আয় ৬ লক্ষ ৭০ হাজার ডলার || বাংলাদেশ সোসাইটির সদস্য ৩৫,৩২১
নিউইয়র্ক (ইউএনএ)ঃ বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচন ঘিরে সব মিলিয়ে প্রাথমিক তথ্যে এবার রেকর্ড সংখ্যক ৩৫,৩২১ জন সদস্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে আজীবন সদস্য ১,০২৬ জন, সাধারণ সদস্য ৩৪,২৯৫ জন। সোসাইটির সদস্য নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নানা সমালোচনার মধ্যেই এই সদস্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলো। ৩০ জুন মঙ্গলবার ছিলো সদস্য/ভোটার নিবন্ধনের শেষ দিন। এদিন সোসাইটি অফিসে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে সদস্য নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। বিশেষ করে সোসাইটির আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য দুই প্যানেল ‘সেলিম—আলী’ ও ‘কুনু—ফিরোজ’—এর সমর্থকরাও এই সদস্য নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেন।
সোসাইটির ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো রেকর্ড সদস্য নিবন্ধিত হওয়ায় সোসাইটির নির্বাহী কমিটি এবং বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সোসাইটির ত্রি—বার্ষিক (২০২৭—২০২৯) নির্বাচনের সম্ভব্য সময় ধরে উল্লেখিত সদস্য নিবন্ধন প্রক্রিয়া চলে। এজন্য গত কয়েক মাস ধরেই কমিউনিটিতে সদস্য নিবন্ধন প্রক্রিয়া চলছিলো। নিবন্ধিত সদস্যরাই আগামী নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন এবং ভোট দিতে পারবেন। তবে একজনের সদস্য আরেক করে দেয়ার প্রক্রিয়া নিয়ে কমিউনিটিতে সমালোচনা ও প্রতিক্রিয়া লক্ষণীয়। সচেতন প্রবাসীদের অভিমত ‘যারা সোসাইটির সদস্য/ভোটার হতে আগ্রহী তারা যেন নিজ দায়িত্বেই নিজ অর্থে (সদস্য ফি/চাঁদা) সদস্য হন’। কিন্তু সোসাইটির নির্বাচন ঘিরে প্যানেল প্রক্রিয়ার কারণে অতীতের মতো এবারও দুই প্যানেলের পক্ষ থেকে সদস্য নিবন্ধিত হয়েছেন। ইতিমধ্যেই সোসাইটির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এদিকে নিরাপত্তা (সিকিউরিটি) কমীর্দের উপস্থিতিতে সদস্য নিবন্ধন প্রক্রিয়ার আয়োজন করা হলেও বিভিন্ন ইস্যুতে সোসাইটি অফিসে এক পর্যায়ে হট্টগোল ও বাক—বিতন্ডার সৃষ্টি হয়। পরবতীর্তে সোসাইটির কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিন ৩৩,৫৬৪ জন সদস্য নিবন্ধনের মধ্যে ‘কুনু—ফিরোজ’ প্যানেলের পক্ষ থেকে ১৭,৩৭০ সদস্য নিবন্ধন/ভোটার হওয়ার দাবী করা হয়েছে। অপরদিকে ‘সেলিম—আলী’ প্যানেল থেকে ২৩ হাজারের মতো সদস্য নিবন্ধন করার দাবী করা হয়েছে। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও ৬টার পর যার সোসাইটি অফিসে অবস্থান করেন তাদের কাছ থেকে সদস্য নিবন্ধন করা হয়। ফলে মধ্যরাত পর্যন্ত এই কার্যক্রম চলে।
নির্বাহী কমিটি এবং বোর্ড অব ট্রাস্টির কৃতজ্ঞতা প্রকাশ
এদিকে বাংলাদেশ সোসাইটির নির্বাহী কমিটি এবং বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে এক বিবৃতিতে এবার রেকর্ড সংখ্যক সদস্য নিবন্ধিত হওয়ায় বাংলাদেশী কমিউনিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বুধবার, ১ জুলাই প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে— ‘বাংলাদেশ সোসাইটির নির্বাহী কমিটি এবং বোর্ড অব ট্রাস্টি বাংলাদেশী কমিউনিটির সেই সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে, যারা ৩০ জুনের ভোটার নিবন্ধনের সময়সীমার মধ্যে সোসাইটির সদস্য হিসেবে নিবন্ধন করেছেন। আমরা অত্যন্ত গর্বের সাথে একটি ঐতিহাসিক মাইলফলক উদযাপন করছি। বাংলাদেশ সোসাইটি পরিবারের অংশ হতে মোট ৩৪,৪৬৭ জন সদস্য নিবন্ধন করেছেন; আমাদের প্রিয় এই সংগঠনের ৫০ বছরেরও বেশি সময়ের ইতিহাসে এটিই সদস্য নিবন্ধনের ক্ষেত্রে সর্ববৃহৎ সংখ্যা। সদস্য নিবন্ধন সংক্রান্ত সারসংক্ষেপ— আজীবন সদস্য: ১,০২৬। সাধারণ সদস্য: ৩৪,২৯৫। মোট নিবন্ধিত সদস্য: ৩৫,৩২১।’
