এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির থ্যাংকসগিভিং ডে উপলক্ষে ৩০০ পরিবারে খাদ্য বিতরণ
নিউইয়র্ক (ইউএনএ)ঃ থ্যাংকসগিভিং ডে উপলক্ষে বিগত বছরগুলোর মতো এবছরও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নিউইয়র্কের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক। সৌহার্দ্য, সম্প্রীতি আর মানবিকতার বার্তার পাশাপাশি উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সংগঠনটির উদ্যোগে ৩০০ পরিবারের মধ্যে হালাল চিকেনসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর এস্টোরিয়ায় এই খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
থ্যাংকসগিভিং ডে কেবল একটি উৎসব নয়, এটি কৃতজ্ঞতা প্রকাশের দিন এবং একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করারও একটি উপলক্ষ। আর সেই চেতনাকে ধারণ করেই এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির ইউএসএ ইনক এই মানবিক আয়োজন করে বলে কর্মকর্তারা জানান।
সংগঠনের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এ আয়োজনে ৩০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয় হালাল চিকেনের পাশাপাশি আলু, পেঁয়াজ, বেগুন, গাজর, পাস্তা, আপেল, পেঁপেসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী।
কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যান্থম ই›ন্ডিপেন্ডেন্ট লাইসেন্স অব দ্য ব্লু ক্রস ব্লু শিল্ড ইন্সু্যরেন্স—এর কমিউনিটি আউটরীচ ম্যানেজার উইন্ডি ডমিংগাস, মূলধারার রাজনীতিক শামছুল হক, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, কমিউনিট অ্যাক্টিভিষ্ট মনসুর চৌধুরী ও মোহাম্মদ মির্জা।
পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ১১৪তম প্রিসিঙ্কটের অফিসার ক্লেবি ও অফিসার বেলিন।
খাদ্যসামগ্রী বিতরণের সময় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ আহমেদ, দেওয়ান শাহেদ চৌধুরী ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী এবং সদস্য সাব্বির আহমেদ, নুরুল হক, হোসেন আহমেদ, সাদ্দাম হোসেন, উজ্জল মিয়া, শেখ মোহাম্মদ জুলহাস, নাবিলা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করেন।
মো. জাবেদ উদ্দীন জানান, উল্লেখিত কর্মসূচীতে সকল বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির ৩০০ পরিবারের মধ্যে ২০০ পরিবারের মাঝে ২০০ হালাল চিকেন, ৫০টি পরিবারের মাঝে নন হালাল চিকেন এবং ৫০টি পরিবারের মাঝে নন হালাল টার্কি বিতরণ করা হয়। এছাড়াও ৩০টি পরিবারের বাড়ি গিয়ে ৩০টি হালাল চিকেন ও নন হালাল টার্কি সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচীটি সফল করতে সহযোগিতার জন্য অ্যান্থম ই›ন্ডিপেন্ডেন্ট লাইসেন্স অব দ্য ব্লু ক্রস ব্লু শিল্ড ইন্সু্যরেন্স, মুনা সোস্যাল সার্ভিস, নাইন মিলিয়ন রিজন্স ও আলীফ ফার্মেসী’র প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জাবেদ উদ্দীন আরো জানান, আসছে বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে ২০০ পরিবারের শিশুদের মাঝে খেলনা বিতরণের কর্মসূচী গ্রহণ করেছে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইনক। উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মানবিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছে।
