নিউইয়র্ক সিটিতে ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ক্রাইম কমেছে
বাঙালী প্রতিবেদনঃ মেয়র জোহরান মামদানির পক্ষেই রয়েছে নিউইয়র্ক সিটির সার্বিক পরিস্থিতি। ৫৩ বছর পর নিউইয়র্কের বাস্কেটবল টিম নিকস চ্যাম্পিয়ন হওয়ায় অত্যন্ত বর্ণাঢ্য বিজয় উৎসবের আয়োজন করলেন সুষ্ঠুভাবে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চমৎকারভাবে যাবতীয় আয়োজন নিয়ন্ত্রণ করে চলেছেন। সবশেষে একটি ব্যালেন্সড বাজেট পেশ করলেন সিটি কাউন্সিলের সাথে সমঝোতা করে। আর আমেরিকার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ বৃহস্পতিবার সাপ্তাহিক বাঙালীতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানালেন গত বছরের এই সময়ের তুলনায় এ বছরের প্রথমার্ধে নিউইয়র্ক সিটিতে গুলির ঘটনা, গুলিতে হতাহতের ঘটনা এবং মার্ডার ৬% কম হয়েছে। সবচেয়ে ক্রাইম—প্রধান বরো ব্রংক্সে এর হার ১২% কম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছর এই সময়কালে গোলাগুলির ঘটনা ঘটেছে ৩৩৭টি, আর এই বছর ৩২২টি। গত বছর গুলিতে আহতের সংখ্যা ছিল ৩৯৭, আর এ বছর ৩৮১তে নেমে এসেছে। ২০১৭ সালে যেখানে রেকর্ডসংখ্যক মার্ডার হয়, ১৩৬ জন, এ বছর হয়েছে ১২২ জন।
কমিশনার টিশ বলেন, যেসব ক্ষেত্রে ক্রাইম নিয়ে আমরা বেশি সতর্ক থাকি সেসব ক্ষেত্রে এনওয়াইপিডি ক্রাইম কমিয়ে আনতে সক্ষম হয়েছে। যেমন পাবলিক হাউজিং এলাকা। এখানে গত ৬ মাসে হত্যার ঘটনা ঘটেছে ৯টি, গোলাগুলির ঘটনা ঘটেছে ৪৯টি, গোলাগুলিতে আহত হয়েছে ৫১ জন আর চুরি—ডাকাতির ঘটনা ঘটেছে ২৪৪টি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্ক সিটিতে বড় ক্রাইমের ঘটনা কমেছে ৫.৮%। ২০১৯ সালের পর থেকে এ বছর পর্যন্ত বার্গলারি কমেছে ১৫.৮%, চুরি—ডাকাতি কমেছে ১২%, গাড়ি চুরির ঘটনা কমেছে ৯.৭%, গ্রান্ড লারসেনি কমেছে ৪.২%।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তবে হেইট ক্রাইম বেড়েছে ৭.৭%। এর মধ্যে অর্ধেকেরও বেশি ইহুদি—বিরোধী হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে।
