ন্যাসাউ বাংলাদেশী কম্যুনিটির একটি পরিবারকে পঞ্চাশ হাজার ডলার অনুদান প্রদান
নিউইয়র্কঃ লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশী কমিউনিটির (এনবিসি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২২ নভেম্বর রবিবার হিকসভিলের মেহফিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ নির্বাচনে ২০২৭—২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, কমিউনিটি নেতৃবৃন্দ, আজীবন সদস্য, সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ীসহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিসির প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, উপদেষ্টা নূর মোহাম্মদ ও ড. আসাদুর মিয়া, নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা ও পরিচালনা করেন নবনির্বাচিত প্রচার ও গণমাধ্যম সম্পাদক মো. সোহেল রানা। তাঁকে সহযোগিতা করেন নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক শাহেনূর বেগম।
নির্বাচনী কার্যক্রম শুরুর আগে সংগঠনের নতুন ১৯ জন আজীবন সদস্যকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও আজীবন সদস্যপদের সনদ প্রদান করা হয়। কমিউনিটির সেবা ও সংগঠনের দীর্ঘমেয়াদি উন্নয়নে তাঁদের সম্পৃক্ততা এবং সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল একটি অসহায় পরিবারের হাতে ৫০ হাজার ডলারের আর্থিক সহায়তা তুলে দেওয়া। কমিউনিটির সদস্য ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত সহযোগিতায় সংগৃহীত এই অর্থ মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এনবিসির অঙ্গীকারের প্রতিফলন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আওকাত হোসেন খানের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। কমিশনের অন্য সদস্যরা ছিলেন মিজান রহমান, মীর মাহবুব, ফজলুল হক ও শাহজাহান মাহমুদ। নির্বাচনী কার্যক্রম শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ২০২৭—২০২৮ মেয়াদের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোতাসির মিয়া, সিনিয়র সহসভাপতি সৈয়দ জাহিদুল ইসলাম, সহসভাপতি চৌধুরী ফারুকী, মোহাম্মদ হাবিব, আব্দুল আজিজ ও মো. আমিনুল হক, সাধারণ সম্পাদক মো. শামীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ফারুক আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ মো. জিয়াউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসিব হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহেল বাপ্পী, প্রচার ও গণমাধ্যম সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম প্রচার ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ সোহেল রহমান, সাংস্কৃতিক সম্পাদক শাহেনূর বেগম, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক রাফিয়া খান নিশি, ক্রীড়া সম্পাদক মোমিন হুসাইন (মনির), যুগ্ম ক্রীড়া সম্পাদক আজমল হোসেন, নারী বিষয়ক সমন্বয়ক রুমানা আখতার এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ তালুকদার (নাঈম), এস এম জাহাঙ্গীর হোসেন, মো. ফিরোজ আহমেদ ও মাকসুদা ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, নাসাউ বাংলাদেশী কমিউনিটি লং আইল্যান্ডের অন্যতম বৃহৎ বাংলাদেশী কমিউনিটি সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বছরব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তিনি কমিউনিটির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
নির্বাচন ও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংগঠনের উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন, সকল সদস্য, স্বেচ্ছাসেবক, দাতা ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে নাসাউ বাংলাদেশী কমিউনিটি। সংবাদ বিজ্ঞপ্তির।
