এক মিলিয়ন ডলার কাল হলো এক অবৈধ ইমিগ্রান্টের
বাঙালী প্রতিবেদনঃ এক মিলিয়ন ডলার লটারি জয় এবং ফেসবুকে তার উচ্ছ্বসিত প্রদর্শন কাল হলো এক আনডকুমেন্টেড ইমিগ্রান্টের। নিউইয়র্ক টাইমস বুধবার বলছে, এল সালভাদরের এক ইমিগ্রান্ট বস্টন এলাকায় দশ ডলারের স্ক্র্যাচ কার্ড ঘষে এক মিলিয়ন ডলারের জ্যাকপট পাওয়ার সৌভাগ্য অর্জন করে। ম্যাসাচুসেটস স্টেট লটারি অফিস তাকে চেক দেয় এবং বিশালাকৃতির প্রমোশনাল চেকসহ তার ছবি তোলে। উক্ত ব্যক্তি সেই ছবি তার ফেসবুক পেজে পোস্ট করলে তা ভাইরাল হয়। পোস্টটি সেখানকার আইস দপ্তরের নজরে আসে। তারা গ্রেফতার করে তাকে।
আইসের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, উক্ত ইমিগ্রান্ট ২০১৩ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। ২০১৪ সালে ইমিগ্রেশন জজ তার বিরুদ্ধে ডিপোর্টেশনের অর্ডার দেন। কিন্তু উক্ত ইমিগ্রান্ট এদেশে থেকে যান। ফেসবুকের পোস্ট তাকে শনাক্ত করতে সহায়তা করে।
