গভর্নর্স আইল্যান্ডে তাজুল ইমামের একক চিত্র প্রদর্শনী || সময়ের ে¯্রাতে জীবন ও গতির ছায়া
ড. জীবন বিশ্বাসঃ বাংলাদেশী—আমেরিকান সব্যসাচী শিল্পী তাজুল ইমামের একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল জুলাই—আগস্টে গভর্নর্স আইল্যান্ডের রেসিডেন্স কর্মসূচির আওতায় বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের বিটুইন রিভার এন্ড হারবর: স্টোরিজ দ্যাট ক্যারি আস শিরোনামে।
শিল্পী তাজুল ইমামের কাছে চিত্রকলা যেন কোনো নির্দিষ্ট বিষয়ের ঘোষণা নয় বরং বেঁচে থাকার দৃশ্যমান দিনলিপি। তিনি তাঁর ছবিকে ‘যাপিত জীবনের প্রাত্যহিক অভিজ্ঞতার দিনলিপি’ হিসেবে তুলে ধরেন যার উৎস বস্তুজগতের রং, রূপ, রেখা, বুনট, আলো—ছায়া ও গতি। বীজের অঙ্কুর থেকে বৃক্ষের জন্ম, সময়ের কাছে বৃক্ষের আত্মসমর্পণ, শরতের মেঘের ধীর ভেসে যাওয়া কিংবা সমুদ্রের ঢেউয়ের অস্থির উচ্ছ্বাসÑপ্রকৃতির এই অবিরাম গতিময়তাই তাঁর চিত্রভাষার অন্তর্গত ছন্দ। গভর্নর্স আইল্যান্ডে অনুষ্ঠিত তাঁর একক প্রদর্শনী সেই দীর্ঘ শিল্পভাবনারই একটি নিবিড় দৃশ্যপাঠ। তাজুল ইমামের কাজকে কেবল সামষ্টিক প্রবাসী প্রেক্ষাপটে আবদ্ধ করলে তাঁর শিল্পের নিজস্ব প্রবণতাটি আড়াল হয়ে যায়। তাঁর প্রধান অনুসন্ধান যেন গতি, অর্থাৎ স্থিরতার মধ্যেও যেন পরিবর্তনের স্মৃতি থেকে যায়।
এই ভাবনাটি প্রায় প্রত্যক্ষ রূপ পেয়েছে ‘অংকুরের স্বপ্ন’ শিল্পকর্মে। উজ্জ্বল হলুদ ও নীল ক্ষেত্রের মধ্যে গাঢ় নীল সীমারেখায় আবদ্ধ বিশাল বেগুনি জৈবাকৃতি ঊর্ধ্বমুখে উঠেছে। তার ভেতরে স্তরে স্তরে পাপড়ি, বীজ কিংবা ভ্রম্নণসদৃশ আকৃতিÑকোনোটিই একক পরিচয়ে স্থির নয়। এখানে অঙ্কুরোদ্গমকে শিল্পী বর্ণনা করেননি বরং ভেতর থেকে বাইরে আসার চাপকে দৃশ্যমান করেছেন। তাঁর নিজের ‘বীজ থেকে বৃক্ষ’ হওয়ার উপমাটি এই ছবিতে যেন রঙের শরীর পেয়েছে।
‘আত্মমগ্নতায়’ সেই গতি বাইরে থেকে সরে গিয়ে জায়গা করে নেয় অন্তরের গহীনে। বন্ধ চোখ বাহ্যজগতের সঙ্গে মুখটির দৃশ্যমান সংযোগ বন্ধ করে দেয় অথচ গাঢ় চুল, দাড়ি এবং বিস্তৃত তুলির টান স্থির মুখটির চারদিকে অবিরাম ঘুরে চলে। শারীরিক স্থবিরতার নিচে যেন চেতনার নিজস্ব স্রোত। আত্মমগ্নতা এখানে নিষ্ক্রিয়তা নয় বরং নিঃশব্দ অন্তর্গতি।
‘এক্যুরিয়াম—১’—এ সেই প্রাণশক্তি আরও ঘনীভূত। অন্ধকার সবুজ—কালো ক্ষেত্রের মধ্যে আগুনরঙা কমলা ও লালের জৈবাকৃতিগুলো পাক খাচ্ছে, বাঁক নিচ্ছে, পরস্পরকে অতিক্রম করছে। শিরোনাম অ্যাকুরিয়ামের ইঙ্গিত দিলেও দৃশ্যমান মাছ খোঁজা জরুরি নয়; মূল বিষয় বরং সীমানার ভেতর আন্দোলনÑআবদ্ধ পরিবেশেও জীবনের প্রবল সক্রিয়তা।
এরপর শিল্পীর দৃষ্টি প্রসারিত হয় ভূদৃশ্যে। ‘গোধূলির রং’—এ ফিকে নীল আকাশ, দূরের লাল—কমলা পাহাড়, গাঢ় মধ্যভূমি, ফিরোজা ও বেগুনি অনুভূমিক স্তর এবং কোমল গোলাপি সম্মুখভাগ মিলিয়ে গোধূলিকে দৃশ্যের চেয়ে বেশি করে তোলে বর্ণমাত্রার রূপান্তর। এখানে সময়কে ঘড়িতে নয়, রঙের পরিবর্তনে মাপা যায়।
‘হেমন্তের জানালা’ আরও সংযত। নীল—ধূসর আকাশ ও মেঘের স্তর ধীরে নেমেছে হলুদ—কমলা দীপ্ত দিগন্তের দিকে; নিচে গভীর লাল—বাদামি ভূমি। হেমন্ত এখানে কেবল ঋতু নয়, উষ্ণতা ও শীতলতা, আলো ও তার ক্ষয়ের মাঝখানে এক স্থগিত মুহূর্ত।
অন্যদিকে ‘ট্রেনের জানালা থেকে’ শিল্পকর্মে স্থির ভূদৃশ্যের মধ্যেই দর্শকের অদৃশ্য গতি উপস্থিত। হলুদ—সবুজ উন্মুক্ত মাঠ, গুচ্ছবদ্ধ বৃক্ষ, বিস্তৃত নাটকীয় মেঘ ও মৃত্তিকার সম্মুখভাগÑসবকিছুই যেন চোখের সামনে এসেই পিছনে সরে যাচ্ছে। ট্রেনটি দৃশ্যমান নয় কিন্তু তার গতিই ছবির দেখার পদ্ধতি নির্ধারণ করে। মুহূর্তের দৃশ্য প্রায় সঙ্গে সঙ্গেই স্মৃতিতে পরিণত হয়।
‘জল পাথরের যুগলবন্দি’—তে নীল ও ফিরোজা স্রোত গাঢ় বাদামি—কালো পাথুরে আকৃতির ভেতর দিয়ে পাক খেয়ে এগোয়। জল ও পাথর এখানে একে অন্যকে দৃশ্যমান করে। পাথর প্রবাহের পথ নির্ধারণ করে, আর জল পাথরের স্থিরতার ওজন বুঝিয়ে দেয়। ‘যুগলবন্দি’ শব্দটির সংগীতগত ইঙ্গিত তাই যথার্থÑপ্রবহমানতা ও স্থিতির একটি দ্বৈত পরিবেশনা।
‘নির্মিত নীরবতা’ শিল্পকর্মে আবার অন্য ধরনের সংযম। দীপ্ত ফিকে আকাশ, গাঢ় কৌণিক পাহাড়ি রেখা, নীল—ধূসর অববাহিকা এবং বিস্তৃত গেরুয়া—কমলা সম্মুখভাগÑখুব আকর্ষণীয় উপাদানে গঠিত দৃশ্য। নীরবতাটি যেন প্রকৃতিতে পাওয়া নয়, ছবির বিন্যাসে নির্মিত। অপ্রয়োজনীয় বিবরণ বাদ দিয়ে রঙের ভারী ক্ষেত্রগুলোকে আলাদা করাই এই নীরবতার স্থাপত্য।
তার বিপরীতে ‘বৃষ্টির পরে’ ভেঙে যায় খণ্ডিত রঙে। গাঢ় নীল—সবুজ পটের ওপর সবুজ, হলুদ, ফিরোজা, গেরুয়া ও কমলার ছোট ছোট জ্যামিতিক অংশ যেন ভেজা আলোয় হঠাৎ তীক্ষè হয়ে উঠেছে। বৃষ্টির দৃশ্য নয়Ñবৃষ্টির পর পৃথিবীকে নতুন চোখে দেখার মুহূর্ত; জল সরে গেছে, কিন্তু তার রেখে যাওয়া দীপ্তি রয়ে গেছে।
প্রদর্শনীর আবেগ সবচেয়ে তীব্র হয়ে ওঠে ‘শেষ প্রশ্বাস’—এ। পরস্পরকে আঁকড়ে থাকা দুটি মানবদেহ গাঢ় বাদামি—কালো রেখায় নির্মিত; নিচে ভাঙা, কর্কশ, ঢেউখেলানো পৃষ্ঠ এবং অল্প কয়েকটি লাল চিহ্ন। শিরোনাম আলিঙ্গনটিকে সময়ের সীমানায় নিয়ে যায়। এটি কেবল প্রেমের দৃশ্য নয়, উপস্থিতি ও অনুপস্থিতির মাঝখানে শরীরের শেষ আশ্রয়ও বটে। স্নেহ, ভয়, নির্ভরতা ও মৃত্যুচেতনা এখানে পরস্পরকে স্পর্শ করেÑকিন্তু কোনো আবেগকেই শিল্পী অতিরঞ্জিত করেন না।
ব্যক্তিগত মৃত্যুচেতনা থেকে ‘স্মৃতিসৌধে সূর্যগ্রহন’ আমাদের নিয়ে যায় সামষ্টিক ইতিহাসের দিকে। জাতীয় স্মৃতিসৌধের ঊর্ধ্বমুখী স্তম্ভগুলো উঠে গেছে বিশাল কালো মহাজাগতিক বৃত্তের দিকে; তার কিনারায় আলোর ক্ষীণ আভা, চারদিকে নীল, বেগুনি, কমলা ও কালোর আবর্ত, নিচে প্রতিফলিত পুনরাবৃত্তি। গ্রহণ আলোকে চিরতরে মুছে দেয় না, সাময়িকভাবে আচ্ছন্ন করে। ছবিটি তাই এমন এক সম্ভাব্য প্রশ্ন তোলেÑঐতিহাসিক স্মৃতিও কি কখনো ছায়ায় ঢাকা পড়ে, অথচ সম্পূর্ণ বিলীন হয় না?
তাজুল ইমামের শিল্পভাষার স্বাতন্ত্র্য এখানেই। তিনি বিমূর্ততা ও অবয়ব, উজ্জ্বল রং ও সংযত বর্ণমাত্রা, প্রকৃতি ও নির্মিত কাঠামো, গতি ও নীরবতার মধ্যে অবিরাম যাতায়াত করেন। চট্টগ্রামে শিল্পশিক্ষা থেকে শুরু করে সত্তরের দশকের প্রদর্শনী, পরে ১৯৮১ সাল থেকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ শিল্পজীবন—এই যাত্রা বহু দশক বিস্তৃত। তাঁর জীবনপ্রবাহ এতটাই বর্ণাঢ্য যে তাঁর প্রতিটি যোগ্যতাই বিস্তারিত লেখার দাবি রাখে। তিনি একজন চিত্রশিল্পী, নকশাকার, অলংকরণশিল্পী, সংগীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তবে তাজুল ইমাম যে পরিচয়ে সবচেয়ে বেশি গর্ব বোধ করেন তা হচ্ছে তাঁর ‘মুক্তিযোদ্ধা’ পরিচয়।
এই প্রদর্শনীর ঐক্য তাই কোনো একক রীতিতে নয় বরং ‘স্থায়িত্বের প্রতি একটানা মনোযোগে’। অঙ্কুর ফোটে, আলো ম্লান হয়, জল পাথর পেরোয়, ট্রেনের জানালা থেকে দৃশ্য সরে যায়, শেষ শ্বাস থেমে আসে, গ্রহণ নামে ইতিহাসের স্মারকের ওপরÑ তাজুল ইমামের শিল্পকর্ম যেন জীবনের প্রতিটি বাঁকেই থেকে যায় দৃশ্যমান।
তাজুল ইমামের তুলি সময়কে থামাতে চায় না। সময় যখন পৃথিবীর ভেতর দিয়ে বয়ে যায়, তার রেখে যাওয়া গতির চিহ্নটুকুই তিনি ধরে রাখেন ছবির মধ্যে।
