লায়ন্স গভর্নর আসেফ বারীর বর্ণাঢ্য বিদায়
নিউইয়র্কঃ গত ২৭ জুন নিউইয়র্কের অভিজাত ভেন্যু লিওনার্ডস পালাজোতে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৫—২০২৬ কার্যবছরের বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম লায়ন্স জেলা গভর্নর লায়ন আসেফ বারীর সফল বিদায় অভিষেক। লায়ন্স ডিস্ট্রিক্ট ২০—আর ২ এর অন্তর্গত ৪৫টি লায়ন্স ক্লাবের প্রতিনিধিসহ ডিস্ট্রিক্টের প্রাক্তন জেলা গভর্নরগণ, নিউইয়র্কের অন্যান্য লায়ন্স ডিস্ট্রিক্টের গভর্নরসহ নিউইয়র্কস্থ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসেবে নিউইয়র্কের সাবেক মেয়র এরিক অ্যাডামস এই আয়োজনে যোগ দেন।
অনুষ্ঠানের মূল চমক বিদায়ী গভর্নর আসেফ বারীর মাইকেল জ্যাকসন পোশাকে অনুষ্ঠানে উপস্থিতি। এই পর্বের অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব পালন করেন গভর্নর আসেফ বারীর স্ত্রী মুনশাইন লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট মুনমুন হাসিনা বারী।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব লায়নিজমের প্রথানুসারে দুই দেশের জাতীয় সঙ্গীত, প্লেজ অব এলিজেন্স ও লায়ন টোস্টের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন লায়ন আহসান হাবীব। এই পর্বে লায়ন গভর্নর আসেফ বারী বিদায়ী ভাষণ উপস্থাপন করেন। এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মিনী লায়ন মুনমুন হাসিনা বারী, বড় ছেলে লায়ন মুহিব বারী, একমাত্র কন্যা লায়ন সাবাহ বারী ও ছোট ছেলে লায়ন আদিব বারী।
আসেফ বারী তাঁর বিদায়ী ভাষণে একে একে লায়ন জেলা ২০—আর ২ এর কেবিনেট মেম্বার, প্রাক্তন গভর্নর এবং ২০২৫—২০২৬ কার্যবছরে তাঁর পাশে থেকে ডিস্ট্রিক্টকে সফল ও পূর্ণ লায়ন্স ডিস্ট্রিক্টের মর্যাদা অর্জনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর লায়ন্স জেলা ২০—আর ২ এর কাউন্সিল প্রেসিডেন্ট স্টিভ তাঁর বক্তব্যে জেলা গভর্নর আসেফ বারীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বক্তব্যে উল্লেখ করেন আসেফ বারী লায়ন জেলাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অতঃপর বাংলাদেশী কমিউনিটির অতিথিরা আসেফ বারীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্ব ছিল আকর্ষণীয়। এই পর্বে গভর্নর আসেফ বারী রাজার পোশাকে তরবারী নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এই সময় মিলনায়তনে অন্য এক দৃশ্যের অবতারণা হয়।
পরিশেষে অনুষ্ঠানের কনভেনর প্রাক্তন গভর্নর লায়ন মেদাদিসী উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। লায়ন মুনমুন বারী এই অনুষ্ঠান সফল করার জন্য তাঁর টিম লায়ন আহসান হাবীব, লায়ন হাবিবুল বাহার ও লায়ন সাইফুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তির।
