প্রয়োজন পরমতসহিষ্ণু রাজনীতি
পৃথিবীর অনেক দেশের, বিশেষ করে তৃতীয় বিশ্বের অনেক দেশে, রাজনীতিতে প্রজ্ঞা হারিয়ে গেছে। দূরদর্শিতা প্রায় অবলুপ্ত। শুধু তৃতীয় বিশ্বের দেশে কেন, এই আমেরিকাতেও রাজনীতির মাঠের নেতৃত্ব এখন প্রায় প্রজ্ঞাশূন্য। কেবল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি শক্ত বলে গায়ের জোরে সব কিছু করা যায় না। জনগণই যে সকল ক্ষমতার উৎস তা মধ্যমেয়াদি নির্বাচনে আবার খানিকটা প্রমাণিত হলো। রাজনীতিতে জনগণকে অস্বীকার করে যা কিছু করার সবচেয়ে বড় দৃষ্টান্ত রাজতন্ত্র হলেও সম্প্রতিকালের মিলিটরি শাসকরা একই কাজ করে গেছে। তারা গণতন্ত্রকে টুটি চেপে ধরে রক্তপাতের মধ্য দিয়ে, আবার কদাচিত রক্তপাতহীনভাবে ক্ষমতা দখল করে। তারপর নানা অধ্যাদেশ জারি করে জনগণের মুখ বন্ধ করে অতঃপর সংবিধান স্থগিত রেখে স্বেচ্ছাচারিতায় দেশ শাসন করে। ল্যাটিন আমেরিকা থেকে আফ্রিকা থেকে এশিয়ার দেশে দেশে মিলিটারি স্বৈরশাসকদের একই চেহারা। নিকোলো ম্যাকিয়েভেলি তার ‘দ্য প্রিন্স’ বইতে যে ঘৃণিত সত্যকে তুলে ধরতে চেয়েছেন, বিশ্বজুড়ে একনায়কতান্ত্রিক সরকাররা সেই সত্যকেই শিরোধার্য করে রেখেছে নিজেদের শুধরে না নিয়ে। ১৫৩২ সালে প্রকাশিত হলেও এর বিষয়বস্তু সেই ষোড়শ শতকে ইয়োরোপে ছড়িয়ে পড়েছিল। ম্যাকিয়েভেলির কথিত স্বৈরশাসকদের দুঃসাহসিক, নিষ্ঠুর এবং মারাত্মক শাসন ব্যবস্থা আজও কিভাবে টিকে আছে তা এক আশ্চর্য ঘটনা বটে। তবে স্বীকার করতে হবে, ম্যাকিয়েভেলি রাজতান্ত্রিক ‘প্রিন্স’কে একনায়ক বলেছেন, পরবতীর্তে সেই রাজতন্ত্র ইয়োরোপের অনেক দেশেই জনহিতৈষী রাজতন্ত্রে পরিণত হয়। আর দেশে দেশে মিলিটারি শাসকরা ভন্ড জনসেবক সেজে ক্ষমতা দখল করে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণের ওপর ছড়ি ঘুরিয়ে অবশেষে উর্দি খুলে গণতন্ত্রী সাজে। সেই গণতন্ত্র যে ছদ্মবেশী তা আর গোপন থাকে না। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা একটা তাবেদার শ্রেণী তৈরি করে। শেষ পর্যন্ত তাবেদাররা পেটোয়া বাহিনীতে রূপান্তরিত হয়। মিলিটারি শাসক জনগণকে শিক্ষার ও আদর্শের আলো থেকে দূরে রেখে অনৈতিকতার বলয় তৈরি করে। মিলিটারি শাসন অনেক ক্ষেত্রে সংক্রামক রোগের মত। এক জেনারেল থেকে অন্য জেনারেলের হাতে ক্ষমতার পালাবদল হয়। সচেতন জনগণ একসময় ক্ষুব্ধ হয়ে উঠলে মিলিটারি সরকারের পতন হয় বটে, কিন্তু ততদিনে সেই দেশে না গড়ে ওঠে শিক্ষিত জনসংখ্যা, না গড়ে ওঠে কোনো প্রতিষ্ঠান। ফলে অনেক ঐতিহ্যবাহী দেশের ইতিহাস—ঐতিহ্য হারিয়ে যায়। পরবতীর্ পর্যায়ে যদিও বা বেসামরিক সরকার ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নষ্ট মানুষদের সাথে মিশে যায় পূর্বতন সামরিক সরকারের ঐতিহ্য ধরে রেখে। এক্ষেত্রে নতুন এক ধরনের বেসামরিক স্বৈরতন্ত্রের সৃষ্টি হয়। ফলে বিংশ শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশবাদ তছনছ হয়ে গেলেও দু’একটি ব্যতিক্রম ছাড়া কোনো দেশে কোনো গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি।
প্রথম বিশ্বযুদ্ধের আগে উপনিবেশবাদী দেশ পৃথিবী শাসন করেছে, তারা অনেক দেশ দখলও করেছে। অনেক দেশে গিয়ে সেই দেশের আদিবাসীদের সরিয়ে বা শোষণ—নিষ্পেষণ করে নিজেদের দেশ হিসাবে অবলীলায় ঘোষণা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেইসব উপনিবেশবাদীদের অনেকেই নিজেদের গুটিয়ে নিলেও তাদের নানা রোগ—শোক সেসব দেশে রেখে যায়। এইসব শাসনতান্ত্রিক অসুখ—বিসুখ দেশের আইনে অন্তভুর্ক্ত হয়ে যায়।
এরপরের পর্বটি মুখোশধারীদের। কোনো দেশে না গিয়েও ঋণের আবর্তে জড়িয়ে দরিদ্র দেশগুলোকে তাদের জালে আটকে ফেলে। কান ধরে উঠ—বস করানোর মত নানা শর্ত পালনে বাধ্য করে। কলোনিয়ালাইজেশনের এই নতুন ফর্মটির ব্যবহারকারী মূলত পুঁজিবাদী দেশগুলো। যাদের গুরু আমেরিকা। আর আশির দশক পর্যন্ত যে সমাজতান্ত্রিক ব্লক পুঁজিবাদী দেশগুলোর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, তাদের উদ্দেশ্য ছিল পুঁজিবাদী অর্থনীতির বিরুদ্ধাচরণ করে উৎপাদন, বন্টন ও সমতাভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থার স্বপ্ন বিক্রি। কিন্তু সেই স্বপ্নের সবচেয়ে বড় অন্তরায় ছিল সেখানেও একনায়কতান্ত্রিক ব্যবস্থা। যদিও সেই একনায়কতন্ত্রকে রঙিন রাংতায় মুড়িয়ে বলা হয়েছে সর্বহারার একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র যে টেকে না তার প্রমাণ এখানেও দেখা গেল। আর ‘বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস’ শ্লোগান বিক্রি করে দেশে দেশে রক্তের বন্যা বইয়ে দেন চীনের মাও সে তুং। মাও সে তুংএর থিয়োরি আজ চীন বিক্রি না করলেও তারা একনায়কতন্ত্রকে জিইয়ে রেখেছে নিজ দেশে। অবশ্যই বন্দুকের নলেই।
বাংলাদেশে এক সময় সোভিয়েট প্রভাব ছিল প্রবল। সোভিয়েট প্রভাবকে ধূলিসাত করার জন্য চীন বাংলাদেশের আধাবিপ্লবীদের লেলিয়ে দিয়ে পরিস্থিতি অস্থির করে তুলেছিল। তাদের সবচেয়ে বড় ভুল ছিল মিলিটারি শাসকদের পৃ্ঠপোষকতা করা। অস্বাভাবিক মনে হলেও এই লাল বিপ্লবীদের (আজ এদের অনেকেই বলেন তারা ভুল করেছিলেন) সাথে একত্রিত হয় মধ্যপ্রাচ্যের দেশগুলি। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিভ্রান্তি ভারত বিরোধিতা। এই মহৌষধি জনগণকে খাওয়ানো সহজ। এর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলি যেমন দায়ী তেমনই দায়ী চীন ও আমেরিকা। কারণ ভারতের জওহরলাল নেহেরু এক সময় সোভিয়েট ইউনিয়নের সমর্থক ছিলেন (যদিও জোট নিরপেক্ষতার থিয়োরিতে তিনি ছিলেন অন্যতম শরিক)। সে কারণে ভারত বিরোধিতার প্রচারণায় এইসব দেশ বিপুল অর্থ ছড়িয়ে অপপ্রচার ছড়িয়ে বাংলাদেশকে ভারতের বিপক্ষে দাঁড় করাতে চেয়েছে।
এর কারণ অবশ্য শুধু ভারত বিরোধিতা নয়, এর কারণ বাংলাদেশকে রাজনৈতিকভাবে অস্থির করে তোলা, অর্থনীতিকে পঙ্গু করা এবং একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। কিন্তু বাস্তবতা হচ্ছে, যে বৃহৎ দেশটি বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ পরিবেষ্টিত তার সাথে যে শত্রুতা করে টিকে থাকা প্রায় অসম্ভব একথা বাংলাদেশীরা ছাড়া অনেকেই বোঝে। ছোট দেশ হলেও বাংলাদেশীরা অত্যন্ত অভিজ্ঞান সম্পন্ন। তারা স্বাধীনতা চেয়েছে। যুদ্ধ করে স্বাধীনতা এনেছে। তারা গণতন্ত্রের জন্যও অনেক রক্ত ঝরিয়েছে। কিন্তু দেশকে কোনো দেশের হাতে তুলে দেয়ার আগে আবার রক্ত ঝরাতে পিছপা হবে না তা নিশ্চিত। পুরো উপমহাদেশে বাংলাদেশীদের মত এত আত্মবোধসম্পন্ন জাতি আর কোনো দেশে নেই। কিন্তু এক শ্রেণির মানুষ ভারতকে শত্রু বানাতে চাচ্ছে। এরা জানেই না মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর থেকেই এদেশটিকে নিয়ে খেলা চলছে। এই খেলার মূল সূত্রটি হচ্ছে ভূ—রাজনৈতিক। আজ ছলে—বলে—কৌশলে এবং ছদ্মবেশে সরকার পরিবর্তন করে তারা তড়িঘড়ি করে বাংলাদেশকে তাদের বগলদাবা করে ফেলেছে। এর জন্য একজন বেকুব কালিদাসকে দরকার ছিল, তাকে দীর্ঘদিন ধরে বানানো হয়েছে। তার অযোগ্যতা তিনি প্রমাণ করেছেন এই শেষ বয়সে এসে। তিনি কি জানেন না, রেজা শাহ পাহলভী, জেনারেল মার্কোস, সাদ্দাম হোসেন এইভাবে বিক্রি হয়ে গিয়েও শেষ রক্ষা পাননি। তারা মহাশক্তিধর দেশের যাঁতাকলেই আটকা পড়েছেন শেষ পর্যন্ত।
আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। বাংলাদেশকে রক্ষা করতে হলে, আজই সচেতন হতে হবে। যে কোনো সমস্যার সমাধানের পথ বৌদ্ধিক সংলাপ, সংযত আচরণ। অন্য পক্ষকে দমন করার মত পথ থেকে সরে আসা। যত দমন ততই জনগণ ফুঁসে ওঠে। তা আমরা দেখেছি একাত্তরে বাংলাদেশে, সম্প্রতি দেখলাম আমেরিকায়। এ বিষয়ে সবচেয়ে বেশি দায়িত্ব যারা শাসক শ্রেণি তাদের। তাদের প্রজ্ঞা ও দূরদর্শিতা, সংযম ও সহনশীলতা, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে পারে। মনে রাখা খুবই জরুরী সংহার সংহার বাড়ায়, প্রতিহিংসা প্রতিহিংসা বাড়ায়। আমরা আর প্রতিহিংসার আগুন দেখতে চাই না। আমরা চাই মুক্তিযুদ্ধের আলোয় একটি পরমত সহিষ্ণু সমৃদ্ধ দেশ।
