নিউইয়র্কে ৫ ডিসেম্বর গৌরিপ্রসন্ন মজুমদারের ১০১তম জন্মউৎসব
আসলাম আহমাদ খানঃ হাজারো কালজয়ী গানের গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার। বাংলাদেশের পাবনার মাটিতে জন্ম নেওয়া বাঙালির এই কৃতি সন্তানের জন্ম উৎসব উদযাপিত হচ্ছে আগামী ৫ ডিসেম্বর, শনিবার জ্যাকসন হাইটসের সানাই পার্টি সেন্টারে। এই দিনটি তার ১০১০তম জন্মদিন। জন্ম উৎসবের উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা, শিল্পী রথীন্দ্রনাথ রায়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত লেখক, বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী এবং প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্ল্যাহ। সভাপতিত্ব করবেন প্রবীণ সাংবাদিক ও সম্পাদক মুহ. ফজলুর রহমান। উপদেষ্টা হিসেবে আছেন নুরুল আমীন বাবু, জাকারিয়া চৌধুরী এবং স্বপন দত্ত।
উৎসবের প্রধান উদ্যোক্তা সাংস্কৃতিক সংগঠক গোপাল সান্যাল জানান, উৎসবের নাম ‘কিছু কথা কিছু গান’ হলেও গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণে এই অনুষ্ঠানে কথা বলবেন নিউইয়র্ক ও অন্যান্য স্টেট থেকে আগত শিক্ষক ও বুদ্ধিজীবীবৃন্দ। সঙ্গীত পরিবেশন করবেন গুণী শিল্পীরা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ও কালজয়ী এই শিল্পীর সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান তিনি।
