প্রেসিডেন্ট ট্রাম্প, মেয়র মামদানিসহ অন্যদের পক্ষ থেকে || শিশুদের জন্য উপহার প্রায় ৩ হাজার ডলার
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আজ সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি ‘ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্সে’ স্বাক্ষর করবেন। তবে এটা আমেরিকার সেই ২৫০ বছর আগের ডিক্লারেশন নয়, এটি ‘আমেরিকান কিডস’দের অর্থনৈতিক স্বাধীনতার ডিক্লারেশন। এইভাবে লিখে খবরটি দিয়ে এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, এই স্পেশাল ইনভেস্টমেন্ট একাউন্টে যেসব শিশু জন্মগ্রহণ করবে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ৪ বছর সময়কালে, তাদের নামে ১,০০০ ডলার সরাসরি ডিপোজিট করা হবে। তবে অন্য শিশুদের নামেও এই একাউন্ট খোলা যাবে এই ৪ বছরের মধ্যে, যদি তাদের বয়স ১৮’র কম হয় মেয়াদ পূর্ণের দিন। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে এই একাউন্ট কর্মসূচী শুরু হবে। এই দিন থেকে ট্রেজারি ডিপার্টমেন্ট ১,০০০ ডলারের বোনাস ট্রান্সফার করবে উক্ত একাউন্টে। যেসব শিশুর একাউন্টে উক্ত অর্থ ডিপোজিট করা হবে, তারা তাদের একাউন্টের অর্থ তুলতে পারবে না ১৮ বছর হওয়ার আগে। ট্রেজারি ডিপার্টমেন্টের ১০০০ ডলারের পাশাপাশি যে কোনো দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বেচ্ছায় যে কোনো শিশুর বা শিশুদের একাউন্টে যে কোনো পরিমাণ অর্থ জমা দিতে পারবেন। ইতিমধ্যে ডেল টেকনোলজির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল এই খাতে ৬.২৫ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন। আর মাইক্রোন টেকনোলজির সনজয় মেহরোথ্রা ২৫০ মিলিয়ন ডলার দিয়েছেন।
মেয়র জোহরান মামদানি
এদিকে গত মঙ্গলবার নিউইয়র্ক সিটির যে বাজেট পাশ হয়েছে তাতে মেয়র জোহরান মামদানি প্রতিটি কিন্ডারগার্টেন ক্লাসের শিশুর একাউন্টে ১০০০ ডলার ডিপোজিটের কথা বলেছেন। আগে এই অর্থের পরিমাণ ছিল ১০০ ডলার। এই অর্থ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১,০০০ ডলারের মতই, ১৮ বছর বয়সের আগে শিশুরা সেই অর্থ তুলতে পারবে না। এই অর্থ আজকের শিশুদের হাইস্কুল গ্রাজুয়েশনের পরে কলেজ এডুকেশনের জন্য ব্যবহৃত হবে। বাজেটে এই খাতে ৬৪ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।
উল্লেখ্য, সিটি কাউন্সিল বাজেট আলোচনায়, এই খাতে প্রতিটি শিশুর একাউন্টে ৩,০০০ ডলার ডিপোজিটের প্রস্তাব দিয়েছিলেন সিটি কাউন্সিল সদস্যরা। কিন্তু শেষ পর্যন্ত তা ১,০০০ ডলার নির্ধারণ করা হয়।
ধারণা করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১,০০০ ডলার, নিউইয়র্ক সিটির মেয়র মামদানির ১,০০০ ডলার এবং ডেল টেকনোলজিসহ অন্যান্য প্রতিষ্ঠানের ও দানশীল ব্যক্তির পক্ষ থেকে দেয়া অর্থে আরো ১,০০০ ডলার জমা হবে শিশুদের একাউন্টে। সব মিলিয়ে প্রতিটি শিশু প্রায় ৩০০০ ডলার পাবে।
