রটা আরও হতাশাজনক। এবারের সফরের আগে দেশটিতে দশ ইনিংসে তার গড় ছিল মাত্র ১০.৬। এবার চার ইনিংসে ১৯ রান যোগ হলেও সেই দুর্বলতা কাটেনি। দেশের মাটিতে প্রায় ৪৮ গড়ে রান করা একজন ব্যাটারের বিদেশে ২৫ গড়ও ধরে রাখতে না পারা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মুশফিকের সামপ্রতিক অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি।

অথচ শেষ দশ ইনিংসে কোনো শতকের দেখা পাননি। একটি ফিফটি ছাড়া বাকি ইনিংসগুলোতে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছেন। অভিজ্ঞতা ও সামর্থ্যের বিচারে মুশফিকের কাছ থেকে দলের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে তার সাম্প্রতিক পারফরম্যান্সের মিল খুঁজে পাওয়া কঠিন। অথচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে এই দুই ক্রিকেটারের অবদান অস্বীকার করার সুযোগ নেই। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরি রয়েছে মুমিনুলের। মুশফিক রয়েছেন সেঞ্চুরির তালিকার শীর্ষে। দীর্ঘদিন ধরে দলের ব্যাটিংয়ের কঠিন দায়িত্ব সামলেছেন তারা। কিন্তু অতীতের সাফল্য দিয়ে বর্তমানের ব্যর্থতা আড়াল করার সুযোগ নেই। বিশেষ করে বিদেশের মাটিতে মুমিনুলের ধারাবাহিক ব্যর্থতা এবং মুশফিকের সাম্প্রতিক রানখরা দল নির্বাচনের আলোচনাকেও সামনে নিয়ে আসছে। সেঞ্চুরিয়ন টেস্টের আগে প্রধান কোচ ফিল সিমন্স মুমিনুলের অভিজ্ঞতার ওপর আস্থা রেখে তাকে আরও সুযোগ দেয়ার পক্ষে কথা বলেছিলেন। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি এই ব্যাটার।

প্রশ্ন উঠেছে, আর কত দিন সুযোগ পেলে বিদেশের মাটিতে নিজের সামর্থ্যের প্রমাণ দেবেন তিনি? একইভাবে মুশফিককেও ফিরতে হবে চেনা ছন্দে। কারণ অভিজ্ঞতার পাশাপাশি দলের প্রয়োজনে রান করাটাই এখন তাদের সবচেয়ে বড় দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে ব্যাটিংয়ের দুর্দশা ছিল চোখে পড়ার মতো। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ দুই ব্যাটারের ব্যর্থতা দলের সংকট আরও বাড়িয়েছে। আগামী সিরিজের আগে মুশফিক—মুমিনুলের জন্য নিজেদের ব্যাটিং নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। অতীতের অর্জন তাদের সম্মান এনে দিয়েছে, কিন্তু বর্তমানের পারফরম্যান্সই ঠিক করবে ভবিষ্যতে দলের ব্যাটিংয়ে তাদের ভূমিকা।

Related Posts