প্রতিদিন মাল্টিভিটামিন কি সুস্থতার নিশ্চয়তা?
ডা. সজল আশফাক: অনেকে মনে করেন, প্রতিদিন মাল্টিভিটামিন খেলেই শরীর ভালো থাকবে এবং আয়ু বাড়বে। কিন্তু গবেষণায় এমন প্রমাণ মেলেনি। এনআইএইচ—এর গবেষকরা ৩ লাখ ৯০ হাজারেরও বেশি সুস্থ প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, নিয়মিত মাল্টিভিটামিন গ্রহণের সঙ্গে মৃত্যুঝুঁকি কমার সম্পর্ক নেই।
তবে ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের এই গবেষণা বলছে, এর মানে এই নয় যে ভিটামিনের কোনো গুরুত্ব নেই কিংবা এর কোনো দরকার নেই। নির্দিষ্ট কোনো ভিটামিনের ঘাটতি হলে বা স্বাস্থ্যগত কারণে চিকিৎসক যদি ভিটামিনকে সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করতে বলেন, তখন তা অবশ্যই গ্রহণ করতে হবে। তাই পরীক্ষা বা চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা মাল্টিভিটামিনকে দীর্ঘায়ুর নিশ্চয়তা ভাববেন না।
