সুতোয় বাঁধা জীবন || শফিউল আলম

মায়াদি, আজ এত বছর পরে কেন দেখা দিলে আমার স্বপ্নে? শেষ তোমার সাথে আমার দেখা হয়েছিল, যখন পরনে তোমার লাল পাড়ের সাদা শাড়ি, কপালে নেই সিঁদুর। অবশ্য কোনো সময়েই ছিল না। ও পথে তুমি পা বাড়াওনি ।

আমরা এসে বসেছিলাম পুকুরপাড়ে। তুমি পানিতে পা দোলাতে দোলাতে বলেছিলে, এতদিন পরে তোর মায়াদিকে মনে পড়লো রে ছোট। কোথায় ছিলি এতদিন?

সংসারের পাকে বাঁধা পড়ে গিয়েছিলাম মায়াদি। চলে যেতে হয়েছিল ভিনদেশে।

তোমাকে কি ভুলতে পারি?

সেই ছোট্ট বেলায়। যখন আমার বয়স সাত। কাজলা পাড়ায় দেখতে যেতাম পুতুল নাচ। তোমার হাতের ছন্দে পুতুল গুলো হয়ে উঠতো জীবন্ত।

আমি অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে

দেখতাম।

একদিন, সন্ধ্যা হয় হয়। নাচ শেষ। আমি চুপিচুপি এসে দাঁড়িয়েছিলাম তোমার পাশে। তোমাকে এক নজর দেখবো বলে। তুমি ঘাড় ফিরিয়ে তাকালে আমার দিকে।

আমাকে দুহাত দিয়ে ধরে বলেছিলে,

এই ছোড়া, এখানে কি করিস?

আমি ভ্যা করে কেঁদে দিয়েছিলাম।

এই কাঁদছিস কেন? বলে আমার চোখ মুছিয়ে দিয়েছিলে।

আমি তোমার মুখের দিকে তাকিয়েছিলাম। কি দেখেছিলাম আমি সেদিন তোমার মাঝে? জানিনা।

থাকিস কোথায়? নরম গলায় জিজ্ঞাসা করেছিলে।

চল, তোরে বাসায় পৌঁছে দিয়ে আসি।

সেই দেখা। তারপর কতবার আমি তোমার পাশে বসে এক প্লেট থেকে খেয়েছি।

তুমি মুঠো করে আমার মুখে তুলে দিতে।

তারপর কত সন্ধ্যা পেরিয়ে গেছে। তোমার পাশে বসে আমি তোমাদের গল্প শুনেছি।

আচ্ছা মায়াদি, কেন তুমি ঐ অসভ্য জানোয়ারটাকে ভালোবেসেছিলে। ওকে আমি একদম পছন্দ করতাম না।

আমি তোমার পাশে বসে থাকলে ও কটমট করে আমার দিকে তাকাতো।

সেই বদমাশটা একদিন তোমাকে রেখে চলে গেলো। আমি অনেক কেঁদেছিলাম সেদিন।

আজ কফির কাপটা নিয়ে বারান্দায় বসে তোমার কথাই মনে হচ্ছে। মনে হচ্ছে লিখি তোমাকে নিয়ে। জানি না এই ধরাধামে তুমি আছো কিনা। শেষ যেদিন দেখা হয়েছিল, তোমার সেই রোগা পাতলা শরীর দেখে আমি চমকে

উঠেছিলাম।

— এ কি হাল হয়েছে তোমার?

— বড় দেরি করে এলি রে ছোটো। বলে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে।

তোমার চোখের জলে আমার জামা ভিজে গিয়েছিল।

আজ লিখতে বসে আমার চোখ বারবার জলে ভিজে যাচ্ছে।

মায়াদি, তোমার নামে উৎসর্গ করলাম লেখাটি।

মেলার শেষ রাত।

চারদিকে আলো ঝলমল করছে। নাগরদোলার আলো আকাশের অন্ধকারে ছোট ছোট তারার মতো জ্বলছে। কোথাও বাঁশির সুর, কোথাও বাউলের গান, কোথাও শিশুদের হাসি।

কিন্তু মেলার একেবারে শেষ প্রান্তে, পুরোনো একটি তাবুর সামনে বসে আছে একটি মেয়ে।

তার নাম মায়া।

বয়সÑসতেরো কি আঠারো। পরনে মলিন লাল শাড়ি, কপালে ছোট্ট লাল টিপ। চুলগুলো খোঁপা করে বাঁধা। সামনে কাঠের একটি ছোট মঞ্চ।

মঞ্চের ওপর ঝুলছে কয়েকটি পুতুল।

রাজা, রানী, বেহুলা, লখিন্দর, সাপুড়ে, বাদকÑসবাই যেন নীরব হয়ে অপেক্ষা করছে।

মায়া সুতো হাতে নিল।

ঢোলের শব্দ শুরু হলো।

তার আঙুল একটু নড়তেই রাজা মাথা নাড়ল।

আরেকটু সুতো টানতেই রানী ঘুরে দাঁড়াল।

দর্শকদের মধ্যে হাসির ঢেউ উঠল।

মায়াও হাসল।

কিন্তু সেই হাসির আড়ালে যে কতটা কান্না লুকিয়ে ছিল, তা কেউ জানল না।

মায়ার বাবা ছিলেন পুতুল নাচের শিল্পী।

ছোটবেলায় বাবার হাত ধরে মেলায় মেলায় ঘুরেছে সে। কোনোদিন নদীর পাড়ে, কোনোদিন গ্রামের মাঠে, কোনোদিন শহরের বড় মেলায়।

বাবা পুতুল নাচাতেন, আর মায়া পাশে বসে মুগ্ধ হয়ে দেখত।

একদিন ছোট্ট মায়া বাবাকে জিজ্ঞেস করেছিল,

—বাবা, পুতুলগুলো নিজেরা নাচে না কেন?

বাবা হেসে বলেছিলেন,

—কারণ ওদের সুতো আমাদের হাতে থাকে।

মায়া আবার জিজ্ঞেস করেছিল,

—সুতো কেটে দিলে?

বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন,

—তাহলে পুতুল আর নাচবে না।

মায়া তখন বুঝতে পারেনি কথাটার গভীরতা।

অনেক বছর পরে বুঝেছিল।

মায়ার বাবা মারা গেলেন এক বর্ষার রাতে।

সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাবুর ছাদ দিয়ে পানি পড়ছিল। বাবার বুকের ওপর মাথা রেখে মায়া কাঁদছিল।

বাবা শেষবারের মতো মেয়ের হাতটা ধরে বলেছিলেন,

—পুতুলগুলোকে ছেড়ে যাস না, মা।

মায়া কাঁদতে কাঁদতে বলেছিল,

—আমি পারব না বাবা।

বাবা মৃদু হেসেছিলেন।

—তুই পারবি। পুতুল নাচ শুধু খেলা নয়। মানুষের গল্প বলাতে হয় ওদের দিয়ে।

সেই ছিল বাবার শেষ কথা।

তারপর বাবার হাতটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল।

মায়া বুঝল, পৃথিবীতে তার সবচেয়ে আপন মানুষটি চলে গেছে।

কিন্তু পুতুলগুলো রয়ে গেল।

পরের দিন থেকেই মায়া বাবার জায়গায় বসে পুতুল নাচানো শুরু করল।

প্রথম দিন দর্শক খুব কম ছিল।

কেউ বিশ্বাস করতে চাইছিল না যে একটি মেয়ে পুতুল নাচাতে পারে।

কেউ বলল,

—মেয়েমানুষ আবার পুতুল নাচাবে?

কেউ হাসল।

কেউ বিদ্রুপ করল।

কিন্তু মায়া থামেনি।

সে বাবার পুরোনো পুতুলগুলো পরিষ্কার করল। ছেঁড়া কাপড় সেলাই করল। ভাঙা হাত জুড়ে দিল।

তারপর একদিন মঞ্চে দাঁড়িয়ে বলল,

—আজ আপনাদের একটা গল্প শোনাব।

সেই গল্প ছিল এক মেয়ের।

এক মেয়ে তার বাবাকে হারিয়েছিল।

দর্শকরা শুনছিল।

কিন্তু কেউ জানত নাÑমায়া আসলে নিজের গল্পই বলছে।

দিন যেতে লাগল।

মায়ার পুতুল নাচের খ্যাতি ছড়িয়ে পড়ল।

মানুষ তার নাচ দেখতে আসত।

সে যখন রানীকে নাচাত, মনে হতো রানী সত্যিই হাসছে।

যখন বেহুলা নদীর পথে যাত্রা করত, দর্শকদের চোখে পানি চলে আসত।

আর যখন কোনো পুতুল একা হয়ে মঞ্চের এক পাশে দাঁড়িয়ে থাকত, মায়ার নিজের বুকের ভেতরটাও কেমন যেন শূন্য হয়ে যেত।

কারণ সে জানতÑ

পুতুলের দুঃখ অভিনয়, কিন্তু তার সত্যি দুঃখ।

একদিন মেলায় এল অর্ণব।

শহর থেকে আসা এক তরুণ। হাতে ক্যামেরা।

সে মায়ার পুতুল নাচের ছবি তুলছিল।

নাচ শেষ হলে সে মায়ার কাছে এসে বলল,

—তুমি এত সুন্দর করে পুতুল নাচাও কীভাবে?

মায়া মাথা নিচু করে বলল,

—বাবার কাছ থেকে শিখেছি।

—তোমার বাবা কোথায়?

মায়া একটু থেমে বলল,

—যেখানে গেলে কেউ আর ফিরে আসে না সেখানে।

অর্ণব আর কোনো প্রশ্ন করল না।

সেদিন থেকে সে প্রতিদিন মায়ার পুতুল নাচ দেখতে আসতো।

ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব হলো।

তারপর সেই বন্ধুত্ব একদিন ভালোবাসায় পরিণত হলো।

মায়া বুঝতে পারল, তার জীবনে আবার কেউ একজন এসেছে যে কিনা তার জীবনের সব দুঃখ ঘুচিয়ে দেবে।

সে অর্ণবকে একদিন বলেছিল,

—তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাব।

অর্ণব তার হাত ধরে বলেছিল,

—আমি যাব না।

মায়া বিশ্বাস করেছিল।

কারণ কিছু কিছু মানুষকে আমরা ভালোবাসার চেয়ে বেশি বিশ্বাস করি।

কিন্তু জীবন সব প্রতিশ্রুতি রাখে না।

একদিন অর্ণব শহরে ফিরে গেল।

যাওয়ার আগে বলেছিল,

—কয়েকদিন পর ফিরে আসব।

মায়া অপেক্ষা করল।

এক সপ্তাহ।

দুই সপ্তাহ।

এক মাস।

তারপর খবর এলÑঅর্ণব বিদেশে চলে গেছে।

মায়া অনেকক্ষণ চুপ করে বসে ছিল।

তারপর পুতুলগুলোর বাক্স খুলল।

একটি পুতুল হাতে নিয়ে বলল,

—তুই তো জানিস, অপেক্ষা কত কষ্টের।

পুতুলটি অবশ্য কোনো উত্তর দিল না।

কাঠের পুতুল কী করে উত্তর দেবে?

তবু মায়া মনে করল, পুতুলটি যেন তার দিকে তাকিয়ে আছে।

সেদিন রাতে মায়া প্রথম বুঝল বাবার কথার অর্থ।

সুতো আমাদের হাতে থাকে।

কিন্তু সত্যিই কি থাকে?

তার নিজের জীবনের সুতো কার হাতে?

ভাগ্যের?

সময়ের?

নাকি মানুষের?

সে জানত না।

বছর কেটে গেল।

মায়া এখন বিখ্যাত পুতুলশিল্পী।

শহরের বড় বড় মেলায় তাকে ডাকা হয়।

মানুষ তার পুতুলের অভিনয় দেখে হাততালি দেয়।

কেউ জানে না, প্রতিটি পুতুলের সঙ্গে তার নিজের জীবনের একটা করে গল্প জড়িয়ে আছে।

রাজাÑতার বাবার স্মৃতি।

রানীÑতার মায়ের নিঃসঙ্গতা।

বেহুলাÑতার অপেক্ষা।

লখিন্দরÑতার হারিয়ে যাওয়া ভালোবাসা।

আর একটি ছোট্ট পুতুলÑযেটি সে কাউকে দেখায় না, সেটি তার নিজের।

একদিন মঞ্চে সেই ছোট্ট পুতুলটিকে নিয়ে এল মায়া।

দর্শকরা অবাক।

পুতুলটি একা দাঁড়িয়ে আছে।

তারপর মায়া ধীরে ধীরে সুতো টানল।

পুতুলটি নাচল।

একবার ডানে।

একবার বামে।

তারপর হঠাৎ থেমে গেল।

মায়া সুতো ছেড়ে দিল।

পুতুলটি মঞ্চের ওপর নিথর হয়ে পড়ে রইল।

তাবুর ভেতর নিস্তব্ধতা।

মায়ার চোখে পানি।

Related Posts