আমাদের সামাজিক চুক্তি পোকায় খেয়ে ফেলেছে || আলতাফ পারভেজ
নির্বাচনের এক বছর না পেরোতেই দেশে নানা ধরনের অস্থিরতা। কেন এমন হলো? এ প্রশ্নে নাগরিক বাতাস ভারী হয়ে উঠেছে। হয়তো এ প্রশ্নের কোনো চটজলদি উত্তর নেই। কিন্তু কিছু উত্তর ও সমাধান তো খুঁজে পেতেও হবে।
বাংলাদেশের সমাজে মৌলিক কিছু সমস্যা আছে। কিছু অর্থনৈতিক, কিছু আইনগত, কিছু প্রশাসনিক, কিছু রাজনৈতিক। এসব সমস্যার সামান্যও সমাধান না করে শুধু একটি নির্বাচন হলেই শান্তি আসবে—এমন ভাবা আহাম্মকি। অতীতের অভিজ্ঞতা থেকেও আমরা শিখিনি। বুদ্ধিমানেরা ভুল থেকে শেখেন, আহাম্মকেরা একই ভুল বারবার করেন। আমরা সেই ভুলই করে যাচ্ছি।
নির্বাচন কীভাবে হলো, সেদিকেও ফিরে তাকানো দরকার। শুধু আওয়ামী লীগ নয়, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ অনেকগুলো দল নির্বাচনের বাইরে ছিল। জাতীয় পার্টিও ঠিকভাবে নির্বাচন করতে পারেনি। এসব দলের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের দায়িত্ব জনগণের হাতে দেওয়া দরকার ছিল।
আইন দিয়ে রাজনৈতিক বিষয়ের ফয়সালা করা যায় না। বাংলাদেশে জামায়াত, ভারতে আরএসএস কিংবা ইউরোপে নাৎসিদের এভাবে রাজনীতি থেকে দূরে রাখা যায়নি। আমাদের দিক থেকেও এটি ছিল ভুল চেষ্টা।
তার মানে এই নয় যে, সাধারণ জনগণ বলতে যাদের আমরা বুঝি, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে উতলা হয়ে উঠেছে। কিন্তু এ ধরনের দলগুলো একেকটি ট্রাইবাল গোত্রের মতো। এখন দেশে যদি তথাকথিত শান্তিও বজায় রাখতে হয়, তাহলে এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের একটি চলনসই বোঝাপড়া দরকার। এটাই ন্যূনতম শর্ত।
বর্তমান সংকটকে তাই এক ধরনের গোত্রীয় সহিংসতা বলা যায়। এতে গোত্রের বাইরের মানুষের ইতিবাচক কোনো স্বার্থ নেই। তবে বর্তমান অশান্তির কারণ গোত্রদ্বন্দ্বের চেয়েও গভীর।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও এ সমাজে সহিংসতা কমবে না। কারণ, বাংলাদেশ নামের রাষ্ট্রটিকে কুলীনেরা সম্পদ সংগ্রহের যন্ত্র হিসেবে এমনভাবে ব্যবহার করছেন, যা কাঠামোগতভাবেই সহিংস।
আরও সহজ করে বললে, এখানকার ৫ শতাংশ মানুষ বাকি ৯৫ শতাংশের সঙ্গে নীরবে প্রতিদিন সহিংস আচরণ করছে। এই সহিংসতা অর্থনৈতিক ও মানসিক, দুই দিক থেকেই ঘটছে।
এ নিয়ে বহু উদাহরণ দেওয়া যায়। যেমন, এ দেশের খাদ্যনিরাপত্তার অন্যতম বড় উপাদান ধান—চাল। এর উৎপাদন করেন কৃষকেরা। তাদের সঙ্গে কথা বলে দেখুন, কৃষি উপকরণ কেনার সময় তারা ঠকেন। আবার ফসল বিক্রির সময়ও ন্যায্য দাম পান না। দুই বাজারেই তারা অসহায়। কিন্তু প্রতিবছর ধানের সংগ্রহমূল্য ঠিক করেন কারা? ঢাকার কিছু নীতিনির্ধারক। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকেরা যে ঠকছেন, তা কি প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পেটানোর চেয়ে কম কিছু?
আরও দেখুন, শহরগুলোতে লাখ লাখ গৃহকর্মী কাজ করেন। তারা শ্রম বিক্রি করেন। কিন্তু শ্রম আইনের কোনো সুরক্ষা কি তাদের জন্য আছে? নেই।
মনে করুন, আপনি একজন ভালো গৃহকর্তা। কিন্তু আপনার গৃহকর্মীকে ন্যূনতম কত মজুরি দেবেন, সেটাও জানেন না। কারণ, রাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আইন নেই। গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরিও নির্ধারণ করা হয়নি।
এ দেশে খেটে খাওয়া মানুষের বড় অংশকে সবাই বলে ‘অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক’। এ কথার মানে কী? এর অর্থ হলো, তারা রাষ্ট্র নামের প্রতিষ্ঠানের পুরোপুরি অন্তর্ভুক্ত নন।
আমরা একাত্তরে রাষ্ট্র গঠন করেছি, অথচ এভাবে কোটি কোটি মানুষকে ‘অপ্রাতিষ্ঠানিক’ করে রেখেছি। তারপরও চাইছি, দেশে শান্তি ও স্বস্তি থাকুক। এটা একধরনের দ্বিচারিতা।
একটি রাষ্ট্রে কত রকমের নাগরিক থাকবে? সবার কাছ থেকেই ভ্যাট নিচ্ছেন, কিন্তু কাউকে বলছেন পূর্ণ নাগরিক, কাউকে রাখছেন আংশিক নাগরিক হিসেবে!
আমাদের রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতেই ভুল রয়ে গেল। এমনকি ২০২৪ সালের পরও সেই ভুলগুলো সংশোধন করলাম না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন কিংবা বাজেট প্রক্রিয়ার ওপর জনগণের কর্তৃত্ব নেই। রাষ্ট্রের নানা কর্মকাণ্ডে জনগণকে দর্শকের বেশি কিছু মনে করা হয় না। তাদের শুধু পাঁচ বছর পর এক দিনের জন্য খেলতে ডাকা হয়।
নির্বাচন শেষে ভ্যাট ও করের টাকা কোথায়, কোন খাতে অগ্রাধিকার দিয়ে খরচ করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগও জনগণের নেই। আমরা যখন ডজন ডজন বোয়িং ও যুদ্ধবিমান কিনছি, তখন হামের টিকা না পেয়ে মাসের পর মাস ধরে শত শত শিশু মারা যাচ্ছে। নেতারা যদি মানুষকে জিজ্ঞাসা করতেন, টাকাটা কোথায় বিনিয়োগ করব, হাসপাতালে, নাকি সাবমেরিন কেনায়? তাহলে কী উত্তর পাওয়া যেত?
এটা সত্য যে, বর্তমানে রাষ্ট্রের যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেগুলো নির্বাচিত ব্যক্তিরাই নিচ্ছেন। কিন্তু আমাদের নির্বাচনপ্রক্রিয়াও ত্রুটিপূর্ণ। পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি এ প্রক্রিয়ায় যথাযথভাবে অংশ নিতে পারছে?
জাতীয় সংসদে প্রধান দলগুলো কাদের মনোনয়ন দেবে, তা ঠিক করেন ট্রাইবাল নেতারাই। পুরো বিষয়টিই ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়। অপেক্ষাকৃত দুর্বল জনগোষ্ঠীর মানুষ হয়তো স্থানীয় সরকারের নিচের দিকে নির্বাচনে অংশ নিতে পারতেন।
কিন্তু খেয়াল করুন, স্থানীয় সরকারকে ক্ষমতাই দেওয়া হয় না, এখনো হচ্ছে না। সুদূর চিলমারির কোনো গ্রামে একটি সাঁকো নির্মাণের বিষয়টিও জাতীয় সংসদের কোনো একজন সদস্যের এখতিয়ারের বিষয় করে রাখা হয়েছে।
নির্বাচনের ধরনটাও দেখুন। একজন প্রার্থীর বিরুদ্ধে ৬০ শতাংশ ভোট পড়লেও তিনি নির্বাচিত হয়ে যেতে পারেন। নির্বাচন ব্যবস্থাটাই এমন। তার মানে, কোনো বিজয়ী প্রার্থী তার এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব নাও করতে পারেন। ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ কার্যত অপ্রতিনিধিত্বশীলই থেকে যাচ্ছেন।
এ ধরনের নির্বাচনী ব্যবস্থা যে সমাজে শান্তি আনতে পারবে না, তার অনেক কারণ আছে। দেশের অধিকাংশ মানুষ দরিদ্র, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত। অথচ সংসদ সদস্যদের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই কোটিপতি।
শিল্পাঞ্চলে দিনের পর দিন যে বিক্ষোভ হচ্ছে, তার অর্থনৈতিক কারণের পাশাপাশি কাঠামোগত কারণটিও বুঝতে হবে। শ্রমিকদের পেশাগত স্বার্থের পক্ষে কথা বলার মতো মানুষ সেখানে নেই।
আবার এ কথাও সত্য, নির্বাচনে ওই শ্রমিকদের একাংশও এলাকার বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিলেন। হ্যাঁ, তাদের সেই ভোট দিতেই হয়। তাদের মতামত বৈধভাবেই ছিনতাই হয়ে যায়। নিম্নবর্গের রাজনৈতিক অসচেতনতা ও অসংগঠিত অবস্থার কারণে এমনটা ঘটে। এ কারণেই বলা হয়, নিম্নবর্গ আসলে কথা বলতে পারে না।
ভোটের সময় তাদের পেশাগত স্বার্থ, মজুরি, শ্রম অধিকার কিংবা নাগরিক অধিকারের প্রশ্নগুলো আলোচনাতেই আসে না। তখন সামনে আনা হয় পরিচয়বাদী রাজনীতি। জাতিবাদী ও গোত্রীয় উন্মাদনায় মাতিয়ে তাদের ভোট নিয়ে নেওয়া হয়। তাদের ভাবতে বাধ্য করা হয়, কে তাদের ধর্মের, কে তাদের জেলার, কে ভারতবিরোধী, কে বেহেশতপন্থী, কে কোন তরিকার অনুসারী।
অথচ কে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে, সেই আলোচনা নির্বাচনের সময় আসে না। আসতে দেওয়াও হয় না। কারণ, যাবতীয় প্রচারযন্ত্র কোটিপতি সমাজেরই হাতে। ট্রাইবালদের মালিকানার বাইরে কোনো প্রচারযন্ত্র নেই।
এ অবস্থা হঠাৎ তৈরি হয়নি। স্বাধীনতার পর থেকেই চলছে। ইদানীং অনেকে একে বামপন্থী বা পরিবর্তনবাদীদের ব্যর্থতা হিসেবে দেখছেন। কিন্তু পরিবর্তনবাদীরা ব্যর্থ—এ কথা বলার চেয়ে ডানপন্থীরা সফল বললে পরিস্থিতি বুঝতে সুবিধা হয়।
আশুলিয়া, গাজীপুর কিংবা শ্রীমঙ্গলের জনপ্রতিনিধি একজন শ্রমিক নেতা নন। এটি পরিবর্তনবাদী রাজনীতির ব্যর্থতা নয়।
কিংবা দেখুন, আজকের জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত নারী সদস্য মাত্র সাতজন। আগের সংসদে ছিলেন ১৯ জন, তার আগের সংসদে ২২ জন। নারী সংসদ সদস্যের সংখ্যা কমে যাওয়ার এই ধারাকে কি নারী আন্দোলনের ব্যর্থতা বলবেন? নাকি দেশে, সমাজে ও রাজনীতিতে পুরুষতন্ত্রের প্রভাব হিসেবে দেখবেন?
আজ এত বড় অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়নের দাবিতে জোরালো ভূমিকা না রেখে পূজার সময় মন্দিরের সামনে গরু জবাইয়ে উৎসাহ ও সময় দিচ্ছেন। শিক্ষার্থীরা একটি দেশের ভবিষ্যৎ। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এখন কোনটি জরুরি? শিক্ষার উন্নয়ন ও কর্মসংস্থানের প্রসার, নাকি ধর্মীয় ঠোকাঠুকি? এসব ঘটনা কি প্রগতিশীলদের গাফিলতির ফল, নাকি উগ্র সাম্প্রদায়িকতার সাফল্য?
পরিবর্তনবাদীরা সম্পদের সুষম বণ্টনের কথা বলেন। কিন্তু তা না হয়ে সমাজের ৫ শতাংশ মানুষের হাতে সম্পদ আরও বেশি করে পুঞ্জীভূত হচ্ছে। এখানে সফল বা ব্যর্থ কারা?
২০২৪ সালের জুলাই—আগস্টে বৈষম্যের প্রশ্ন উঠেছিল কেন? এরপর কী ঘটেছে? কোনো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি কয়েক বছর পরপর একই সমাজের ক্ষুধার্ত ও বঞ্চিত মানুষের মিছিলে গুলি চালিয়ে থামাতে হয়, তাহলে সেই দেশ টিকবে?
সুতরাং চলমান অস্থিরতার সমাধান খুঁজতে চিন্তার পরিসর বাড়ানো দরকার। ট্রাইবালিজমের জায়গা থেকে বাংলাদেশকে বের করে আনা জরুরি। এ জন্য প্রথমে স্বীকার করতে হবে, দেশটি হিন্দু—মুসলমান কিংবা বাঙালি—অবাঙালির নয়। দেশটি নাগরিকদের। সবার একটাই পরিচয়—তারা ভ্যাট দেন, কর দেন। এই ভ্যাট ও করের টাকায় রাষ্ট্রযন্ত্র চলে। সুতরাং রাষ্ট্রযন্ত্র কীভাবে চলবে, সে বিষয়ে নাগরিকদের মতামতই চূড়ান্ত হওয়া উচিত।
প্রশ্ন হলো, নাগরিকেরা কী চান, তা বুঝব কীভাবে? মুক্তিযুদ্ধের মূলনীতি দেখুন, ১৯৯০ সালের অভ্যুত্থানকারী ছাত্র সংগ্রাম পরিষদের ১০ দফা দেখুন, ২০২৪ সালের অভ্যুত্থানকারীদের গ্রাফিতিগুলো দেখুন। আন্তর্জাতিক মানবাধিকার সনদ দেখুন। দেখুন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদগুলোও। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে রাষ্ট্রকাঠামোর সংস্কার করতে হবে।
অর্থবহ সংস্কার হলে আমাদের দেশ অভ্যন্তরীণভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবে। তখন কোনো অনির্বাচিত সরকার বিদেশি রাষ্ট্রের সঙ্গে এমন কোনো চুক্তি বা সম্পর্ক করতে পারবে না, যা দেশের জন্য অমর্যাদাকর ও ক্ষতিকর।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ে চুক্তির নামে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যা ঘটেছে, তার ফলাফল এখন সুখকর মনে হচ্ছে না। চুক্তি নিয়ে আলোচনা ও দর—কষাকষি হয়েছে গোপনে। জাতীয় সংসদেও প্রায় কেউ এ নিয়ে প্রশ্ন তোলেননি। এই নীরবতাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? এটা কি জাতীয় ঐক্য?
দেশের জনসমাজে এখন যে সহিংস অসন্তোষ চলছে, তার একটি কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে এই গোপন চুক্তি। কারণ, এর ফলে সমাজে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে দেশের অভিভাবকেরা দেশের সার্বভৌমত্ব নিয়ে আপস করতে পারেন এবং করেছেনও।
এ ধরনের ঘটনা জাতীয় নেতৃত্বের নৈতিক প্রভাব কমিয়ে দিয়েছে। ফলে সমাজের মানুষ আর আইনশৃঙ্খলা মানতে চাইছেন না। রাষ্ট্র পরিচালকেরা এখানে জনগণের নৈতিক কর্তৃত্ব হারাচ্ছেন।
ঠিক এমন সময়ে আমরা কীভাবে এগোব? কিছু সংস্কারের কথা চলছে। সম্প্রতি পুলিশের পোশাক বদলানো হয়েছে। র্যাবের নামও পাল্টানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও পুলিশের পোশাক বদলেছিল। একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর জনগণের বিষয়ে শাসকদের আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল।
পুলিশ বাহিনীর সংস্কার কিংবা প্রশাসনের অন্যান্য সংস্কারকে হাসি—তামাশার বিষয়ে পরিণত করা আত্মঘাতী হতে পারে। ১৭৯২ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি যে বেসামরিক প্রশাসন গড়ে তুলেছিল, তা আজকের স্বাধীন সমাজের জন্য আর উপযোগী নয়। তখন তারা এ দেশে দখলদার ছিল। আজকের স্বাধীন দেশের নাগরিকেরা করের টাকায় প্রভু লালন করবেন কেন?
সংস্কার মানে শুধু পোশাক পাল্টানো নয়। বরং সব প্রতিষ্ঠানের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং এসব প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনা।
আপনি ট্রাইবাল নেতা হয়ে এ প্রশাসনব্যবস্থা টিকিয়ে রাখতে চাইতে পারেন। কিন্তু জনগণের জন্য এটি উপযোগী নয়। একজন নাগরিক রাষ্ট্রকে করও দেবেন, আবার রাষ্ট্রের কর্মকর্তাদের স্যারও বলবেন—এটা কি গ্রহণযোগ্য?
অনেকে বলছেন, দেশে এই মুহূর্তের সংকটের মূল কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা বা তাকে ফিরিয়ে আনা নিয়ে। কিন্তু আজকের সব সমস্যার কারণ আসলে গতকালের ঘটনাবলি নয়।
বাংলাদেশে পুরোনো অনেক মৌলিক সমস্যা রয়েছে। শরীরে পুরোনো ব্যাধি থাকলে তা ক্রমে দুরারোগ্য হয়ে উঠতে পারে। রাজনৈতিক সাহিত্যে মাঝেমধ্যে ‘গৃহযুদ্ধ’ শব্দটি দেখা যাচ্ছে। এটি ভালো লক্ষণ নয়। যুদ্ধ হয় দেশে দেশে। গৃহের মধ্যে যুদ্ধ চলে না। এমন যুদ্ধ হবে আত্মবিনাশী।
শেখ হাসিনার ফেরা বা না ফেরার চেয়েও আজকের ক্ষমতাসীনদের জন্য জরুরি প্রশ্ন হলো, আওয়ামী লীগকে নিয়ে তারা কী করবেন? দলটির কর্মীদের রাজনীতি করার অধিকার দেবেন কি না? বিষয়টি রাজনৈতিক। এর সমাধানও রাজনৈতিকভাবে এগোনোই ভালো।
অনেকে রিকনসিলিয়েশনের কথা বলছেন। তবে রিকনসিলিয়েশন একপক্ষীয় কোনো বিষয় নয়। এমনকি শুধু বিবাদমান ট্রাইবগুলোর মধ্যে সমঝোতা হলেও চলবে না। এখানে শ্রেণিবৈষম্য, সম্পদবৈষম্য ও সাম্প্রদায়িক ঘৃণার চাষাবাদ এতটাই প্রবল যে সেগুলোরও মীমাংসা জরুরি। তা কি হবে? খুব একটা আশাবাদী নই।
